মধ্যরাতে বানের জল গ্রিনরুমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল গফুর হালী। কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী। একসময় চট্টগ্রামের আনাচ-কানাচে ঘুরে বেড়িয়েছেন সুরের সাথিদের নিয়ে। গ্রামীণ সংস্কৃতির বিচিত্র কথা ও অভিজ্ঞতা উঠে এসেছে আলাপচারিতায়। কথা বলছেন নাসির উদ্দিন হায়দারআপনার ছেলেবেলা ও যৌবন কাল তো গ্রামেই কেটেছে, তখনকার দিনে মফস্বলের সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন ছিল? আবদুল গফুর হালী: সেই দিনের সঙ্গে এই দিন মেলানো যাবে না। আমার ছেলেবেলার দিনগুলো আসলে কেটেছে গানের মেলায়। গ্রামে যাত্রা হতো, গাজীর গান হতো, আসত লেটোর দল। লেটো (চট্টগ্রামের ভাষায় নাউট্যা পোয়া) মেয়ের সাজ দর্শকদের মোহিত করত। ‘গাইনের লড়াই’ হতো গাজীর গানে, রাত পোহালেও থামত না কবিয়ালের জোটক। ১৯৪০ ও ৫০-এর দশকে এসব দেখেই তো বড় হয়েছি। গানের জগতে যখন এলেন, তখন আরও কাছ থেকে দেখেছেন চাটগাঁর সংস্কৃতি...।আবদুল গফুর হালী: আমি তো প্রায়ই বলি ‘আমি গাইতে গাইতে গায়েন।’ এটার সঙ্গে মফস্বলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটা যোগ আছে। এখন গ্রামের ছেলেরা ব্যান্ডের আসর জমায়, ব্যান্ডকে আমি খারাপ বলছি না। কিন্তু আমাদের লোকজ-সংস্কৃতি কী তা জানে কয় জনে? ৬০, ৭০ এমনকি ৮০-এর দশকেও গ্রামে গ্রামে চাঁদা তুলে বিচিত্রানুষ্ঠান হতো, নাটক হতো। এখন তো মানুষ সিডি সেট আর টেলিভিশনে হিন্দি সিনেমা দেখে, আঞ্চলিক গান আর নাটক দেখার সময় কই তাঁদের? আপনারা মানে শিল্পীরা শহরে থাকলেও গান-বাজনা করার জন্য গ্রামেই যেতেন বেশি। সেই দিনগুলোর কথা বলেন।আবদুল গফুর হালী: ৭০-এর দশকে সংগীতে যখন আমার নামধাম হলো, শেফালী ঘোষ-শ্যামসুন্দর বৈষ্ণব আঞ্চলিক গান নিয়ে শহর-বন্দর গ্রাম মাতিয়ে তুলল, তখনকার দিনগুলি স্মৃতির মণিকোঠায় চিরদিন থাকবে। আপনারা তো দলবেঁধে গান করতে যেতেন গ্রামে...।আবদুল গফুর হালী: হ্যাঁ, শেফালী, শ্যাম, এম এন আখতার, আমি, লক্ষ্মীপদ আচার্য, শিল্প রানী, কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য্য, কান্তা নন্দীসহ বায়েনদের নিয়ে দলবেঁধে সবাই গান করতে যেতাম। তখনকার দিনে এক রাতে পাঁচ হাজার টাকা ফি দিতে হতো পুরো দলকে। আমরা নাটক নিয়ে, গান নিয়ে কোথায় যাইনি? বাঁশখালী, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, আনোয়ারা, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই—যেখানে গেছি সেখানেই মানুষের ঢল নামত। আঞ্চলিক নাটক মঞ্চায়ন সম্পর্কে বলুন। আবদুল গফুর হালী: আঞ্চলিক নাটক আমি লিখেছি। এম এন আখতার, সঞ্জিত আচার্য্যসহ আরও কেউ কেউ লিখেছেন। আমার লেখা কুশল্যা পাহাড়, গোলবাহার, এমএন আখতারের চুড়িওয়ালা দারুণ জনপ্রিয় ছিল গ্রামগঞ্জে। শহরেও নাটক হতো, ঢাকায়ও গেছি নিজের লেখা নাটক নিয়ে। পংকজ বৈদ্য সুজন ও অঞ্জু ঘোষ এসব নাটকে অভিনয় করে মানুষের মন জয় করত। মনে আছে, আমার একটি নাটক হয়েছিল কক্সবাজারে। নাটকের একটি দৃশ্যে অঞ্জু ঘোষ কলাগাছ ধরে কেঁদেছিল। পরে নাকি সেই কলাগাছের দাম উঠেছিল ১০০ টাকা। ১৯৭৫ সালের ঘটনা এটি। তখন ১০০ টাকার অনেক মূল্য ছিল। গ্রামগঞ্জে অনুষ্ঠান করতে গিয়ে কোনো মজার স্মৃতি আছে? আবদুল গফুর হালী: আছে মানে? কোনটা রেখে কোনটা বলি? একবার পুরো দল নিয়ে আনোয়ারার একটি গ্রামে গান করতে গেছি, নামটা এখন ঠিক মনে নেই। শেফালী-কল্যাণী সবাই আছে। বিলের মাঝে টিনের ঘের দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে। টিকিটের দাম দুই টাকা। গান-বাজনা শুরু হয়ে গেছে। শেফালী মন উজাড় করে গাইছে ‘সূর্য ওডেরলে ভাই লাল মারি...।’ আমি ছিলাম গ্রিনরুমে। হঠাৎ বুঝতে পারলাম পায়ের নিচে পানি। দেখতে না দেখতেই পায়ের পাতা ডুবে গেল। মেয়েরা আতঙ্কে ছোটাছুটি করছে। এরই মধ্যে হাঁটু ডুবে গেল পানিতে। ঘটনা কী? ঘটনা পরে বুঝব, আগে সবাইকে বাঁচতে হবে। সবাইকে নিয়ে মঞ্চের ওপরে উঠে গেলাম। মঞ্চও ডুবল, এখন কী করি? ততক্ষণে শত শত দর্শক যে যেদিকে পারে পালিয়ে গেল। কেউ কেউ রীতিমতো সাঁতার কাটছে রাতের আঁধারে। ঘণ্টা দুয়েক পর পানি কমল। পরে শুনলাম আসল কাহিনি—মৌলবাদীরা ওই অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। জোয়ারের সময় নদীর পাশের বাঁধ কেটে দিয়েছিল। তাতে এই দশা হলো আমাদের!