মন খচখচ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারের বাইরে দাঁড়ানো হারুণ হাওলাদারের ছবিটি দেখে বোঝার উপায় নেই, মুক্তির আনন্দ তিনি কতটা উপভোগ করছেন। পেছনে কারাগারের দরজা, জেলরক্ষী। ক্যামেরার সামনে দাঁড়ানো বর্ষীয়ান হারুন। মুক্তি পাওয়ার পর একচিলতে হাসি কি থাকা উচিত ছিল না তাঁর মুখে? হাসি থাকলেই আমরা বলতে পারতাম, যাক, বিনা দোষে কারাভোগের পর মুক্তির আনন্দে তিনি উদ্ভাসিত।ছবিতে হাসি নেই—এ বিষয়টিকেই মনে হলো তাৎপর্যময়। এই বয়সে বিনা দোষে কারাভোগ করেছেন, তারই প্রতিবাদ যেন হাসিহীন এই মুখ। এত অপমান সহ্য করার পর কেন মুখে হাসি থাকবে? বরং নির্ভার মুখাবয়ব দেখে আমরা হারুণ হাওলাদারের মনে কী কী প্রশ্ন উঠে আসতে পারে, তা ধারণা করে নিতে পারি। বিচারক রায় দিয়েছেন, তাঁর ভাইয়ের ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। ভাইকে ধরতে এসে পুলিশ ধরে নিয়ে গেল তাঁকে। এটা কী করে সম্ভব? আশপাশে কি কেউ ছিল না, পুলিশকে কি বলা হয়নি এই মানুষটির নাম ফারুক হাওলাদার নয়? গ্রেপ্তারের পর তিনি নিজেও কি পুলিশকে নিজের পরিচয় দেননি? যদি দিয়েই থাকেন, তাহলে পুলিশ কী করে একজন নির্দোষ মানুষকে জেলে পুরে ফেলতে পারে? একটা মানুষ তাঁর জীবন থেকে একটি বছর হারিয়ে ফেললেন, এই দায় কি কেউ নেবে না? কেউ দায় না নিলে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এমন গ্যারান্টি কি কেউ দিতে পারে?১২ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত এই প্রতিবেদনটি মন খারাপ করে দেয়। বিশেষ করে হারুণের হাসিহীন দৃষ্টি দেখে মন খচখচ করতেই থাকে।—জাহীদ রেজা নূর