মন খারাপে ফোন নয়

হঠাৎ করেই মন খারাপ? ভাবছেন মোবাইল ফোনটা নিয়ে একটু নাড়াচাড়া করলে তা ঠিক হয়ে যাবে? গবেষকেরা কিন্তু ভিন্ন কথাই বলছেন। তাঁদের দাবি, মন খারাপ থাকলে স্মার্টফোনের ব্যবহারে তা ঠিক হয় না; বরং ঘটে উল্টো ফল।
মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের কলেজ অব কমিউনিকেশন আর্টস অ্যান্ড সায়েন্সের ডিন প্রাবো ডেভিড জানিয়েছেন, নেতিবাচক আবেগ থেকে সাময়িক মুক্তির জন্য মোবাইল ফোনের ব্যবহার মানসিক অবস্থা আরও বেশি খারাপ করে দিতে পারে। এর পরিবর্তে সামনা-সামনি আলোচনা করা, কথা বলা অনেক কাজে আসে।
ডেভিড বলেছেন, ‘আমাদের প্রযুক্তিগত অনেক উন্নয়ন সত্ত্বেও গবেষণায় দেখা গেছে মুখোমুখি অর্থপূর্ণ আলাপচারিতার একটি জায়গা এখনো রয়ে গেছে। বাস্তব জীবনের যোগাযোগের বিকল্প হিসেবে যদি ইলেকট্রনিক যোগাযোগ বেছে নেওয়া হয় সে ক্ষেত্রে সন্তুষ্টির মাত্রা অনেক কম থাকে। মোবাইল ফোন নির্দিষ্ট গণ্ডির বাইরে কাজ করতে পারে না বরং এটি বাস্তবের বিশ্বাস কেড়ে নেয়।’
গবেষকেরা স্মার্টফোনের দু ধরনের ব্যবহার নিয়ে গবেষণা করেছেন। এর একটি হচ্ছে শুধু বিনোদনের জন্য ব্যবহার, আর আরেকটি হচ্ছে মন খারাপের সময় স্মার্টফোনের ব্যবহার। তাঁদের মতে, মন খারাপের সময় স্মার্টফোনের ব্যবহারে সমস্যাই তৈরি হয়। (আইএএনএস)