মন চলেছে ফয়’স লেকে
দুপাশে পাহাড়, মাঝে নীল পানি, তার ওপর ছোট ছোট নৌকা। যেদিকে চোখ যায় নীল-সবুজের মাখামাখি। কোনো গ্রামের নয়, ফয়’স লেকের খুব পরিচিত নৈসর্গিক দৃশ্য এটি। যান্ত্রিক জীবনের এই নগরে একটুখানি প্রশান্তি দেওয়ার লক্ষ্যে ফয়’স লেককে গড়ে তোলা হয়েছে বিনোদনকেন্দ্র হিসেবে। লেকটিকে ঘিরে প্রতিদিন সকাল-সন্ধ্যা পর্যন্ত হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।নগরের পাহাড়তলী এলাকার জাকির হোসেন সড়ক থেকে প্রায় ৬০০ মিটার ভেতরে গেলেই চোখে পড়ে চিড়িয়াখানা। চিড়িয়াখানার পাশ ঘেঁষে এগোতেই চোখে পড়ে ৩৬৫ একর জায়গার ওপর গড়ে ওঠা ফয়’স লেক কমপ্লেক্সের মূল ফটক। প্রথমেই এখান থেকে ৪৫০ টাকা দিয়ে সংগ্রহ করতে হয় প্রবেশ কুপন। প্রবেশ কুপন নিয়ে ভেতরে গেলেই যেন ধাঁধা লাগে চোখে। নানা রঙের গাছ-গাছালিতে ঘেরা পাহাড়। আর একটু সামনে গেলেই পাহাড়ের গায়ে মিশে থাকা লেক আর লেকের দুপাশের প্রকৃতি কেড়ে নেয় মন। মূলত বিনোদনের জন্য ফয়’স লেক কমপ্লেক্সটি গড়ে উঠলেও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি সোনার খনি। এখানে বিনোদনের জন্য আছে আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডস। শিশু-কিশোর এমনকি তরুণ-তরুণীরাও বেবি কেরাওসাল পাইরেট শিপ, ড্রাই স্লাইড, কফি কাপ ও সার্কস ট্রেন-ভ্রমণ করতে দারুণ মজা পায়। লেকের পাশে মজাদার ট্রেন-ভ্রমণের আনন্দই আলাদা। এ ছাড়াও ছোট্টমণিদের জন্য রয়েছে মজার মজার ভিডিও গেমস।নানা ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে অনেকে একা কিংবা সপরিবারে চলে আসেন এখানে।সময়টাকে আনন্দময় করে নিতে অনেকেই চলে যান প্যাডেল বোটে করে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, পাহাড়ের কোল ঘেঁষে। কমপ্লেক্সের বিভিন্ন স্থানে রয়েছে রেস্তোরাঁ ও কফিশপ। অনেকেই রাইডে চড়া ও বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার ফাঁকে ফাঁকে কফিশপে কফি খেতে খেতে আড্ডায় মেতে ওঠেন। কেউ বা ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে। ফয়’স লেকের অন্যতম আকর্ষণ সি ওয়ার্ল্ড। সি ওয়ার্ল্ডে যেতে ২০ মিনিটের পথ পাড়ি দিতে হয় বড় নৌযানে (বিগ বোটে)। এ ছাড়া ফিরোজ শাহ বিশ্ব কলোনির ভেতর দিয়েও যাওয়া যায়। সে ক্ষেত্রে প্রবেশমূল্য নেওয়া হয় ৩০০ টাকা। কমপ্লেক্সের ভেতরে দেখা মেলে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারী-পুরুষের হাসিমুখ। অনেকেই মাতোয়ারা ওয়েভ পুল কিংবা ফ্যামিলি পুলে গা ভাসানোর অন্য রকম আনন্দে।ফয়’স লেক থেকে সি বিচ পুরো এলাকার মনোরম সৌন্দর্য উপভোগ করার এমন সুযোগ কি কেউ হাতছাড়া করতে চায়? এমন সৌন্দর্যপিয়াসী অসংখ্য দর্শনার্থীর একজন গার্মেন্টসকর্মী হোসেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে দেখতে এসেছেন ফয়’স লেকের সুউচ্চ টাওয়ার। তিনি বলেন, ‘বাচ্চারা তাদের বন্ধুদের কাছে গল্প শুনে উৎসুক হয়ে পড়েছে এখানে আসার জন্য। তাদের সখ মেটাতেই আসা। তবে রাইডের দাম বেশি হওয়ায় সব রাইডে ফ্যামিলিসহ চড়তে পারছি না।’সন্ধ্যা হলেই ফয়’স লেক ধরা দেয় আরেক রূপে। অন্ধকারে সামনের পাহাড়গুলোকে মনে হয় কল্পপুরী দৈত্যের মতো। দূর থেকে আলোকসজ্জা দেখে মনে হয়, পার্কজুড়ে চলছে জোনাকির খেলা। শত কর্মব্যস্ততার মধ্যেও কার না মন চায় প্রকৃতি আর প্রযুক্তির মিলনে এমন মনকাড়া সুন্দর পরিবেশে বারবার ছুটে আসতে। ফয়’স লেক কমপ্লেক্সের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ জানান, এখানে রাইডে চড়া কিংবা হ্রদ ভ্রমণ ছাড়াও নাগরিক সমাজ, পরিবার ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক আচার-অনুষ্ঠান আয়োজনেরও ব্যবস্থা রয়েছে। যেমন—মেহেদি, গায়েহলুদ, বিয়ে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বনভোজন, বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মেলন ইত্যাদি। এসবের খরচ নির্ধারিত হয় অংশগ্রহণকারীদের সংখ্যা ও আয়োজনের ব্যাপকতার ওপর। ফয়’স লেকের কটেজ ও সি রিসোর্টে রয়েছে থাকার ব্যবস্থা। সকালের চা-নাশতা, সব রকম রাইডে চড়া ও সি রিসোর্টে এক রাত থাকার জন্য পরিশোধ করতে হয় চার হাজার ৯০০ টাকা। এ ছাড়া রয়েছে শৌখিন মাছ শিকারিদের জন্য মাছ ধরার ব্যবস্থা।