মন চাইলে মেঘ ছোঁয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা বান্দরবানে আছে দেশের সর্বোচ্চ পাহাড় তাজিংডং-কেওক্রাডং, আছে আকাশছোঁয়া চিম্বুক। যেখানে মন চাইলেই মেঘ ছোঁয়া যায়, পানকৌড়ির মতো ডুব দেওয়া যায় পাহাড়চূড়ার হ্রদে। দেখার মতো আরও আছে ১১টি আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, যা দেশি-বিদেশি পর্যটকদের মন কেড়ে নেয়।নৃ-তাত্ত্বিকেরা বান্দরবানকে আদিবাসী জনগোষ্ঠীর জীবন্ত জাদুঘর বলে থাকেন। ভ্রমণপ্রিয় মানুষ জেলা সদরের সীমানা পেরিয়ে দুর্গম থানচির তিন্দু, রেমাক্রি, রুমায় ছুটে যান। স্থানীয় আদিবাসীদের ভাষায় লেইক-বগা লেইক, রাইনক্ষ্যং লেইক ও ত্যজিংডং-কেওক্রাডংয়ের রূপে হারিয়ে যান। এ ঈদে আপনিও যেতে পারেন পর্যটনসুন্দরী বান্দরবানে। মেঘলা পর্যটন: শহরের প্রবেশপথেই পড়ে মেঘলা। একটি ঝরনায় বাঁধ দিয়ে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম হ্রদ। উত্তরে পাথুরে পাহাড়ে পা ফেলতে পারেন। তার পাশেই আদিবাসী গ্রাম, সেখানে দেখা যাবে পাহাড়ি মানুষের সরল জীবনের জলছবি। মেঘলার বড় আকর্ষণ হ্রদ পারাপারের ঝুলন্ত সেতু। এ ছাড়া আছে একটি মিনি চিড়িয়াখানাও। নীলাচল: জেলা শহরের কাছেই প্রায় এক হাজার ৮০০ ফুট পাহাড়ের চূড়ায় গড়ে উঠেছে এটি। পাহাড়চূড়া থেকে বান্দরবান জেলা শহর, সার সার পাহাড় আর পাহাড়ের ঢালে গড়ে ওঠা আদিবাসী গ্রামগুলো দেখলে মনে হয় এসব যেন ছুঁয়ে আছে নীলাচলের আঁচল। স্বর্ণমন্দির: এটি বালাঘাটা পুলপাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। অষ্টধাতু ও সোনা দিয়ে তৈরি করা হয়েছে জাদি। এখানে গৌতমবুদ্ধের ধাতু স্থাপন করা আছে বলে বৌদ্ধদের কাছে অতি পবিত্র স্থান।কীভাবে যাবেন জেলা শহরের বাইরে এক দিনের পরিকল্পনা নিয়ে একসঙ্গে শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরি যাওয়া যায়। পাহাড়ি সড়কে দক্ষ ও অভিজ্ঞ গাড়িচালক এবং ফোর হুইল যানবাহন নিয়ে যাওয়াই ভালো। রাইনক্ষ্যং হ্রদে রুমা বাজার থেকে পায়ে হেঁটে যেতে হবে। সে ক্ষেত্রে এক-দেড় দিন হাঁটতে হতে পারে। বগা হ্রদ, কেওক্রাডং ও তাজিংডং একসঙ্গে ঘুরে আসা যায়। যেতে হবে বান্দরবান থেকে চাঁদের গাড়িতে (জিপ) রুমা কুক্ষ্যংঝিরি। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় রুমা বাজার। রুমা বাজার থেকে আবার চাঁদের গাড়িতে করে বগা হ্রদ। সেখান থেকে হেঁটে প্রথমে কেওক্রাডং ও পরে তাজিংডং পাহাড়। রুমা বাজারের সেনাবাহিনীর ক্যাম্পকে অবহিত করে যাওয়াই ভালো।ঢাকা থেকে সরাসরি বাস ছাড়ে রাতে ডলফিন (কলাবাগান থেকে), ইউনিক, এস আলম ও সৌদিয়া। সকালেও এস আলম ছাড়ে। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাসটার্মিনাল থেকে পূরবী, পূর্বাণী বাস আধঘণ্টা পর পর ছাড়ে। কোথায় থাকবেন: মেঘলায় পর্যটন মোটেল (ফোন-০৩৬১-৬২৭৪১-২) ও হলিডে ইন রিসোর্ট (ফোন ০৩৬১-৮৯৬) রয়েছে। শহরে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। শহরের বাইরে মিলনছড়িতে (০১৫৫৬ ৫৩৯০২২, ০১৭৩০ ০৪৫০৮৩) প্রাকৃতিক পরিবেশে থাকা যায়।