মন চেনে ফোন!

আপনাকে সবচেয়ে ভালো কে জানে? বন্ধু, পরিবারের সদস্য, সঙ্গী নাকি আপনি নিজেই? একদল গবেষকের দাবি, ফোন।
ফোনে কারও সঙ্গে আপনি মিছে হাসি দিচ্ছেন। ভাবটা যেন সবকিছু ঠিকঠাক! অপর প্রান্তে থাকা মানুষটি আপনার মনের খবর জানতে না পারলেও, ফোন কিন্তু সত্যটা জানে।
যুক্তরাষ্ট্রের ইলিনয়েসের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিহেভিয়েরাল ইন্টারভেনশন টেকনোলজিসের গবেষকদের ভাষ্য, স্মার্টফোনের সেনসর ডেটা বিশ্লেষণ করে ব্যবহারকারীর মনের হতাশা চিহ্নিত করা সম্ভব।
‘জার্নাল অব মেডিকেল ইন্টারনেট রিসার্চ’ সাময়িকীতে সম্প্রতি ওই গবেষণাটি প্রকাশিত হয়েছে। ২৮ জনের ওপর গবেষণাটি চালানো হয়।
গবেষকদের দাবি, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দৈনন্দিন ভৌগোলিক অবস্থান চিহ্নিত করে এবং কতক্ষণ ধরে ফোন ব্যবহার করা হয়েছে সেই সময়সীমা বের করে ব্যবহারকারীর বিষণ্নতা চিহ্নিত করা সম্ভব।
গবেষণার ফল অনুসারে, কোনো ব্যক্তি ফোনে যত বেশি সময় ব্যয় করবে, তার বিষণ্ন হওয়ার সম্ভাবনা তত বেশি। ব্যক্তি যদি অধিকাংশ সময় ঘরে কাটায় এবং অল্প কিছু স্থানের মধ্যে তার চলাফেরা হয়, তা হলেও বিষণ্নতার সঙ্গে তার যোগসূত্র আছে। এ ছাড়া সময় মতো বাসা থেকে বের না হওয়া, সময় মতো অফিসে না যাওয়ার মতো দৈনন্দিন কাজে অনিয়মও হতাশার সঙ্গে সংশ্লিষ্ট।
গবেষকেরা বলছেন, বিষণ্ন মানুষ দৈনিক গড়ে ৬৮ মিনিট ধরে ফোন ব্যবহার করে। আর বিষণ্ন নয়, এমন মানুষ গড়ে দৈনিক ১৭ মিনিট ফোন ব্যবহার করে।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, কারও মধ্যে বিষণ্নতার লক্ষণ আছে কি না, মোবাইল সেনসরের ডেটার ওপর ভিত্তি করে তা প্রায় ৮৭ শতাংশ সঠিকভাবে বলে দেওয়া যেতে পারে। কখনো ব্যক্তির নিজের চেয়েও ফোন ভালোভাবে তাঁর হতাশার লক্ষণ চিহ্নিত করতে সক্ষম হতে পারে।
বিষয়টি নিয়ে আরও বৃহৎ পরিসরে গবেষণা হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এই গবেষকেরা।