
কবিগুরুর কথা, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর কেন এত? সত্যি তা-ই। বয়স, শরীরের বয়স তো সংখ্যা বই কিছু নয়। মন বুড়ো না হলেই হলো।
পৃথিবীতে এমন অনেকের উদাহরণ দেওয়া যাবে—বুড়ো খোকারা দারুণ রোমান্টিক, দুরন্ত যৌবন তাঁদের মনে, নতুন আবিষ্কারের নেশায় জগৎকে তোলপাড় করেছেন তাঁরা। তাই শরীর মনে সুস্থ থাকা বড়ই কাম্য সবার জন্য। বয়স যতই হোক, বয়সের বারান্দায় রোদ্দুর পড়বে, আর এক কাপ চা হাতে পত্রিকা পড়তেই হবে পা দুটো নাচিয়ে নাচিয়ে সেই রোদ গায়ে মেখে।
বুড়ো হব, জীবনে নানা পরিবর্তন ঘটবে। প্রিয়জন হারাতে হবে, চাকরি শেষে অবসরে যেতে হবে, সন্তানেরা যাবে দূরে নিজ নিজ ঘরে, কর্মস্থলে, শরীরও বুড়ো হবে; তবু মানিয়ে নিতে হবে সবকিছু।
পেরিয়ে যাবে ষাট, সত্তর, আশি—সত্তরের মুখে ছাই দিয়ে এগিয়ে যাব, একেক বয়সে একেক নতুন আবিষ্কার করব নিজেকে। নতুন জিনিস পাব উপভোগের জন্য, পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াব, শরীরকে রাখব সচল ও সক্রিয়, বন্ধুবান্ধব মিলে আড্ডা জমাব। খুঁজব নতুন কোনো কফি হাউস। বুড়ো হলে মনে জাগে শঙ্কা-ভয়, তা কেন হবে? মনকে শক্ত করে এগিয়ে যাব ‘আমরা করব জয়’। বুড়ো হওয়া মানে রুগ্ণ হওয়া নয়। এমন অনেক বুড়ো আছেন, যাঁরা ভীষণ বীর্যবান ও দুরন্ত। স্বাস্থ্যকর আহার, ব্যায়াম, চাপ মোকাবিলা করে চললে এমন ঈর্ষণীয় বুড়ো হওয়া কঠিন কাজ নয়।
ভুলো মন বুড়ো হলে সবারই হয়। এ নিয়ে ভাবনা কেন? যৌবনে যেমন দ্রুত মনে পড়ত সব, তেমন হবে না তো এখন। বয়সের ছায়া তো কত পড়বেই। মেনে নিতেই হবে। তবে মগজকে খেলালে, কর্মচঞ্চল রাখলে, নতুন কিছু শিখলে মগজ থাকবে তরুণ।
অনেকে মনে করেন বুড়ো হলে নতুন কিছু শেখা যায় না, নতুন কৌশল রপ্ত করা যায় না। আসলে ঘটনা বিপরীত। মধ্যবয়সী লোক ও বৃদ্ধলোক নতুন কিছু শিখতে কম পারঙ্গম নন, নতুন পরিবেশে বেঁচে থাকতেও কম সক্ষম নন। জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা তাঁদের দেয় প্রচণ্ড আত্মবিশ্বাস। পরিবর্তনকে মোকাবিলা করে তাই চলতে হবে। জীবনে আসবে আনন্দ ও চাপ, দুটোই এই বয়সে। নিজেকে দৃঢ় কঠিন রাখতে হবে, বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য বেছে নিতে হবে স্বাস্থ্যকর উপায়। এভাবে সুসময়কে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব, আর অকুতোভয় মুখোমুখি হব মন্দ সময়ের। যা পেলাম জীবনে তাতেই থাকি খুশি। কৃতজ্ঞ থাকি। জানি যত বেশি দিন বাঁচব, ক্ষয়ও হবে বেশি। কাছের মানুষ ও প্রিয়জন হারাব, জীবন হয়ে উঠবে তত মূল্যবান। ‘আমি পাবই’ এমন আশা করব না, তখন যা পেয়েছি তাতেই থাকব তৃপ্ত।
দুঃসময়ে আবেগের প্রকাশ হবেই। একে স্বীকার করে নেব। কঠিন সময়ে হয়তো এমন আবেগের প্রকাশ ঘটেছে, যা যথাযথ নয়। কিন্তু একে চেপে রাখলে মনে হবে ক্রোধ, ক্ষোভ ও বিষণ্নতা। তাই একে স্বীকার করে নিয়ে মোকাবিলা করতে হবে।
সবই কি বদলে দিতে পারব? যা পারব না একে নিয়ে মন খারাপ করা কেন? নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে যা পারি, যেগুলো পারি মন থাক সেগুলোতেই।
সব ব্যর্থতা শেষ কথা নয়। কৃষ্ণমেঘের কিনারে থাকে রুপালি রেখা। আলোর ইশারা। নিজের করা ভুল থেকে শেখার বয়স শেষ হয়ে যায়নি। সমস্যাগুলোকে সুযোগ হিসেবে মেনে নিতে বাধা কেন?
বড় বাধা আসুক, একে সামাল দিতে হবে। হয়তো একটু একটু করে, এক পা এক পা করে পৌঁছে যাব সমাধানের কিনারায়। নিজের প্রতি বিশ্বাস রাখব, মনে হবে আমি দুর্বল নই।
মুক্ত করবই সব ভয়, আপনা মাঝে শক্তি ধরব, নিজেরে করব জয়। হব বুড়ো গৌরবে। লাবণ্যময় হব বুড়ো হওয়া।
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।