মন বসে না অফিসের টেবিলে
মোফাজ্জল হোসেন মায়া নয়, প্রাচীন মায়াদের মতে, ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হওয়ার কথা ছিল। পৃথিবী যে ধ্বংস হয়নি, এই লেখাই তার অন্যতম প্রমাণ। তবে পৃথিবী ধ্বংস না হলেও গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রথম আলোর প্রদায়ক দ্য কন্ট্রিবিউটর বাহিনী প্রযোজিত ‘মন বসে না অফিসের টেবিলে’ শিরোনামের পূর্ণদৈর্ঘ্য পিকনিক। প্রদায়ক দ্য কন্ট্রিবিউটর হলো এমন একটি সম্প্রদায়, যারা পরীক্ষার খাতা, বাজারের ফর্দ, প্রেমপত্র লেখার পাশাপাশি পত্রিকার ফিচার পাতাগুলোও লিখে ভরিয়ে ফেলে। কোনো পিকনিকে অংশ নেওয়ার সবচেয়ে কঠিন দুটো ধাপ হচ্ছে চাঁদা প্রদান এবং যথাসময়ে ঘুম থেকে ওঠা। প্রথম ধাপটি কোনোমতে করা গেলেও ঘুম থেকে যথাসময়ে উঠতে রীতিমতো সংগ্রাম করতে হলো। প্রচণ্ড শীতে কম্বলের মায়া ত্যাগ করে সাড়ে ছয়টায় উঠে পড়া কোনো সহজ কাজ নয়। তার পরও তাওহিদ মিলটনের পুনঃ পুনঃ ফোনে সেই কঠিন কাজটি করা সম্ভব হলো। তাই মিল্টন ভাইকে সবচেয়ে কার্যকর অ্যালার্ম হিসেবে ঘোষণা দিলাম! আমরা মিরপুর থেকে রওনা দেওয়ার সময় নিশ্চিত ছিলাম যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সিমু ভাই এত সকালে উঠবেন না। সিমু ভাই দেশের সেই ব্যক্তিদের একজন, যাঁরা কখনো ভোরে ওঠেন না। ভোরে মোরগ ডাকলেও যিনি ‘চুপ থাক’ বলে আবার ঘুমিয়ে পড়েন! কিন্তু গিয়ে দেখি সিমু ভাই আমাদের আগেই যথাস্থানে উপস্থিত হয়ে আদা চা খাচ্ছেন! আমার পিকনিক ক্যারিয়ারে এই প্রথম যথাসময়ে বাস ছাড়ল। আমরা আনন্দে চিৎকার করে উঠলাম। বাস ছেড়েছে এই কারণে নয়, কিছুক্ষণের মধ্যেই নাশতা দেবে এই খুশিতে। আয়োজক প্রধান পল্লব মোহাইমেন হ্যান্ড মাইকে ঘোষণা দিলেন, ‘বাস মহাখালী পার হয়েছে। আপনারা সকলে সিটবেল্ট বেঁধে নিন। পাশের যাত্রীর দেওয়া কোনো খাবার খাবেন না এবং চালকের সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না।’ একটু পর অতি উপাদেয় নাশতা এল। মিলটন ভাই বললেন, তিনি ডায়েট কন্ট্রোল করছেন, নাশতা খাবেন না। আমি ভাবলাম, মিল্টন ভাই যেহেতু করছেন, তাহলে ডায়েট কন্ট্রোল জিনিসটা বোধ হয় খুবই ভালো কিছু। আমিও নাশতা না খাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাস যখন টঙ্গী পার হয়েছে, তখন রাস্তার পাশের ‘মস্তান হোটেল’ দেখে মনে হলো, সিদ্ধান্তটা ভুল ছিল। মনকে বোঝালাম, ব্যাপার না, আম্পায়ারও ভুল সিদ্ধান্ত দেয়। সবাইকে খেজুরের রস, পিঠা, ফুচকার কুপন দেওয়া হলো। এই কুপনের মাধ্যমে সবই একবার করে খাওয়া যাবে। কিন্তু দুপুরের খাবারের কোনো কুপন নেই। তবে কি এগুলো খেয়েই থাকতে হবে? আমরা করুণ চোখে সিমু ভাইয়ের দিকে তাকালাম। সিমু ভাই ঠিক করলেন কুপন ফটোকপি করবেন, তাহলে অনেকবার খাওয়া যাবে। কিন্তু গাজীপুরের গভীরে অবস্থিত পিরুজালী গ্রামে ফুলকপি, বাঁধাকপির সমারোহ থাকলেও ফটোকপির ব্যবস্থা নেই। তাই তিনি ব্যর্থ হলেন। মূল ভেন্যুতে পৌঁছেই সবার ক্রীড়ামোদী সত্তা মাথাচাড়া দিয়ে উঠল। দুই চৌধুরী—ইকবাল হোসাইন ও ফিরোজ জামানের নেতৃত্বে ব্যাট-বল নিয়ে মাঠ দখল করে ফেলল একদল প্রদায়ক। আমরা খেজুরের রস খেয়ে এসে দেখি খেলা মতান্তরে ঝগড়া শুরু হয়ে গেছে। এই দখলবাদী মনোভাব মেনে না নিয়ে আমরা ক্রিকেটের পাশেই ফুটবল খেলা শুরু করলাম। আগেও খেয়াল করেছি, ফুটবলের সঙ্গে মিলটন ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো না। এর আগে উনি ফুটবল ফাটিয়েছেন। এবার ফুটবল প্রতিশোধ নিল। পড়ে গিয়ে মচকে গেল মিলটন ভাইয়ের হাঁটু। অনেকে বলা শুরু করলেন, ‘নিশ্চিত লিগামেন্ট গেছে’, ‘আপনি মনে হয় আর হাঁটতেই পারবেন না’, ‘যাওয়ার পথে পঙ্গুতে নেমে যাবেন নাকি?’ এ ধরনের কথা। কোনো ফিজিও স্ট্রেচার নিয়ে ছুটে না আসায় নুরুন্নবী হাছিব ভাইয়ের কাঁধে ভর দিয়ে ড্রেসিংরুমে ফিরতে হলো তাঁকে। মিলটন ভাই বললেন, ‘ফুটবল একটা ফালতু খেলা।’ দুই গোল খাওয়ার পর আমরাও তাঁর সঙ্গে সহমত প্রকাশ করলাম। সবাই ধীরে ধীরে ক্রিকেটের দিকে চলে গেল। আমরা বুঝলাম, দেশের ফুটবলের অবস্থা খুব একটা সুবিধার না। আগের গ্রুপ ক্রিকেট খেলছিল ছোট পিচে। আমাদের মন অনেক বড়। তাই আমরা বড় পিচে খেলা শুরু করলাম। প্রচণ্ড উত্তেজনাময় ম্যাচে সিমু ভাইয়ের দলকে পরাজিত করল সাইফুল ভাইয়ের দল। তবে পরাজিত হয়েও অনন্য নজির স্থাপন করলেন সিমু ভাইরা। বিজয়ী দলের সঙ্গে তাঁরাও মাতলেন গ্যাংনাম স্টাইলে বিজয় উল্লাসে। আহা, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যদি এভাবে পরাজয় মেনে একসঙ্গে কাজ করত! কুপন না থাকলেও দুপুরের খাবারের বিশাল আয়োজন ছিল। যেকোনো পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় পর্ব হচ্ছে দুপুরের খাবার। সারা দিন বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করলেও খাবারের সময় কী করে যেন সবাই এক জায়গায় চলে আসে। এমনকি লিগামেন্ট ছেঁড়া মিলটন ভাইও ব্যথা ভুলে খাবারের লাইনে দাঁড়ালেন। মনে হলো, কেবল ভালো খাবারই পারে রাজনৈতিক নেতাদের এক করতে। লাঞ্চের পর আবার মাঠে ফিরে গেল সবাই। খাবার কত পুষ্টিকর ছিল তা প্রমাণ করলেন ইকবাল ভাই। ফুটবলে এমন কিক মারলেন যে, দীর্ঘস্থায়ী প্লাস্টিকের চেয়ার ভেঙে চার টুকরা হয়ে গেল! খেলাধুলা ওইখানেই শেষ! এরপর প্রদায়ক দ্য কন্ট্রিবিউটর বাহিনীর পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হলো দেশের সবচেয়ে বড় (আকৃতির দিক দিয়ে) প্রদায়ক এবং অভিনেতা সুমন পাটওয়ারীকে। এক যুগেরও বেশি সময় ধরে প্রদায়ক হিসেবে নিরলসভাবে কাজ করে যাওয়া সুমন পাটওয়ারী তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘কোনো লেখাই ছোট নয়, তিন লাইনের লেখা লিখলেও ৫০ টাকা বিল হয়। তাই ছোট বলে কোনো লেখাকে অবহেলা করবেন না!’ এরপর র্যা ফল ড্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নুহাশপল্লী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে সবাই। কিন্তু যাত্রা করলেই তো আর ঢাকা যাওয়া যায় না, তাই দীর্ঘ চার ঘণ্টা আমরা জ্যামে আটকে কাটিয়ে দিলাম। তখন মনে হলো বিকাশকে মুক্তি দিয়ে সরকার ঠিকই করেছে। জেলে আটকে থাকার চেয়ে জ্যামে আটকে থাকা বেশি বেদনাদায়ক।