মন ভরানো ঠান্ডা আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোছা গোছা ঠান্ডা আলু নিয়ে মারমা বাজারে বসেছেন বিক্রেতা l প্রথম আলো
গোছা গোছা ঠান্ডা আলু নিয়ে মারমা বাজারে বসেছেন বিক্রেতা l প্রথম আলো

কোনোটি গোল, কোনোটি লম্বাটে। পাতলা খোসা ছাড়িয়ে দুধসাদা মাংসল ফল কাঁচা খাওয়া যায়, আবার রান্না করে তরকারি হিসেবে খেতেও সুস্বাদু। বান্দরবানের মধ্যমপাড়ার মারমা বাজারে দেখা মিলল মিষ্টি স্বাদের ঠান্ডা আলুর, যেটি সমতলে কেশর আলু নামে পরিচিত।
মৌসুম শেষের দিকে। আর কদিন পর চাইলেও কেনা যাবে না। সে কারণে দাম একটু বেশি হলেও ক্রেতারা কিনছিলেন। পাঁচ থেকে ছয়টি আলু গোছায় বেঁধে বিক্রি করছিলেন বিক্রেতারা। একেকটি গোছার দাম চাওয়া হচ্ছিল ৫০ টাকা।
ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ঠান্ডা আলুর মৌসুম। জুমখেতে ধানের সঙ্গে বোনা হয় এই ফসল। আদিবাসীরা সাদা রঙের এই আলু চিংড়ি শুঁটকি দিয়ে রান্না করে খায়। আঁশযুক্ত এই আলু মিষ্টি ও ঠান্ডা। চাকমারা বলে জুড়ো আলু (জুড়ো অর্থ ঠান্ডা) এবং মারমা সম্প্রদায়ের লোকজন একে রোঞেউ বলে থাকেন। ইংরেজিতে ম্যাক্সিকান ইয়াম বা ম্যাক্সিকান টার্নিপ বলা হয়।
কৃষিবিদ মোস্তাফিজুর বলেছেন, ঠান্ডা আলু শিম পরিবারভুক্ত একটি ফসল। মাটির নিচে এটি বেড়ে ওঠে। এতে প্রচুর শর্করা, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। প্রচুর আঁশ থাকায় ডায়াবেটিস রোগীর জন্যও এই সবজি উপকারী।
জুমিয়ারা বলেন, জুমখেতে ধানের সঙ্গে ঠান্ডা আলুর বীজ বপন করা হয়। ধান উঠে গেলে ঠান্ডা আলুর গাছ বাড়তে থাকে। লতানো গাছের পাতাগুলো সবুজ ও গোলাকার। নীলাভ ফুলগুলো অত্যন্ত সুন্দর। গাছ বেশি বড় হলে আলু হয় না। এ জন্য পরিমাণমতো রেখে কেটে ফেলে দিতে হয়। আলু বড় হলে মাটি ফেটে যায়। তখন মাটি থেকে আলু তুলে নিয়ে আসা হয়।
বান্দরবানের রুমা উপজেলায় প্রচুর ঠান্ডা আলু ফলে। এই উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পাহাড়ে মাঝারি ঢালু জমিতে ঠান্ডা আলু হয়ে থাকে। তিন পার্বত্য জেলা ছাড়া ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও এ আলু স্বল্প পরিমাণে আগে পাওয়া গেলেও এখন সেখানে জুমচাষ না হওয়ায় তেমন হয় না। মাটি থেকে তোলার পর এক থেকে দেড় মাস পর্যন্ত এ আলু সংরক্ষণ করা যায়।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন জানান, অধিকাংশ জুমচাষি ধানের সঙ্গে ঠান্ডা আলুর চাষ করেন। বান্দরবানে নয় হাজার হেক্টরসহ তিন পার্বত্য জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে জুমচাষ হয়। ধান ও অন্যান্য ফসলের সঙ্গে প্রায় সমপরিমাণ ঠান্ডা আলুর চাষও হয়।