মন ভরাবে রাঙামাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়, নদী ও ঝরনার নৈসর্গিক সৌন্দর্য আর আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনযাত্রা দেখতে হলে রাঙামাটির জুড়ি নেই। তবে রাঙামাটি ভ্রমণ উপভোগ্য করে তুলতে চাইলে হাতে দুদিন সময় নিয়ে আসা প্রয়োজন।কাপ্তাই হ্রদের বুকে জেগে থাকা পাহাড়সারির ওপর গড়ে উঠেছে রাঙামাটি শহর। শহরের উঁচুনিচু রাস্তার দুই পাশে আঁচল বিছিয়ে আছে হ্রদের নীল জলরাশি। শহরের প্রায় সব হোটেল-মোটেলের বারান্দায় দাঁড়ালেই হ্রদের অপরূপ দৃশ্য চোখে পড়বে। মনে হবে শহরটি কাপ্তাই হ্রদের জলে ভাসছে।রাঙামাটি শহরে দর্শনীয় অনেক কিছু আছে। কিন্তু সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা পাহাড়ের অপরূপ হ্রদের হাতছানি সব কিছুর কাছে ম্লান মনে হবে। রাঙামাটি থেকে মারিশ্যা, বরকল, জুরাছড়ি ও নানিয়ারচর রুটে প্রতিদিন যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। শহরের রিজার্ভ বাজার ঘাট থেকে এসব লঞ্চ ছাড়ে। এসব লঞ্চে চড়েও দেখা যেতে পারে হ্রদ-পাহাড়ের মিতালি। তবে ভ্রমণটাকে পরিকল্পনা অনুযায়ী সাজালে সময় ও টাকা দুটোরই সাশ্রয় হবে। রাঙামাটি থেকে কাপ্তাই: রাঙামাটি এসে আসামবস্তি-কাপ্তাই সড়ক হয়ে ঘুরে আসতে পারেন কাপ্তাই। নতুন তৈরি হওয়া এই সড়কটিতে চড়াই-উতরাই অনেক বেশি। দুই পাশে ঘন জঙ্গল আর কাপ্তাই হ্রদ। মাঝে মাঝে দেখা যাবে আদিবাসী গ্রাম। নিজস্ব যানবাহন না থাকলে রাঙামাটি শহর থেকে মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে কাপ্তাই যাওয়া যায়। কাপ্তাইয়ে দেখা যাবে কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র। সে ক্ষেত্রে আগাম অনুমতির প্রয়োজন রয়েছে। এ ছাড়া কাপ্তাই জাতীয় উদ্যান ও কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে ঝুম রেস্তোরাঁও আকর্ষণীয় পর্যটন স্থান। এখান থেকে কর্ণফুলী নদী পার হয়ে দেখে আসা যায় ওয়াগ্গাছড়া চা-বাগান। এ ছাড়াও কাপ্তাইয়ে আছে বহু পুরোনো বৌদ্ধমন্দির এবং কর্ণফুলী কাগজকল। তবে কাগজকল দেখতে হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সুবলং ঝরনা: শহর থেকে নৌপথে যাওয়া যায় সুবলং ঝরনায়। সুবলংয়ের পথে হ্রদের দুই পাশে দেয়ালের মতো খাড়া পাহাড় আর তার খাঁজে খাঁজে আদিবাসী গ্রাম দেখা যাবে। হ্রদের জলে হরেক রকমের পাখি আর মাছধরার নৌকার দৃশ্য দেখে মনে হবে যেন কোনো দক্ষ শিল্পী যত্ন করে এঁকেছেন। পাহাড়চূড়ায় আদিবাসী গ্রামগুলো আপনাকে হাতছানি দেবে। একই পথে রয়েছে কয়েকটি বেসরকারি পর্যটনকেন্দ্র। সেই সব কেন্দ্রে খেতে পারেন আদিবাসীদের নানা ধরনের খাবার।রাঙামাটি শহর: রাঙামাটি শহরে দেখতে পারেন পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতু, বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজবন বিহার এলাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট জাদুঘর। এই জাদুঘরে রয়েছে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির নিদর্শন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের চাকমা, বোমাং ও মং এই তিন সার্কেলের রাজা, রাজপুত্র ও তাদের পরিবারবর্গের ব্যবহূত রাজকীয় পোশাক, তলোয়ার, কামান, তৈজসপত্র, দলিল দস্তাবেজ । শহরের বিভিন্ন স্থানে রয়েছে আদিবাসী রেস্তোরাঁ। যেখানে খেতে পারেন আদিবাসী খাবার। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের স্মৃতিসৌধ : বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যে সাতজন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছিলেন, তাঁদের মধ্যে ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ একজন। রাঙামাটি শহর থেকে নৌপথে প্রায় ১৫ কিলোমিটার দূরে স্বচ্ছ জলরাশি বেষ্টিত ছোট একটি দ্বীপে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে।কোথায় থাকবেন: রাঙামাটি পর্যটন করপোরেশনের হলিডে কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা (এসি) ছাড়া দুজনের একটি কক্ষের ভাড়া এক হাজার ২০০ টাকা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাযুক্ত দুজনের কক্ষের ভাড়া পড়বে দুই হাজার টাকা। এখানে হানিমুন, নিরিবিলি, নিঝুম, নিরালা ও নিভৃতি নামের কটেজ রয়েছে। এসব কটেজে দুই থেকে আটজনের থাকার ব্যবস্থা রয়েছে। ভাড়া ৮০০ থেকে পাঁচ হাজার টাকা। এ ছাড়া হোটেল সুফিয়া (০১৮১৯ ৩১৮৬৬৫, ০৩৫১ ৬২১৪৫), হোটেল গ্রিন ক্যাসল (০৩৫১ ৭১২১৪, ০১৮১৯ ৯৩৯৯৩), হোটেল লেক ভিউ (০৩৫১ ৩৩৭৩), হোটেল শাপলা (০৩৫১ ৩৩৯৬) ও পেডাটিংটিং রিসোর্টে থাকার ব্যবস্থা রয়েছে। এসব হোটেলের ভাড়া ৬০০ থেকে তিন হাজার টাকা।