মন ভরাল তির্যকের ‘রাজা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজি দখিন দুয়ার খোলো/এসো হে, এসো হে, এসো হে আমার/বসন্ত এসো।’ এ এক বসন্তহীন কাল। বসন্তের আজ তাই নতুন উপলব্ধি চাই। আর রাজা-তে বসন্ত কেবল তো পটভূমি নয়, এক হিসেবে বসন্ত আবার পুরোভূমি। অন্ধকার ঘরের অদৃশ্য রাজা অসীম অনন্তের প্রতীক। কেউ রাজাকে দাস্য ভাবে, কেউ ভাবে সখ্য, আবার কেউ শত্রু ভাবে। কিন্তু সবার উদ্দেশ্যই অভিন্ন—রাজার দেখা পাওয়া। এ রকম একটা উত্তেজনার মধ্য দিয়ে কাহিনি এগিয়ে চলে। গত শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চায়িত হলো সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তির্যক নাট্যদলের নাটক রাজা। নাটক দেখতে সন্ধ্যা থেকেই ভিড় জমতে থাকে দর্শকদের। নাটক শেষে কথা হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সঙ্গে। তিনি বলেন, ‘রাজা নাটকটি রবীন্দ্রনাথের আদর্শ রূপক নাটক। রবীন্দ্রনাথের তিনটি রূপক নাটক রক্তকরবী, ডাকঘর ও রাজা বিশ্ব সাহিত্যে রূপক নাটকের ক্ষেত্রে অসাধারণ সংযোজন।’ তিনি আরও বলেন, ‘তির্যক ইতিপূর্বে রক্তকরবী মঞ্চায়ন করেছে। সেই আয়োজন ছিল চমৎকার। রাজার মঞ্চায়নও সুন্দর হয়েছে কিন্তু একটু ফাঁক রয়ে গেছে। নাটকে রাজার দুবার দেখা দেওয়ার কথা। প্রথমবারের দেখাটা সম্পূর্ণ থাকে না কিন্তু দ্বিতীয়বার যখন রাজার দেখা পাওয়া যায়, সেটা হয় পরিপূর্ণ। যেখানে রানি বলেন, “তুমি সুন্দর নও, তুমি কুৎসিত নও, তুমি অনুপম।” কিন্তু এ নাটকে দ্বিতীয়বার রাজার দেখা পাওয়াটা ঠিক স্পষ্ট হয়ে ওঠেনি।’নাট্যকার ঝুনা চৌধুরী বলেন, ‘এই দলের মধ্যে উদ্দামতা ছিল। রবীন্দ্রনাথের নাটকে যে মুক্তির বিষয় থাকে, তা স্পষ্ট ছিল। মুক্তির এ জায়গাটা কষ্ট দিয়ে, আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় এবং তির্যক তা করেছে।’রাজা নাটকের নির্দেশনা ও আলোক পরিকল্পনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার। অভিনয়ে ছিলেন সুজিত চক্রবর্তী, অমিত চক্রবর্তী, লাকী আমিন, রিপন বড়ুয়া, নাজমুল নাহার, মাহবুবুল ইসলাম, প্রিয়ংকর দেবনাথ, শ্যামল বড়ুয়া, জনি দাশ প্রমুখ। মঞ্চ পরিকল্পনায় ছিলেন ফয়েজ জহির। কোরিওগ্রাফি ও পোশাকে ছিলেন লায়লা আজাদ।