মহাবীর অর্জুন সত্যপালনের জন্য এক যুগ ব্রহ্মচর্য ব্রত ধারণ করে বনে এসেছেন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে অনুরক্ত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে অগ্রাহ্য করেন। এতে অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তা প্রার্থনা করলে তাঁরা তাঁকে এক বছরের জন্য অপূর্ব সুন্দরী করে দেন। অবশেষে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। অর্জুন প্রেমে পড়েন, আর দর্শকেরা পড়েন বেশুমার ধাঁধায়। কারণ, মিলনায়তনজুড়ে যে চিত্রাঙ্গদার সখীরা! আলো-আঁধারের খেলায় সখীদের চকিত নৃত্য, নূপুরের ছন্দ অমর প্রেমের স্বর্গীয় আমেজ আনে। রবীন্দ্রনাথের সার্ধশততম বার্ষিকীতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের প্রযোজনায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ৪ জুন পরিবেশিত হয় নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। মহাভারত-এর অর্জুন-চিত্রাঙ্গদার প্রণয়োপাখ্যান নিয়ে ১৯৩৬ সালে রবিঠাকুর রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। প্রথম পর্বে ছিল আলোচনা। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান আলোচক সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যচর্চায় থেমে থাকেননি, তিনি মানবসেবার ব্রত নিয়ে কাজ করে গেছেন আমৃত্যু। তিনি সাধারণ মানুষের কথা ভেবে তাঁদের জন্য কিছু করার চেষ্টায় মগ্ন ছিলেন। তার ছোঁয়া আমরা পাই রবীন্দ্রনাথের সাহিত্যের পরতে পরতে।’ নৃত্যনাট্যে সংগীত পরিচালনা করেন মিহির নন্দী, নৃত্য পরিকল্পনায় ছিলেন প্রমা অবন্তী, পাঠ করেন অঞ্চল চৌধুরী ও শুভ্রা বিশ্বাস। গানে গানে নৃত্যনাট্যটি উপভোগ্য করে তোলেন অনিরুদ্ধ সেনগুপ্ত, কান্তা দে ও রূম্পা সেন। যন্ত্রানুষঙ্গে ছিলেন হিল্লোল (কি-বোর্ড), পলাশ ও মিঠু (তবলা)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুলাল দাশগুপ্ত। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের কর্মী অঞ্চল চৌধুরী বলেন, ‘ক্যাসেট না বাজিয়ে সরাসরি গান, পাঠসহ এত পরিশ্রম করে কেউ চিত্রাঙ্গদা করে না। মিহির নন্দী তাঁর শিক্ষার্থীদের নিয়ে অনেক পরিশ্রম করে এটি দাঁড় করিয়েছেন। এ রকম একটি চমৎকার পরিবেশনার জন্য আয়োজকেরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’ সিনেমা প্যালেস থেকে বনানী সিনহা আসেন চিত্রাঙ্গদা দেখতে। তিনি বলেন, ‘রবিঠাকুর আমার প্রাণের সঙ্গে মিশে আছেন। তাঁর গান ‘‘রোদন ভরা এ বসন্ত’’ কান্তা দের সুরে অপূর্ব হয়ে উঠেছিল। নৃত্যের সঙ্গে শিল্পীদের গানের যুগলবন্দী আমার মন ছুঁয়েছে। নৃত্যশিল্পীরাও যেন মিশে গেছেন বিভিন্ন চরিত্রের সঙ্গে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র ইমরান হোসেন বলেন, ‘নাট্যে ছোটখাটো কিছু ত্রুটি ছিল। কিন্তু শেষ দৃশ্যে এসে পুরো মিলনায়তনজুড়ে নৃত্যশিল্পীদের হঠাৎ নৃত্য আমাকে মুগ্ধ করেছে।’