‘একটা কিনলে ১০টা ফ্রি। সাত হাজার টাকায় কিনে নিন সাড়ে ১৭ হাজার টাকার ওভেন। সঙ্গে আছে পুরস্কার, ১০ জনের মধ্যে আটজন পেয়ে গেছেন, বাকি আছেন মাত্র দুজন। এখনই কিনেন, নইলে কিন্তু ঠকবেন।’ বিক্রয়কর্মীর এমন বাণী শোনা যায় গৃহস্থালি-সামগ্রীর দোকানে। মন ভোলানো কথার ফাঁদে পড়লে ঠকতে হবে নিশ্চিত। প্রতিবারই এ ধরনের ‘ফ্রির ফাঁদ’ থাকে বাণিজ্য মেলায়। এবার ধরন একটু ভিন্ন। গৃহস্থালি-সামগ্রীর কয়েকটি দোকানে রীতিমতো নির্দেশনা ফলক (সাইনবোর্ড) টাঙানো হয়েছে। পুরস্কারপ্রাপ্ত সৌভাগ্যবান ১০ জনের মধ্যে আটজনের তালিকা দেওয়া হয়েছে। অবশ্য তিনটি দোকানে দেখা গেছে একই দৃশ্য—বাকি মাত্র দুজন! ফলে পাতানো ফাঁদে পা দিচ্ছেন ক্রেতারা। ফ্রির ফাঁদে পড়া শিক্ষক আবদুর রহমান বলেন, ‘প্রায় সব গৃহস্থালি-সামগ্রীর দোকানে এ ধরনের লোভনীয় প্রস্তাব রয়েছে। বিক্রয়কর্মীরা ক্রেতা ধরতে বেশ ওস্তাদ, ইনিয়ে বিনিয়ে লোভনীয় অফারের বয়ান দেন। আর ক্রেতা একটু আগ্রহ দেখালেই অফারের হরেক রকম সুবিধার ফিরিস্তি দেন।’নোভানা স্টলের বিক্রয়কর্মী আরিফুল ইসলাম বলেন, ‘এ অফারে সুবিধা অনেক। ১৭ হাজার ৫০০ টাকার একটি মাল্টিপারপাস ওভেন কিনলে ২০টি পণ্য ফ্রি। সাত হাজার ৫০০ টাকার ননস্টিক কড়াইয়ের সেট কিনলে ১০টি পণ্য ফ্রি। আবার সাত হাজার ৫০০ টাকার ননস্টিক কড়াইয়ের সেট কিনলে মাল্টিপারপাস ওভেন ফ্রি।’কীভাবে এত ফ্রি দিচ্ছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘কোম্পানির নাম বদলে গেছে, নাম প্রচারে বিজ্ঞাপন দিলে অনেক টাকা খরচ হতো। তাই বিজ্ঞাপনের টাকা ঢালা হচ্ছে ক্রেতাদের পেছনে, এতে কোম্পানির প্রচার হচ্ছে। এটাই আমাদের বড় লাভ।’দেখা যায়, নোভানা স্টলে যে ননস্টিক কড়াইয়ের সেট সাত হাজার ৫০০ টাকা, মিয়াকোর স্টলে সেটি ১৪ হাজার ৫০০ টাকা, সঙ্গে ১০টি পণ্য বিনা মূল্যে দেওয়ার লোভ। ওই স্টলের এক বিক্রয়কর্মী নাম প্রকাশ না করে বলেন, ‘আমাদের সেটটি জার্মানির। এটি বাইরের যেকোনো দোকানে দাম নেবে ১৪ হাজার ৫০০ টাকা। মেলা উপলক্ষে আমরা ১০টি পণ্য ফ্রি দিচ্ছি।’নোভানা স্টলে ননস্টিক কড়াইয়ের সেট দেখার সময় কথা হয় গৃহিণী হামিদা বানুর সঙ্গে। তিনি বলেন, ‘ননস্টিক সেটের সঙ্গে যেগুলো ফ্রি দিচ্ছে সেগুলোর দাম সাত হাজার টাকার বেশি হবে না। এগুলোর অধিকাংশই ব্যবহূত হয় না। তাহলে এগুলো কিনে লাভ কী?’একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রায়হান আহমেদ অভিযোগ করেন, ‘পণ্য কেনার সময় যে গ্যারান্টি দেওয়া হয় তা শেষ পর্যন্ত স্টল মালিকেরাই মানেন না। পণ্য বদলাতে গেলে নানা ধরনের অজুহাত দেখান। বিক্রয়কর্মীরা নগরের যেসব বিপণিকেন্দ্রে তাঁদের প্রতিষ্ঠানের প্রদর্শনকেন্দ্র আছে বলে প্রচার করেন তা-ও ভুয়া। আর মিয়াকোর এক নামেই আছে একাধিক স্টল। এটা কীভাবে হয়? সবাই বলে তাঁরাই মূল ডিলার। এতে আমরা বিভ্রান্ত হচ্ছি। মেলা কর্তৃপক্ষের এটা দেখা উচিত।’