মন মজেছে মাইজভান্ডারি গানে
শুরুতেই শেষের গল্প।‘ড. হানস, আবার দেখা হলো, হয়তো এ দেখাই শেষ দেখা।’ আবদুল গফুর হালীর ভেজা কণ্ঠ যেন পৌঁছে গেল তাঁর মরমে। হালীর চোখে চোখ রাখলেন হানস, তারপর মায়াভরা হাসিতে বললেন—‘১১ বছর আগেও আপনি এ কথা বলেছিলেন গফুর ভাইয়া, আমার পরিষ্কার মনে আছে। আপনি মরেননি, আমি দুই বছর পর আবার আসব, আবার হবে দেখা।’ রিয়াজউদ্দিন বাজারের সংগীত মিডিয়া নামের একটি ছোট্ট প্রতিষ্ঠানে মিলন হয় গানওয়ালা গফুর হালী ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হানস হারডারের। হানস ২১ বছর ধরে বাংলা সাহিত্য ও ভারতীয় উপমহাদেশের সুফিবাদ নিয়ে গবেষণা করছেন। সে সূত্রে তিনি এসেছিলেন ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে। গবেষণার সূত্রে ১৯৯৯ সালে দেখা হয় চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভান্ডারি গানের কিংবদন্তি শিল্পী আবদুল গফুর হালীর সঙ্গে। দেখাদেখি থেকে মাখামাখি। ২০০৪ সালে গফুর হালীর ৭৬টি মাইজভান্ডারি গানসহ মাইভান্ডারি দর্শন নিয়ে জার্মান ভাষায় ডার ফেরুকটে গফুর, স্প্রিখ্ট (পাগলা গফুর, বলে) নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন হানস হারডার। গবেষণার সূত্রে সম্প্রতি আবার চট্টগ্রামে এসেছিলেন তিনি।বেলা শেষের কথা হলো শেষ। এবার হালীর বিনীত আদেশ—‘হানস আমার সঙ্গে প্রথম আলোর সাংবাদিক এসেছে, তোমাকে পত্রিকাটির চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যাব, চল।’ হালী যোগ করলেন, ‘প্রথম আলোর সাময়িকী ছুটির দিনে আমাকে কভার স্টোরি করেছে।’ ছুটির দিনে হাতে পেয়ে আগ্রহভরে পড়তে লাগলেন হানস। ওই প্রতিবেদনে হালীর সঙ্গে নিজের ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আমতল মোড় থেকে রিকশায় চড়ে জামালখানে এলেন তাঁরা। কফি পান করার ফাঁকে কথা হলো, প্রসঙ্গ—গান, গানের মানুষ ও চট্টগ্রাম। মাইজভান্ডারের কোন বিষয়টা আপনাকে আকৃষ্ট করে? এ প্রশ্নের একটা দীর্ঘ উত্তরই দেন ড. হানস। বলেন, ‘মাইজভান্ডারের যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে সেখানকার অসামপ্রদায়িক চেতনা, সব ধর্মের সব বর্ণের মানুষের জন্য স্থান আছে ওখানে। এমন চিত্র হয়তো আরও অনেক জায়গায় দেখা যাবে কিন্তু আমি মনে করি মাইজভান্ডার এ ক্ষেত্রে একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। আর সবচেয়ে বেশি টেনেছে মাইজভান্ডারি গান। ভক্তরা নেচে নেচে এ গান করেন, এখানে ভক্তির কথা আছে, আছে প্রেম-বিচ্ছেদের কথা। আর সে সব গানে আছে লোকায়ত বাংলার সুর- সেই ভাটিয়ালি, ভাওয়াইয়া ও মুর্শিদি গানের ছোঁয়া।’হানস জানালেন, গবেষণার কাজে মাইভান্ডারে তাঁকে অনেকে খুব সহায়তা করেছেন। অনেক শিল্পী তাঁকে গান দিয়ে গানের অর্থ বুঝিয়ে সহযোগিতা করেছেন। মাইজভান্ডারি গানের অনেক প্রসিদ্ধ শিল্পী আছেন, তাঁদের মধ্য থেকে আবদুল গফুর হালীকে বেছে নিলেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি রসিকতা করলেন হালীর সঙ্গে। হালীর উদ্দেশে ভাঙা বাংলায় বললেন, ‘আপনার গানে পুরুষ প্রেমিকের জন্য নারীর কান্নাকাটি আছে, ভোলা-ভালা (সহজ সরল) মানুষের কথা আছে। তাই না? এগুলো খুব ভালো লাগে আমার।’এ ফাঁকে হানস জানালেন পাহাড় তাঁর খুব ভালো লাগে। তিনি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গেছেন। হিন্দু সমপ্রদায়ের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় নিয়ে গবেষণা করছেন। বললেন, ‘জার্মানিতে আমার জন্ম সমতলে হলেও আমি বড় হয়েছি পাহাড়ি একটি এলাকায়। এখানকার পাহাড়িদের দেখে আমি মুগ্ধ। আমি মনে করি, চট্টগ্রাম শহরে পাহাড় হলো একটি দেখার মতো জিনিস।’হানসের কথা—বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম তাঁর খুব পছন্দের। চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়েও তাঁর কাজ করার ইচ্ছা। কিন্তু ভাষাটা রপ্ত করতে পারেননি এখনো। হানস বলেন, সিলেটের হজরত শাহজালাল (র.)-এর মাজারে গেছেন, পটিয়ার আমির ভান্ডারে গেছেন। মাইজভান্ডারি গানের ভাবে মজে গেছেন তিনি। আবার ভাবের দেশে চলে গেলেন গফুর হালী আর হানস। গফুর বলেন, ‘হানস কোনো এক জন্মে তুমি আর আমি খুব কাছের ছিলাম। নয় তো সাত সাগর তের নদীর ওপারের মানুষ তুমি, তোমার সঙ্গে কেন বাঁধা পড়ল মন? তুমি এসেছ এ খবর শুনে আমার মনে যে কী আনন্দ হয়েছে! আজ (বৃহস্পতিবার) সারা দিন সব কাজ বাদ দিয়ে বসে আছি কখন হানসকে দেখব!’গফুর হালী বলে চলেন, ‘আচ্ছা, আমি তো একদিন সত্যিই চলে যাব, সেদিন তোমার মনটা একবার কেঁদে উঠবে না এই গফুর ভাইয়ের জন্য?’ হানসের চোখে এবার হাসি-কান্নার খেলা! কথা নেই কণ্ঠে। শুধু হাতের ঘড়ি দেখিয়ে মনে করিয়ে দেন এবার যাবার পালা।