মন মাতান মুন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্না
মুন্না

মেয়েটা একটু মজা করে কিছু বললেই তাঁর বন্ধুবান্ধবের হাসি আর থামানো যায় না। হাসির কারণ, বক্তার বলার ভঙ্গি ও উপস্থাপনা। এই আত্মবিশ্বাস নিয়েই ২০১৫ সালে এনটিভি আয়োজিত কমেডি রিয়েলিটি শো ‘হা-শো’ (সিজন ৩)-এর খুলনা অঞ্চলের অডিশনে অংশ নিয়েছিলেন তিনি। ক্লাস বাদ দিয়ে যাওয়া ওই অডিশনে যোগ দিতে ছিল না কোনো প্রস্তুতিও। সেখান থেকে ডাক পেয়েছেন জাতীয় পর্যায়ে আর ফিরেছেন দ্বিতীয় রানারআপ হয়ে!
খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম ছাবিকুন নাহার। সবার কাছে পরিচিত মুন্না নামে। রসায়ন তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী হা-শো, সিজন-৪ এর ‘মেন্টর’ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছেন। ক্যাম্পাসের জনপ্রিয় ‘ভৈরবী’ গানের দলের সঙ্গে যুক্ত আছেন। যেকোনো অনুষ্ঠানে সুরের মূর্ছনায় উপস্থিত দর্শক-শ্রোতার মন মাতান। সঙ্গে মজার মজার কথার জাদু তো আছেই।
মুন্না বলেন, ‘আগে মানুষ আমার কাছে শুধু গান শুনতে চাইত। কিন্তু হা-শোতে পারফর্ম করার পর এখন গানের সঙ্গে কৌতুক বলারও বায়না ধরে। বিশেষ করে, কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিতে বসলে জোক বলতেই হবে। হাসি মানুষের মন ভালো করে। আমি তাই কৌতুক বলে মানুষের মন ভালো করার চেষ্টা করি।’
আপন কোনো দুলাভাই না থাকলেও দুলাভাইকে নিয়ে কৌতুক বলতে পছন্দ করেন মুন্না। তা ছাড়া কৌতুক বলার সময় কাছের কাউকে বেছে নেন। এতে অন্যরাও খুব মজা পায়। মা সামছুন নাহারের কাছ থেকেই মজা করে কথা বলার মূল অনুপ্রেরণা পেয়েছেন বলে জানালেন তিনি।
ব্রিটিশ কাউন্সিলের অঙ্গপ্রতিষ্ঠান ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা শাখার ‘অ্যাকটিভ সিটিজেন’ মুন্না। এবারের ঈদে এনটিভিতে কয়েকজন কৌতুক অভিনেতাকে নিয়ে প্রচারিত হবে ‘কমেডি কোম্পানি’ নামের একটি আড্ডার অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
খুলনায় কয়েকজনকে নিয়ে একটি কমেডি ক্লাব প্রতিষ্ঠার চেষ্টা করছেন মুন্না। মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির ‘বাংলাদেশ কমেডি ক্লাব’ থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি এই ক্লাবটি প্রতিষ্ঠার উদ্যোগ দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে খুলনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘুম ভাঙানিয়া’ তাঁকে দিয়েছে সম্মাননা ক্রেস্ট।
লেখক হুমায়ূন আহমেদের ভক্ত মুন্না সবচেয়ে বেশি পছন্দ করেন বই পড়তে। তা ছাড়া আড্ডা, মুভি দেখা আর যেকোনো মজার খাবারের প্রতি তাঁর দারুণ ঝোঁক। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া মুন্না চান স্নাতক শেষ করে বিসিএস ক্যাডার হতে। সর্বদা হাসিখুশি এই তরুণী পাশাপাশি মানুষকে হাসানোর আনন্দটাও পেতে চান আজীবন।