মনকাড়া জুমের 'চিনার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে বিক্রির জন্য জুমে উত্পাদিত চিনার সাজিয়ে রেখেছেন দুই আদিবাসী বিক্রেতা। ছবিটি বান্দরবানের মার্মাবাজার এলাকা থেকে তোলা   প্রথম আলো
বাজারে বিক্রির জন্য জুমে উত্পাদিত চিনার সাজিয়ে রেখেছেন দুই আদিবাসী বিক্রেতা। ছবিটি বান্দরবানের মার্মাবাজার এলাকা থেকে তোলা প্রথম আলো

ছোট চালকুমড়ার আকারের কমলা রঙের ফল। আদিবাসীদের কাছে চিনার ও সমতলের মানুষদের কাছে চিনাল হিসেবে পরিচিত। মনকাড়া এই ফল উঠেছে বান্দরবানের বাজারে। ফুটি বা বাঙ্গিজাতীয় ফলটি জুমের ফসল হিসেবে চাষ করেন আদিবাসীরা। আকর্ষণীয় রং ও স্বাদের কারণে ক্রেতাদের নজরও কেড়েছে। ভালো দামে বিক্রি হচ্ছে বলে খুশি জুমচাষিরাও।
জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমতলের বাঙ্গি ফলের গোত্রের হলেও চিনারের মধ্যে এখনো বুনো চরিত্র রয়েছে। এ জন্য এই ফল কেবল জুমখেতে ফলে। জুমচাষিরা জানান, প্রাচীনকাল থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জুমখেতে চিনারের চাষ হচ্ছে। চৈত্রের শেষে ও বৈশাখ মাসে জুমে ধান ও অন্যান্য ফসলের সঙ্গে চিনারের বীজও রোপণ করা হয়। জুমখেতে ধানগাছের নিচে লতানো গুল্মজাতীয় চিনারগাছ বেড়ে ওঠে। শ্রাবণের শেষ দিকে গাছে ফলন শুরু হয়। ভাদ্র মাসজুড়ে এবং আশ্বিনের প্রথম দিকেও কিছু কিছু চিনার পাওয়া যায়। মারমা বাজারে চিনার বিক্রি করতে আসা রোয়াংছড়ির ডলুছড়িপাড়ার অংচিং মারমা বলেন, তিনি তিন একর জুমে ধান, তিল, তিসি, ভুট্টার পাশাপাশি চিনার চাষ করছেন। এ বছর পরিমিত বৃষ্টিপাত হওয়ায় ফলনও ভালো হয়েছে। এ পর্যন্ত দুই হাজার চিনার বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা আয় করেছেন।
রাজবিলা ইউনিয়নের ম্রোক্ষংপাড়ার চিনার বিক্রেতা নাঞোচিং মারমা বলেন, কাঁচা চিনার সবজি হিসেবে খাওয়া যায়। মারমারা এটিকে চুগুসি বলে থাকে। আগে জুমে লাল, নীল ও হলুদ রঙের কয়েক প্রজাতির চিনার পাওয়া গেলেও বর্তমানে অধিকাংশ হারিয়ে গেছে। মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় এখন কেবল দু-একটি প্রজাতির ফলন ভালো হয় বলে তাঁরা জানান।
জুমচাষি চথোয়াই মারমা বলেন, এখন লোহাগাড়া, দোহাজারি, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে পাইকারেরা চিনার কিনে নিয়ে যান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফল ও শস্য উৎপাদন বিশেষজ্ঞ আলতাফ হোসেন বলেন, পাহাড়ের ঢালু জমিতে চিনারের চাষ ভালো হয়। বাঙ্গিপ্রজাতির হলেও স্বাদে বাঙ্গির চেয়ে ভালো। সংরক্ষণও করা যায় বেশি দিন।