মনকাড়া পেয়ারা বেচে খুশি চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশের রওশনহাটে পেয়ারার পসরা সাজিয়ে বসেছেন চাষিরা। ছবিটি গত শনিবার সকাল নয়টায় তোলা l প্রথম আলো
চন্দনাইশের রওশনহাটে পেয়ারার পসরা সাজিয়ে বসেছেন চাষিরা। ছবিটি গত শনিবার সকাল নয়টায় তোলা l প্রথম আলো

পেয়ারাচাষি মো. ইউনুছ ৪০ বছর ধরে কাঞ্চননগর জাতের পেয়ারার চাষ করছেন। গত বছর প্রায় দেড় লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন। খরচ বাদে লাভ হয়েছে প্রায় এক লাখ টাকা। এ বছর তাঁর বাগানের ফলন গত বছরের চেয়েও বেশি হয়েছে। তাই লাভও বেশি আশা করছেন তিনি।
স্বাদে অতুলনীয় চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর জাতের পেয়ারা বাজারে আসতে শুরু করেছে। সারা দেশেই এখানকার পেয়ারার কদর থাকায় বাজারে আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে। ভালো দাম পাওয়ায় উপজেলার প্রায় ৫০০ পেয়ারাচাষির মুখে হাসি ফুটেছে।
পেয়ারাচাষিরা জানান, চন্দনাইশের কাঞ্চননগর, হাসিমপুর, বাগিচাহাট, ধোপাছড়ি ও দোহাজারীর বিভিন্ন পাহাড়ি এলাকায় পেয়ারার বাগান রয়েছে। আবহাওয়া ও মাটির কারণেই এ জাতের পেয়ারা সুস্বাদু হয়। উপজেলায় পেয়ারার সবচেয়ে বড় পাইকারি বাজার বসে রওশনহাটে। এ ছাড়া কাঞ্চননগর, খাঁর হাট, বাগিচাহাট, দোহাজারী এলাকায়ও পেয়ারা বিক্রি হয়।
এ ব্যাপারে কাঞ্চননগর, মুরাদাবাদ, এলাহাবাদ ফলদ ও বনজ বাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আতাহার আলী বলেন, রওশনহাট এলাকায় বর্তমানে প্রতিদিন পাঁচ থেকে সাত লাখ টাকার পেয়ারা বিক্রি হচ্ছে। এখানকার পেয়ারা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।
সম্প্রতি সরেজমিনে রওশনহাট বাজারে গিয়ে দেখা যায়, লাল কাপড়ে বাঁধা পুঁটলির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পেয়ারা। হাটজুড়ে পেয়ারাভর্তি অসংখ্য লাল কাপড়ের পুঁটলি। দরদাম ঠিক করায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। কাপড়ে বাঁধা একেকটি বড় ঝুড়িতে থাকে ৬০০টির মতো পেয়ারা। এমন একটি ঝুড়ি বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। পাশাপাশি ৪০০টি পেয়ারার ছোট ঝুড়ি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার বলেন, চন্দনাইশ উপজেলায় বছরে ৮ থেকে ১০ কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। সুস্বাদু এই পেয়ারার ফলন বাড়াতে চাষিদের প্রণোদনা দেওয়া যায় কি না, সেই ভাবনাও রয়েছে কৃষি বিভাগের।
চন্দনাইশ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ইসতিয়াক আহমদ বলেন, এ উপজেলার প্রায় এক হাজার একর জমিতে পেয়ারার চাষ হয়। ছোট-বড় মিলিয়ে সাড়ে চার শয়ের মতো বাগান আছে। গত বছর এখানে প্রায় ১ হাজার ৭৫০ মেট্রিক টন পেয়ার উৎপাদিত হয়েছে। পেয়ারাচাষি রয়েছেন পাঁচ শতাধিক। এ বছর পেয়ারার ফলন বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্প্রতি কাঞ্চননগর এলাকার পেয়ারা বিক্রেতা আবদুল জব্বার বলেন, প্রতিবছর তিনি প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি করেন। খরচ বাদে লাভ প্রায় ৪০ হাজার টাকা। সরকার উদ্যোগ নিলে এই পেয়ারা বিদেশেও রপ্তানি করা যাবে বলে মনে করেন তিনি।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, খাস জায়গা বরাদ্দসহ পেয়ারাচাষিদের আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।