মনকে অনুসরণ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদন ও চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য সম্প্রতি ডব্লিউ এস জে ম্যাগাজিনের পক্ষ থেকে ইনোভেটর অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি।
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

আমি যখন খুব ছোট ছিলাম, আমার মা কখনো কখনো আমাকে বলতেন, ‘দেখি তোমার মন কী চায়?’ বলে তিনি স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকতেন। যখন আমি খুব রেগে যেতাম, মন খারাপ করতাম, অস্থির হয়ে যেতাম কিংবা খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে যেতাম, তিনি এমনটা করতেন। আমি এ কথার অর্থ বুঝতাম না। কিন্তু বুঝতাম, তিনি চাইছেন আমি আমার সব অস্থিরতা, ভণিতা ঝেড়ে ফেলে আমার মনকে অনুসরণ করি।
আমার সন্তানেরা নতুন কিছু সৃষ্টি করতে জানে। শুধু আমার সন্তানেরাই নয়, প্রতিটি শিশুই উদ্ভাবক। সিনেমা পরিচালনার সময় কিংবা চিত্রনাট্য লেখার সময় আমি আমার মায়ের কথা স্মরণ করি। আমি আমার মনকে অনুসরণ করি। ছেলেমেয়েদের কথা শুনি। ভাবনাগুলো নিয়ে খেলি, কাজগুলো গড়বড় করে ফেলি...কিন্তু মনটাকে স্বাধীন রাখি। যখন আমরা উদ্ভাবন নিয়ে উদ্যাপন করি, এর মানে আসলে আমরা মানুষের স্বাধীনতাটা উদ্যাপন করছি। একটা মানুষের উদ্ভাবনী শক্তি কিংবা সমাজে তাঁর অবদান কতখানি, সেটার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। একদিকে যখন মানুষ নতুন নতুন আবিষ্কার করছে, গোড়ামিকে চ্যালেঞ্জ করছে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে...একই সঙ্গে অন্যদিকে কিছু মানুষের স্বাধীনতার পথ রুদ্ধ হয়ে আছে দারিদ্র্য, কুসংস্কার, নিপীড়ন কিংবা যুদ্ধের কারণে।
সুতরাং আমি সেই সব মানুষের কথা মাথায় রেখে এই পুরস্কার গ্রহণ করছি, যারা আমাদের মতো সুযোগ-সুবিধা পায় না। যারা ভিন্ন কোনো রাজনৈতিক অবস্থা কিংবা ব্যক্তিগত কোনো মানসিক দুরবস্থায় আছে, যার কারণে সে নিজের মনকে অনুসরণ করতে পারছে না। আমি এই পুরস্কার তাদের জন্য নিচ্ছি, যারা বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়, এখনো আমাদের সবার অনেক কিছু করার বাকি আছে।

ই-অনলাইন অবলম্বনে
ইংরেজি থেকে অনুবাদ: মো. সাইফুল্লাহ