মনজুর আলম এখনো মেয়র!

নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ মনজুর আলম পদত্যাগ করেন গত ২৭ মার্চ। পদত্যাগের পর পার হয়েছে প্রায় সাড়ে তিন মাস। রাজনীতি ছেড়ে এখন সামাজিক ও ব্যবসায়িক কাজে ব্যস্ত তিনি। কিন্তু চট্টগ্রাম জেলার তথ্য বাতায়নে (ওয়েবসাইট) মনজুর আলম এখনো মেয়র!
স্থানীয় সরকার অংশের সিটি করপোরেশন পাতায় এই তথ্য দেওয়া আছে। সেখানে মনজুর আলমের ছবি দিয়ে বলা হয়েছে, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র বা নগরপাল। এ ছাড়া তথ্য বাতায়নের সিটি করপোরেশনের পূর্বতন মেয়রের তালিকায়ও মনজুর আলমকে মেয়র হিসেবে দেখানো হয়েছে। লেখা হয়েছে ২০১০ সালের ২০ জুলাই দায়িত্ব নেওয়ার পর অদ্যাবধি দায়িত্বে আছেন। গতকাল বুধবার পর্যন্ত এই তথ্য বহাল ছিল জেলা তথ্য বাতায়নে।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছিলেন মনজুর আলম। নির্বাচনে তিনি িছলেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী। ভোটের িদন সকাল ১১ টায় কারচুপির অিভযোগে নির্বাচন বর্জন করেন তিনি। সেই নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীন। তিনি শপথ নিয়েছিলেন গত ৬ মে। অবশ্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব ওয়েবসাইটে মেয়র হিসেবে আ জ ম নাছির উদ্দীনের নাম উল্লেখ করা আছে।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রাশসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খানের সঙ্গে একাদিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তঁাকে পাওয়া যায়নি।