অন্য অনেকের চেয়ে একটু আলাদা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মনজুর হোসেন। পরিবারে আর বন্ধুরা ডাকে রাব্বি বলে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করেছেন বিজ্ঞান বিভাগে। কিন্তু বিজ্ঞানসংক্রান্ত বইয়ের প্রতি তাঁর তেমন আকর্ষণ ছিল না। বরং তাঁর মনোযোগ আকর্ষণ করত অর্থনীতির নানা বই। উচ্চমাধ্যমিক শেষ করার পর ভর্তি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে। সম্প্রতি তাঁর সম্মান চূড়ান্ত পরীক্ষার ফল বেরিয়েছে। তিনি ফিন্যান্স বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তাঁর সিজিপিএ ৩.৯২। এত ভালো ফলের রহস্যটা কী জানতে চাইলে বলেন, ‘তেমন কিছু না, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে শেষ করেছি। ব্যস।’মানুষ হিসেবে দারুণ মিশুক প্রকৃতির মনজুর। সবার সঙ্গে কথা বলতে পছন্দ করেন। জীবনে আদর্শ মানেন নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে। পড়াশোনা ছাড়া আর কী করেন, এমন প্রশ্নের জবাবে একটু লাজুক হেসে জবাব দেন, ‘নাচতে ভালো লাগে। বিভাগের কয়েকটি অনুষ্ঠানে নেচেছি, দেখেছেন না!’ অবসর সময়ে কী করা হয়? জানালেন, বই পড়তে তিনি খুব ভালোবাসেন, সেই সঙ্গে গান শোনাটাও দারুণ উপভোগ করেন। সমাজে অবহেলিত মানুষের জন্য কিছু করতে চান তিনি। এ জন্য সময়-সুযোগ পেলেই অসহায় মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন। পড়ালেখায় সব সময় অনুপ্রেরণা পেয়েছেন বাবা-মায়ের কাছ থেকে। আর বিভাগের শিক্ষকেরা তো আছেনই। তবে বন্ধুদের কাছ থেকে পাওয়া সহযোগিতাকেও তিনি বিশাল বলে মনে করেন।কথা প্রসঙ্গে মনজুর জানান, তাঁর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও জগন্নাথের (তৎকালীন জগন্নাথ কলেজ) শিক্ষার্থী ছিলেন। মনজুর জানান, ফল শেনার পর সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তাঁর বাবা-মা। একটা জায়গায় তিনি শূন্যতা অনুভব করেন তাঁর দাদিকে নিয়ে, যিনি বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে মনজুর বলেন, ‘ভালো ফলটা ধরে রাখতে চাই, সেই সঙ্গে উচ্চতর গবেষণা করতে চাই। ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন বিষয় আর বিজনেস ম্যাথ নিয়ে একটা বই লিখতে চাই। তবে সবচেয়ে বেশি খুশি হব সেদিন যেদিন নিজেকে শিক্ষক হিসেবে দেখতে পাব। সত্যিকার অর্থে সেদিন নিজেকে অনেক ভাগ্যবান মনে করব।’