মনজুরের 'স্বাদের' লাউ

কক্সবাজার শহরের বাহারছড়া বাজারে সকাল সাতটার দিকে জমে ওঠে লাউ বেচাকেনা। ক্রেতারা এই বাজার থেকে লাউ কিনে সরবরাহ করেন শহরের বড়বাজার, টেকপাড়াসহ সাতটি হাঁটবাজারে। এখানে এসে অনেক ক্রেতা খোঁজেন মনজুর আলমের (৫২) বাগানের লাউ।
ক্রেতারা মনজুরের বাগানের লাউ দেখলেই চিনতে পারেন। এ লাউ আকারে বড়, দামেও সস্তা। অনেক ক্রেতা জানান, অন্যান্য জাতের লাউয়ের চেয়ে এটি খেতেও সুস্বাদু। চাহিদা বেশি থাকায় অনেক কৃষক মনজুরের লাউয়ের বীজ নিয়ে চাষ করে সাফল্য পেয়েছেন। বলা যায়, কক্সবাজার জেলায় ছড়িয়ে গেছে মনজুরের ‘স্বাদের’ লাউ।
কী করে শুরু এই লাউ–বিপ্লবের? মনজুর আলম জানান, ১৪ বছর আগে তিনি চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের মধ্যম বরইতলী গ্রাম থেকে পরিবারসহ ঝিলংজা ইউনিয়নের রহমতপুর গ্রামে এসে লাউ চাষ শুরু করেন। লেখাপড়া প্রাথমিক পর্যন্ত হলেও সফল লাউচাষি হিসেবে ইতিমধ্যে তিনি খ্যাতি অর্জন করেন। প্রতিবছর তিনি নিজের এক একরের বেশি জমিতে লাউ, বেগুন, পেঁপে, মরিচ, শসা চাষ করে ১০ লাখ টাকার বেশি আয় করছেন।
মনজুর জানান, তিনি বাগান থেকে দুই–তিন দিন অন্তর ৪৫০ থেকে ৪৯০টি লাউ বিক্রি করেন। প্রতিটি লাউয়ের পাইকারি দাম রাখা হয় ২০ টাকা। শহরের চাহিদা পুরণ করে মনজুরের লাউ চলে যাচ্ছে টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়াসহ সমুদ্র উপকুলীয় এলাকাগুলোতে। ১৭ মার্চ সকালে শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রহমতপুর গ্রামে গিয়ে দেখা গেছে, মনজুর আলম তাঁর খেত থেকে লাউ কাটছেন। ছেলে মো. সাদেক (২৩) সেই লাউ বাজারে পাঠানোর জন্য ঝুড়িতে রাখছেন। এ বছরের ১৭ মার্চ পর্যন্ত বাগান থেকে ছয় লাখ টাকার বেশি লাউ বিক্রি করেছেন। আগামী এপ্রিল মাস পর্যন্ত লাউ বিক্রি করলে তিনি পাবেন আরও কয়েক লাখ টাকা। লাউ চাষে খরচ কম, লাভ বেশি। এক একরের এই বাগানে লাউ চাষ করতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। লাভ হবে নয় লাখ টাকার বেশি।
শহরের বড় বাজারের তরকারি ব্যবসায়ী জসিম উদ্দিন ও বাহারছড়া বাজারের মোহাম্মদ হোসেন জানান, তাঁরা একদিন পর পর মনজুর আলমের খেত থেকে ৪০০ থেকে ৫০০ লাউ কিনে বাজারে বিক্রি করেন। ২০ টাকার লাউ তাঁরা বিক্রি করেন ৩০ থেকে ৫০ টাকায়। মনজুরের লাউ বললে ক্রেতারা দামদর করেন না।
রহমতপুরের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘খাওয়ার ইচ্ছা হলেই আমরা মনজুরের খেত থেকে লাউ এবং শাক নিয়ে যাই। মনজুরের লাউ খেতে অনেক সুস্বাদু। গ্রামের সবাইকে তরতাজা লাউ ও শাক খাইয়ে মনজুর আলম পুষ্টির জোগান দিচ্ছেন। তা ছাড়া লাউ বিক্রির টাকায় মনজুর আলম অসহায় ৩৮ জন মেয়ের বিয়ে দিয়েছেন।’
জেলার অনেক কৃষক মনজুরের বাগানের লাউয়ের বীজ নিয়ে চাষ করে সফল হয়েছেন। তাঁদের অবস্থাও বদলেছে। এ ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনায়েত ই-রাব্বি জানান, মনজুর আলম একজন সফল উদ্যোক্তা। দীর্ঘদিন ধরে তিনি লাউ চাষ করে লাভবান হচ্ছেন। মনজুরের চাষপদ্ধতি অনুসরণ করে অনেকে লাউ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।