মনটা এখন মাঠের দিকে
গোটা বাংলাদেশ রকিবুল নামে চিনলেও জামালপুরে তাঁকে সবাই চেনে ‘নয়ন’ নামে। ব্রহ্মপুত্রের কূল ঘেঁষে শহরের দেওয়ানপাড়ায় রকিবুল হাসানের বাড়ি। তাঁর বাবা নূর উদ্দিন শেখের বয়স এখন প্রায় ৭৫ বছর। মা হামিদা বেগমও বৃদ্ধ। নূর উদ্দিনের চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে রকিবুল সবার ছোট। ছেলেবেলা থেকেই রকিবুলের পড়ালেখার চেয়ে বেশি ঝোঁক ছিল ক্রিকেটের দিকে। প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার পরই বাড়ির পাশেই জামালপুর স্টেডিয়ামে ছুটে যেতেন বড়দের ক্রিকেট খেলা দেখতে। রকিবুলকে আজকের অবস্থানে আসার নেপথ্যের মানুষ বড় ভাই শফিকুল ইসলাম। এই ভাইয়ের হাত ধরেই তাঁর ক্রিকেটে আসা। ছোট্ট শহর জামালপুরের সহজ-সরল ছেলে, বাড়ির সবার আদরের ‘নয়ন’ থেকে আজকের রকিবুল হয়ে ওঠার সবচেয়ে বড় অবদান এই ভাইয়ের। শফিকুল ইসলাম ছিলেন উইকেটকিপার ও উদ্বোধনী ব্যাটসম্যান। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকের হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু বেশি এগোতে পারেননি। তাই নিজের অপূর্ণতা ঘোচাতে চেয়েছেন ছোট ভাইয়ের মাধ্যমে। সেই ছোটবেলা থেকেই ভাইয়ের ব্যাট-প্যাড নিয়ে নাড়াচাড়া রকিবুলের। টিভিতে খেলা হলে বসে যেতেন ভাইয়ের পাশে। ছোট ভাইকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন শফিকুল। নিজের হাতে দিয়েছেন ক্রিকেটের প্রথম পাঠ। যখন বুঝলেন, রকিবুলই পারবে তাঁর অপূর্ণ স্বপ্ন পূরণ করতে। সব ফেলে শফিকুল উঠেপড়ে লাগলেন ভাইকে ঘষেমেজে তৈরি করতে। রকিবুলকে নিয়ে এক দিনের স্মৃতি তাঁকে খুব সাহস জোগায়। ১০ বছর আগের কথা। তিনি তখন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে রূপালী ব্যাংকের হয়ে ফরিদপুরে খেলতে গেছেন। রকিবুলও খেলা দেখতে তাঁর সঙ্গে গেছেন। রকিবুল তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বয়স মাত্র ১৩-১৪ বছর। রূপালী ব্যাংকের হয়ে রকিবুলকে মাঠে নামাতে চান। কিন্তু বয়স কম দেখে তাঁরা রাজি নয়। অনেক অনুনয়ের পর নেট প্র্যাকটিসে ডাকা হয় তাকে। সেখানে দারুণ ব্যাটিং-নৈপুণ্য দেখান রকিবুল।‘জামালপুরের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু ১৯৯৮ সালে। পরের বছর থেকেই রকিবুল স্থান পান এই ক্লাবে। আমাদের ক্লাবের হয়ে রকিবুল ২০০৩ সালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রথম বিভাগ ক্রিকেটে সর্বোচ্চ ১৬৫ রান করেন। জেলায় এ রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি।’ বললেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। রকিবুল হাসান ২০০০ সালে বিকেএসপির একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পান। বিসিবির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাঁর খেলার মান দেখে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে রূপালী ব্যাংকের হয়েও খেলেছেন দীর্ঘ দিন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে রকিবুলের নজরকাড়া সাফল্যে ক্রিকেট বোর্ড জাতীয় দলে অন্তর্ভুক্ত করে। আদরের ছেলে রকিবুল বিশ্বকাপে খেলবেন। তাঁর বৃদ্ধ বাবা মো. নূর উদ্দিন শেখ ও মা হামেদা বেগমের মনে আনন্দের সীমা নেই। মাঠের বাইরে গোটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে তাঁরাও বসে নেই। ‘নামাজ পড়ছি। দোয়া করছি। বাংলাদেশ দলের সবাই আমাদের সন্তান। ওরা পনেরো জনই যেন সুস্থ থাকে। ভালো খেলা উপহার দেয়। বিশ্বকাপটা যেন বাংলার বুকে ধরে রাখতে পারে, আমরা সেই দোয়াই করি।’ বললেন রকিবুলের বাবা। তিনি রকিবুল প্রসঙ্গে আরও বললেন, ‘ছোট থেকেই আমার নয়ন (রকিবুলের ডাকনাম) ক্রিকেট ছাড়া কিছুই বুঝত না। বড় ছেলে শফিকুল ওকে খেলার সব কিছু বুঝিয়ে দিত। সবার কাছে শুনতাম, ও খুব ভাল খেলে। সারাক্ষণ মাথায় ছিল ক্রিকেট আর ক্রিকেট। একটা নেশা ছিল তার। কখনোই বাধা দিতাম না। উদার দেলে (মনে) তাকে সাহস দিতাম।’জামালপুর থেকে মুঠোফোনে গত সোমবার রকিবুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি হোটেল থেকে বের হয়ে বাসে উঠছিলেন প্র্যাকটিসে যাওয়ার জন্য। ফোন ধরেই বললেন, ‘ভালো, আমরা সবাই ঠিকঠাক আছি। ভালো আছি। মনটা এখন মাঠের দিকে। বাংলাদেশের দিকে। দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি।’ জামালপুরের ঐতিহ্যবাহী রেইনবো ক্রিকেট ক্লাবের ক্রিকেট টিমের টানা ১০ বছরের অধিনায়ক ছিলেন মনোয়ার পাশা বললেন, ‘রকিবুল অন্য ক্লাবের হলেও তাঁর ব্যতিক্রমী বেশ কিছু ক্রিকেট-নৈপুণ্য আমার নজর কাড়ে। জেলার বাইরে কোথাও রকিবুলকে নিয়ে গেলে তাঁকে আমার বিপক্ষ টিমে নামিয়ে দিতাম আর তাঁর ব্যাটিং দেখতাম।’ ২০০২ সালের কথা। মুন্সিগঞ্জ ভেন্যুতে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের বিভাগীয় খেলা চলছিল। সেটি ছিল ঢাকা-জামালপুরের ম্যাচ। ছোট্ট বালক ভেবে ম্যাচ শুরুতে তাকে ওই দিন মাঠে নামতে দেওয়া হয়নি। সে পারবে বলে টিম ম্যানেজারের পক্ষ থেকে নিশ্চিত করা হলে মাঠে নামে রকিবুল। ওই ম্যাচে তার একটি অসাধারণ স্ট্রেট ড্রাইভ রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয় দর্শকদের। ম্যাচ শেষে বিসিবির হান্টিং টিমের ম্যানেজার ডেকে নিয়ে ওই দিন থেকেই তাকে অনূর্ধ্ব-১৯ এর ঢাকা বিভাগীয় টিমে নাম লিখিয়ে দেন রকিবুলের, যেন এক লাফে গাছে ওঠার মতোই। মনোয়ার পাশা বলছিলেন, ‘রকিবুলের পুঁজি, সে খুব বিনয়ী। সবার কথা শোনে। নিয়মিত প্র্যাকটিস এবং ওর একাগ্রতাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস, দেশের মাটিতে প্রথম বিশ্বকাপেও রকিব ভালো করবে।’রকিবুল হাসানজন্মস্থান দেওয়ানপাড়া, জামালপুরজন্ম৮ অক্টোবর, ১৯৮৭মামোসাম্মত হামিদা বেগমবাবামো. নূরউদ্দিন শেখব্যাটিংডানহাতি ব্যাটসম্যানবোলিংডান হাতি লেগব্রেক