
সাংস্কৃতিক আয়োজন থেকে বানান শুদ্ধি অভিযান, বৃক্ষরোপণ থেকে বিতর্ক প্রতিযোগিতা। কোনো আয়োজনই বাদ রাখেননি রণনের সদস্যরা। ‘রণন’ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো বটেই, রণনের কার্যক্রমের ব্যাপ্তি ছড়িয়েছে রংপুরজুড়েই। সংগঠনটির সাধারণ সম্পাদক ও ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী বলেন, ‘আমাদের ছোট ক্যাম্পাস। সংগঠনে আমরা পরিবারের মতো। সবাই মিলে পড়াশোনার পাশাপাশি সমাজের জন্য কিছু করতে পারছি, সেটা অনেক আনন্দের। এ ছাড়া সাংস্কৃতিক চর্চার মধ্যমে আমরা শুদ্ধতার চর্চা করছি।’
রণন সংগঠন হিসেবে যাত্রা শুরু করে ২০০৯ সালে। তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার সবে সপ্তাহ পেরিয়েছে। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদের হাতে গড়া সংগঠনটি এগিয়ে চলছে দীপ্ত পায়ে। সে প্রতিধ্বনি শোনা গেল ইশরাত জাহানের কথায়। সংগঠন নিয়ে তাঁর বয়ান, ‘বয়স কিংবা বিভাগ—সংগঠনে সবকিছু ভুলে আমরা সবাই সবার খুব আপন। বিপদ-আপদে পাশে থাকি। আবার কারও বাড়িতে ভালো কোনো খবর হলে সংগঠনে মিষ্টি বিতরণও হয়।’
রণনের বিভিন্ন আয়োজনে সুর ছড়ান সংগঠনের সদস্য কুমারী হ্যাপি রায়। তাঁর সুরের মূর্ছনায় নিয়মিত বৈঠকি আড্ডাও প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলা বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গানের পারিবারিক পরিবেশ আমি পেয়েছি রণনে। এখানে সবাই বন্ধুর মতো। সংগঠনে যুক্ত হয়ে আমার সাংস্কৃতিক ভাবনা আরও সমৃদ্ধ হয়েছে।’
ক্যাম্পাস ছাড়লেও রণনের মায়া ছাড়তে পারেননি সংগঠনের অনেক সদস্য। তাঁদের একজন সাদিয়া কবির। শিক্ষাজীবন শেষ হলেও সংগঠনের নানা কার্যক্রমে সময় দেন তিনি। সাদিয়া বলেন, ‘আমাদের হাতে গড়া সংগঠনটি এখনো প্রাণপ্রাচুর্যে ভরপুর, এটা দেখতেই আমাদের আনন্দ। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে প্রথম থেকেই আমরা সংগঠনের সঙ্গে ছিলাম। সে জন্য নিজেদের ধন্য মনে হয়।’
সংগঠনের নানা আয়োজনের খতিয়ান হাজির করলেন জামিউল রাব্বি। তাঁর কাছ থেকেই জানা গেল, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দুবার আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, উচ্চারণবিষয়ক কর্মশালা, আবৃত্তির অনুষ্ঠান, রংপুর শহরের অলিগলিতে বানান শুদ্ধীকরণ, শিল্প-সাহিত্যবিষয়ক আলোচনা, দিবসভিত্তিক অনুষ্ঠান আয়োজন করে রণন। ক্যাম্পাস সবুজায়নের জন্য বৃক্ষরোপণ ও পরিচর্যার কাজও করেন সংগঠনের সদস্যরা।
রণনের সদস্যদের সঙ্গে যখন কথা বলছি তখন তাঁরা ব্যস্ত আসছে অনুষ্ঠানের কাজ নিয়ে। তাঁদের এবারের আয়োজন পঞ্চকবির গান। কী কী থাকবে অনুষ্ঠানে, কে গাইবেন আর কে থাকবেন মঞ্চের পেছনে—এসব নিয়েই এখন তাঁদের ব্যস্ততা।