মনমোহন সিংয়ের ‘ছায়াসঙ্গী’রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধার চর্চার চেয়ে বড় কিছু আর নেই। অন্তত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তা-ই মনে করেন। সে কারণে সরকার পরিচালনায় তিনি মেধাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ভারতে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত, মেধাবী, যোগ্য ব্যক্তিদের তিনি তাঁর সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। জাতীয় উন্নয়নের প্রতিটি পর্যায়ে এসব মেধাবী ও সফল ব্যক্তি মনমোহন সিংকে প্রয়োজনীয় বুদ্ধি, পরামর্শ ও নিজেদের যোগ্যতা দিয়ে সহায়তা করছেন। এই বিশেষ দল মূলত সরকারের দিকনির্দেশক হিসেবে কাজ করে। মূলত সরকারি প্রশাসনিক কার্যক্রমে তাঁরা গতি সঞ্চার করেন। কোনো জায়গায় হয়তো একটি উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে আছে, এই বিশেষ দলের সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এ ব্যাপারে মন্ত্রণালয়ের মন্ত্রীর নজরে আনেন। কী কারণে প্রকল্পটি গতি পাচ্ছে না সেটা তাঁরা খুঁজে বের করেন। চেষ্টা করেন সমস্যাগুলো তাঁরা প্রশাসনিকভাবে সমাধান করার। কিছুদিন আগে আসামের পাঁচ হাজার কোটি রুপির একটি উন্নয়ন প্রকল্প নানা জটিলতায় আটকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হওয়ার আশঙ্কায় পড়েছিল। মনমোহন সিং এ ব্যাপারে অভিজ্ঞ একজন ব্যক্তিকে দিয়ে বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মনমোহনের যেমন নির্ভরশীলতা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর ওপর, তিনি ঠিক ততটাই নির্ভর করেন এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ দলের ওপর। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রশ্নে পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করেন মনমোহন সিং। দেশের মানুষ, বিরোধী দল ব্যাপারটি কীভাবে ভাবছে, ভারতের লাভ-লোকসানের বিষয়গুলো ভালো করে জেনে নিয়েই তিনি পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীকে সবুজ সংকেত দিয়েছেন। এ রকমই একটি দলের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেন শিবশঙ্কর মেনন। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা। তাঁকে একজন ‘সুপার ডিপ্লোম্যাট’ হিসেবে অভিহিত করা হয়। কূটনৈতিক বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান তাঁকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের সমান্তরালে ভারতের একজন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারকে পরিণত করেছে। শিবশঙ্কর মেনন অতীতে পররাষ্ট্রসচিব হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিককালে বহুল আলোচিত ভারত-মার্কিন পরমাণু চুক্তিতে তাঁরই পরামর্শ মনমোহন সিংকে শক্তি জুগিয়েছে। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভারত তাঁর প্রতিবেশী চীন, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যত কৌশল ও নীতি গ্রহণ করেছে, তা সবই প্রায় শিবশঙ্কর মেননের অভিজ্ঞতা ও চিন্তাপ্রসূত। মনমোহন সিংয়ের এমনই আরেক সহকারীর নাম টি কে এ নায়ার। তাঁকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ‘তৃতীয় নয়ন’ বলা হয়। তিনি পদবিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। একজন প্রখ্যাত আমলা হিসেবে তিনি এ পর্যন্ত ভারতের তিনজন প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন। আই কে গুজরাল ও অটল বিহারি বাজপেয়ির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার পর তিনি এখন মনমোহন সিংকে পরামর্শক। দিল্লির সরকারি মহলে তাঁকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, তা হলো নায়ারকে কোনো দায়িত্ব দিলে সেটা সাফল্যের মুখ দেখেই। মনমোহনের ‘ভারত নির্মাণ’ কর্মসূচির একজন সার্থক রূপকার তিনি। সমস্যাসংকুল জম্মু ও কাশ্মীরের উন্নয়ন পরিকল্পনা তাঁরই মস্তিষ্কপ্রসূত। এ ছাড়া তিনি গ্রামীণ উন্নয়ন তথা তৃণমূল পর্যায়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে মনমোহনকে সহায়তা করে থাকেন। গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পদ-পদবিতে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও নায়ার একজন প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। ভারত সরকারের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক ব্যাপারগুলোতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন সি রঙ্গরাজন। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া) সাবেক গভর্নর রঙ্গরাজন বিভিন্ন সংস্কার কার্যক্রমের অন্যতম নিয়ামক ব্যক্তি। তিনি মনমোহন সিংকে বিভিন্ন অর্থনৈতিক নীতি-নির্ধারণী বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। বাজেট প্রণয়নে তিনি অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে প্রয়োজনীয় পরামর্শও দিয়ে থাকেন। মনমোহনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গতি সঞ্চার করতে মন্টেক সিং আলুওয়ালিয়ার জুড়ি নেই। সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়িত হচ্ছে, কোথায় আটকে আছে, কোন সমস্যার মুখোমুখি হচ্ছে এগুলো তিনিই দেখেন। তিনি সব মন্ত্রীর সঙ্গে সমন্বয়ক হিসেবে কাজ করেন।শিবশঙ্কর মেনন, টি কে নায়ার, সি রঙ্গরাজন ও আলুওয়ালিয়ার মতো ব্যক্তিত্বের পাশাপাশি রাজনীতিবিদ মনমোহন সিংয়ের সঙ্গে রয়েছেন কয়েকজন রাজনীতিবিদ, যাঁরা তাঁদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ঝাঁপি খুলে প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। এ দলে আছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা, সংসদবিষয়কমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। এঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও ঝানু রাজনীতিবিদ ও পরামর্শক হচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। একজন রাজনীতিবিদ কতটা অভিজ্ঞ ও ঋদ্ধ হলে তিনি পরপর দুবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। যেকোনো রাজনৈতিক ইস্যুতে মনমোহন সিংয়ের রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি প্রবল আস্থা। ইউপিএতে বিভিন্ন দল বিশেষ করে মমতা ব্যানার্জির মতো কার্যকর ও কিছুটা আবেগী মন্ত্রী ও নেতাদের প্রণব মুখোপাধ্যায়কে দিয়েই নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে বর্তমান সরকারের বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির বাস্তবায়নে প্রণব মুখোপাধ্যায় নিজের ভূমিকা পালনের পাশাপাশি মূলত ইউপিএ সরকারের রাজনৈতিক এজেন্ডাগুলো তাঁর অভিজ্ঞতার পরশেই বাস্তবায়িত। একজন বাগ্মী, বিতার্কিক ও রাজনীতিক হিসেবে তাঁর খ্যাতি অনন্য। নিজদলের নেতা না হলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের ওপর মনমোহনের অসীম আস্থা। কৃষিমন্ত্রী হিসেবে তৃণমূল পর্যায়ে যোগাযোগই তাঁকে এ পর্যায়ে এনেছে। এ ছাড়া একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পাওয়ার খুব ভালো বোঝেন রাজনীতির গতি-প্রকৃতি।অন্যান্য দেশে প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীনদের কাছাকাছি পরামর্শক হিসেবে যাঁরা থাকেন, তাঁদের বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ। কিন্তু মনমোহনের এই বিশেষ বিশেষজ্ঞ দল এ রকম অভিযোগের ঊর্ধ্বে। এখনো পর্যন্ত তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যান্য অপরাধের অভিযোগ করার সাহস পর্যন্ত কারও হয়নি। তিনি তাঁর এই বিশেষ বিশেষজ্ঞ পরামর্শক দলের উদ্দেশে একবার বলেছিলেন, ‘যদি আমার নাম ভাঙিয়ে কেউ সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে, আমার পরিবারের কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ পান, তাহলে ব্যাপারগুলো আমার কাছ থেকে দয়া করে লুকাবেন না।’ যখন দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এ রকম কথা কেউ শোনেন, তখন অন্যদের জন্য দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া একটু কঠিন হয়ে পড়ে।