মনসায় জমজমাট বইমেলা
পটিয়ার মনসা গ্রামে তিন দিনব্যাপী জমজমাট বইমেলা শেষ হয়েছে ২১ ফেব্রুয়ারি। মনসা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলা এলাকার নতুন প্রজন্মের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
১৯ ফেব্রুয়ারি মনসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ-উর-রহমানের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন।
তিনি বলেন, মেধা ও মননের বিকাশে বইয়ের কোনো বিকল্প হতে পারে না। মনের খোরাক মেটাতে প্রত্যেকেই বই পড়ুন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনসা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নুরুল আবছার ও মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি চৌধুরী।
উদ্বোধন শেষে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্য অতিথি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তাঁরা এ উদ্যোগ অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মেলায় মনসা স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি, মনসা মাদ্রাসার দুটি এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্টল ছিল।
মনসা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও টিকে গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু তৈয়বের উদ্যোগে ২০১২ সালে প্রথম বইমেলা আয়োজন করে মনসা স্কুল অ্যান্ড কলেজ ও মনসা ইসলামিয়া মাদ্রাসা। তিন দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মেলার দ্বিতীয় দিন ছিল মনসা স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শেষ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শিশুদের ছড়া, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে লেখা বই, গল্প, উপন্যাস, নাটক, ইতিহাস ও গানের বইয়ের সমাহার ছিল মেলার স্টলগুলোতে।