
দোতারা হাতে এক বাউলের দেখা সোহরাওয়ার্দী উদ্যানের পাশের ফুটপাতে। নাম মনসুর রহমান। বাড়ি রাজশাহী। চোখ দুটো বুজে পথের ধারে বসে ময়ূরপঙ্খি দোতারাটায় গানের সুর তুলছেন। ফেব্রুয়ারি মাস। বইমেলার মৌসুম তখন। মেলায় প্রবেশপথে লোকজনকে গান গেয়ে মুগ্ধ করে যদি দুটো পয়সা জোগাড় করা যায় এই আশায়। বাড়িতে তাঁর বৃদ্ধা স্ত্রী; এক মেয়ে—বিয়ে দেন; দুই ছেলে, প্রত্যেকের রয়েছে পৃথক সংসার। তারা কৃষিকাজ করে কোনোরকমে সংসার চালায়। অভাব যেন তাঁর সর্বত্র জাল পেতে আছে। তাই ছেলেদের বোঝা হয়েও থাকতে চান না মনসুর।
তবে ওই যে বলছিলাম, ‘চোখ বুজে থাকা’; তা কিন্তু গানের সুরে মগ্ন হয়ে থাকা নয়, মনসুর আসলে দৃষ্টিপ্রতিবন্ধী। ছোটবেলায় মাত্র এক বছর বয়সে চোখ ওঠা থেকেই দৃষ্টিশক্তি হারান মনসুর। চোখ ওঠার ধকল ঠেকাতে প্রচলিত গাছগাছড়া থেকে তৈরি বনজ ওষুধ ব্যবহারেই এমন বিপদ ঘটে। মনসুর দুঃখ করে বলছিলেন, ‘আঁতুড়ঘরেই মাকে হারাই, বছর না যেতেই হারাই দৃষ্টি। ১৯৮৪ সালের দিকে একজন ওস্তাদকে ধরে ছয় মাস সারেগামার ওপর প্রশিক্ষণ নিলাম। আমার ওস্তাদ ছিলেন শেখ কাঞ্চন, তিনি তখন রাজশাহী বেতারে কাজ করেন।’
এরপরই চলে দোতারার সঙ্গ নিয়ে টুকটাক গান গেয়ে ফেরা। মাসে একবার রাজশাহী বেতারে দোতারা বাজান। সেখানে শিল্পীদের গাওয়া পল্লিগীতি বা লালনগীতির সঙ্গে দোতারায় সুর তোলার সুযোগ পান মনসুর। মনসুর রহমান বলেন, ‘তাতে আট-নয় শ টাকা করে পাই। কিন্তু তাতে কি আর সারা মাসের সংসার চলে? তাই দুটো পয়সার খোঁজে এখানে-ওখানে ঘুরে বেড়াই। সময়ে সময়ে ঢাকায় আসি।’
ঢাকায় এলে থাকেন রমনা পার্কে। বইমেলার সময়টায় সোহরাওয়ার্দী উদ্যানে আর না হয় হাইকোর্ট মাজারের দিকে বসেন দোতারায় সুর তুলতে। রাতটা পাড় করে দেন রমনা পার্কে শুয়েই। তা আপনি ঢাকায় আছেন কত দিন? উত্তরে বলছেন, ‘বাপু রে, কত দিন যে থাকতে পারব? এখন শরীরের অবস্থা খারাপ। জীবন চলে না। এই যেমন দুপুরে খাওয়াদাওয়া করতে পারিনি। কী খাব? টাকাপয়সা থাকলে তো। টাকা তো আমি ও রকম পাই না, আর আমি লোকের কাছে হাত পেতেও টাকা চাই না। এই যে বসে থেকে বাজাচ্ছি, কারও মনে ধরলে হয়তো দু-একটা টাকা দিল নইলে না দিল।’
এম এ হান্নান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা