মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের মনসুরাবাদে আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয় থেকে নগরের ছয়টি এবং জেলার আটটি থানার বাসিন্দারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় বসবাসরত বিদেশি নাগরিকেরা ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন। চট্টগ্রাম ও কুমিল্লা ইপিজেডসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক কর্মরত আছেন। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তাঁদের মনসুরাবাদের কার্যালয়ে আবেদন করতে হবে।জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর ০ দশমিক ৪ একর জমির ওপর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয় ভবনটি নির্মাণ করে। ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ছয় কোটি টাকা। গত বছরের মার্চে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ১৩ মাস সময় লেগেছে। প্রকল্প পরিচালক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তসলিমউদ্দিন জমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগেই আমরা পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব।’পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়, নগরের পাহাড়তলী, ডবলমুরিং, বন্দর, হালিশহর, পতেঙ্গা ও খুলশি থানা এবং জেলার সীতাকুণ্ড, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সন্দ্বীপ ও ভুজপুর থানা এলাকার বাসিন্দারা এ কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তবে নগরের অন্য ছয়টি থানা ও জেলার অন্য সাতটি থানা এলাকার বাসিন্দারা আগের নিয়মে পাঁচলাইশ এলাকার পুরোনো কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক কফিলউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মনসুরাবাদ কার্যালয় থেকে চট্টগ্রাম বিভাগে বসবাসরত কিংবা কর্মরত বিদেশি নাগরিকেরা ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন। ওই কার্যালয়ের প্রধান হবেন একজন পরিচালক। পাশাপাশি পাঁচলাইশ কার্যালয় থেকে নগরের ছয়টি ও জেলার সাতটি থানার বাসিন্দাদের পাসেপোর্ট সরবরাহ করা হবে। পাঁচলাইশ কার্যালয়টি একজন উপপরিচালক নিয়ন্ত্রণ করবেন।’ প্রশাসন সূত্র জানায়, পাসপোর্ট ও ভিসা ভবন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বেলা ১২টা ৪০ মিনিটে মনসুরাবাদে উপস্থিত হওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে। ১৫ মিনিট পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। এর মধ্যে নতুন ভবনের উদ্বোধন ও মোনাজাত এবং পরে গাছের চারা রোপণের কর্মসূচি রয়েছে। এদিকে, মনসুরাবাদে নতুন পাসপোর্ট ও ভিসা ভবন নির্মাণ করার কারণে পাঁচলাইশ কার্যালয়ে সংশ্লিষ্ট নাগরিকদের চাপ কিছুটা কমে যাবে। এতে নাগরিকেরা সন্তোষ প্রকাশ করেছেন। আগ্রাবাদের বাসিন্দা আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘নগরের দুই প্রান্তে দুটি পাসপোর্ট কার্যালয় থাকায় সময় ও ভোগান্তি অনেক কমে যাবে। একটি আবেদনপত্র জমা দিতে লাইনে দাঁড়িয়ে আগের মতো দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’