ঘুম ভেঙেছে খানিক আগে। অথচ চোখের পাতা দুটো খুলতে ইচ্ছা করছে না। কেমন জানি শীত শীত লাগছে। মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। অতি কষ্টে চোখ খুললাম এবং চোখ খুলেই সম্পূর্ণরূপে ভড়কে গেলাম। অথচ আমার আনন্দিত হওয়ার কথা। চারপাশটা এত সুন্দর করে গোছানো, দেখলেই মন ভালো হয়ে যায়। কিন্তু আমার মন ভালো হচ্ছে না। কারণ, এটা আমার ঘর না। তাহলে? আমি কোথায়? আমি হুড়মুড় করে উঠে পড়লাম। তখনই পেছন থেকে অতি খটখট একটা গলার সুপ্রভাত, মি. রিড, মাথাটা পেছনে ঘুরিয়ে দেখি, আমার থেকে খানিক দূরে দাঁড়িয়ে আছে একটা রোবট! কী তার চেহারা! দেখেই আমার আক্কেলগুড়ুম হয়ে যায়। আমি এমনিতেই অনেক রগচটা মানুষ, তার ওপর চেহারার এ হাল দেখে মেজাজ সপ্তমে চড়ে গেল। রোবটের সম্ভাষণ থোড়াই কেয়ার করে বললাম, ‘এই ব্যাটা বদমাশ রোবট, আমি এখানে কেন?’‘আমি তা বলার অধিকার রাখি না।’মারব এক থাপ্পড়!‘আপনি অত রেগে যাচ্ছেন কেন?’রাখব না তো কী করব? বল, আমি কোথায়?‘আমরা এখন রেটিনা মহাকাশযানে। পৃথিবী থেকে ছয় আলোকবর্ষ দূরে টেস্কো গ্রহের দিকে আমাদের যাত্রা।’ওখানে গিয়ে আমি করবটা কী?‘তা আমি বলব না, তবে আমি আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারি।’কফির কথা শুনে আমার মনটা নরম হয়ে গেল। কিছুক্ষণ পর ফালতু চেহারার রোবটটা আমাকে কফি দিয়ে গেল। গরম কফি। অতি সুস্বাদু এবং অসাধারণ ঘ্রাণ। আমি নরম সোফায় বসে কফি খাচ্ছি আর ভাবছি, কী করে এলাম এখানে? সাধারণ একটা মানুষ আমি, আমার হঠাৎ টেস্কো যেতে হবে কেন? আর জায়গাটাই বা কোথায়? আরে বাবা, আমি তো ভালোই ছিলাম। প্রতিদিন সকালে ট্যানারিতে কাজ করতাম। গায়ে লেগে থাকত গরু, শূকরের চামড়ার গন্ধ! সে গন্ধ-গায়ে বিকেলে দেখা করতাম হবু বউ মনিকার সঙ্গে। গায়ে গন্ধ থাকা সত্ত্বেও সে আমার বুকে মাথা রাখত। তার নীলাভ চোখ, রেশমি চুল, গালে পড়া ছোট্ট টোল দেখে আমি মুগ্ধ হতাম বারবার। আর মাত্র দুই সপ্তাহ পরেই আমাদের বিয়ে। মনিকার কথা ভেবে আমার ডাক ছেড়ে কাঁদছে ইচ্ছা করল। ও এখন কী করছে? নিশ্চয়ই বসে বসে কাঁদছে, এদিক-ওদিক আমার খোঁজে মরিয়া হয়ে উঠছে। ও যে ওর জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। ওহ্ খোদা, মনিকাকে এত কষ্ট দিয়ো না, প্লিজ! মনিকা, আমার সোনা। প্লিজ, কেঁদো না, কফির কাপের দিকে তাকিয়ে মনে হলো কফি খেতে মনিকা খুব পছন্দ করত। ওর জন্যই কফি আমারও নেশা হয়েছে। আর আজ, আমি ওকে ছেড়ে আয়েশ করে একলা একলা কফি খাচ্ছি! কফির কাপটা ছুড়ে ফেললাম। রোবটটা শব্দ শুনে এল এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। ওকে হয়তো প্রোগ্রাম দেওয়া হয়নি কাপ ভেঙে ফেললে কী করতে হয়? ব্যাটা গবেট!‘সুপ্রভাত, মি. রিড।’একটা সবুজ আলো ঢুকল ঘরে। আমি ক্যাবলার মতো ইতিউতি তাকাতে লাগলাম।‘কে?’আমি রেটিনা মহাকাশযানের নিয়ন্ত্রক কম্পিউটার। আমার নাম মি. এক্স।‘ও, তা তুমিই মেইন কালপ্রিট। তা বলুন, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেনই বা যাওয়া হচ্ছে?’আপনি অত উত্তেজিত হবেন না। আপনি মানবগোষ্ঠীর এক বিরাট কল্যাণে নিজেকে উৎসর্গ করছেন, এ কথা শুনে আপনি নিশ্চয়ই আনন্দিত বোধ করবেন।‘আমি মোটেই আনন্দিত হচ্ছি না এবং নিজেকে উৎসর্গ করাতে আমি কোনো দরকার মনে করছি না। আমি পৃথিবীতে ফিরে যেতে চাই।’শুনুন, টেস্কো গ্রহে উন্নত প্রযুক্তির এক বিপুল ব্যবস্থা রয়েছে। তাদের সঙ্গে পৃথিবীর প্রযুক্তির বিনিময়, আমাদের বৃহত্তর মানবগোষ্ঠীর জন্য এক বিরাট লাভ।‘আমি কি একটা প্রযুক্তি?’টেস্কো গ্রহের উন্নত প্রযুক্তির সঙ্গে আমাদের কোনো প্রযুক্তিই পাল্লা দিতে পারবে না। আমাদের আছে মানুষ, যার ভেতর সঞ্চিত আছে আদিম গূঢ় রহস্য, ডিএনের রহস্যময় ব্যাপার, যা টেস্কো গ্রহের প্রাণীদের কাছে সম্পূর্ণ নতুন এবং আধুনিক।‘ব্যাটা, তুই মানুষ হলে তোরে ভর্তা বানায়া ফেলতাম, ব্যাম্বো ডলা দিয়ে বোঝাতাম প্রযুক্তি কাহাকে বলে? পৃথিবীতে আর মানুষ ছিল না?’তা ছিল। কিন্তু পৃথিবীতে থেকে আপনিই বা কী করতেন, সাধারণ চামড়াকর্মীর কাজ ছাড়া। আর আপনি এ রকম একটা মহৎ কাজ...।অফ যা ব্যাটা। ‘মি. এক্স চুপ করে গেল। কিন্তু এখনো বুঝতে পারছি না কেন আমাকেই বলি বানানো হচ্ছে? ভদ্রভাবে কথা বলে জেনে নিতে হবে।’মি. এক্স শুনতে পাচ্ছেন?‘পাচ্ছি।’আমাকে কেন নির্বাচন করা হলো এ যাত্রায়?‘আপনার ডিএনএ প্রোফাইলে একটু বিশেষত্ব ছিল বলে। তা ছাড়া আপনার মতো সাধারণ চামড়াকর্মীর জীবনকে আমরা মহতী করে তুললাম।’কী করে করলেন, এসব?‘শেষ বিকেলে আপনার কফিতে কড়া ডোজ দিয়ে আপনাকে চার দিনের জন্য অজ্ঞান করে দেওয়া হয়, আর এ চার দিনের মধ্যে আমরা আমাদের কাজ ফয়সালা করি।’কফিতে কড়া ডোজ দিলেন কী করে?‘আমরা দিইনি, দিয়েছে মনিকা, তিনি তো কাজে আমাদের যথেষ্ট সাহায্য করেছেন।’আমি থমকে গেলাম। মনিকা এ কাজ করেছে?মি. এক্স মনিকা এ কাজ কেন করল?এর বিনিময়ে সে প্রচুর অর্থ পেয়েছে, যা দিয়ে তার দুই প্রজন্ম হেসেখেলে কাটাতে পারবে।জানেন, মনিকা আমাকে কত ভালোবাসত।‘ওটা মানবিক ব্যাপার। আমাদের বোঝার বাইরে।’না বুঝে ভালো করেছেন।আমার আসলে এ মুহূর্তে ঠিক কান্না পাচ্ছে না, কেমন জানি অসহায় লাগছে, টেস্কো গ্রহের প্রাণীরা আমাকে গিনিপিগ বানিয়ে জীবনরহস্য উদ্ঘাটন করবে, যা তাদের কাছে সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। ভালোই তো! মনিকাও কি আমাকে গিনিপিগ বানায়নি?মি. এক্স যাত্রা কত দূর?‘এই তো, প্রায় এসে পড়েছি।’আমি চোখ বুঝলাম আহ্, মনিকা, তুমি না আমায় ভালোবাসতে?মারজিয়া প্রভাপিসি কালচার হাউজিং সোসাইটি, ঢাকা।