মনিপুরের দুই 'লৌহমানবী' ও এক সিনেমা
গত শুক্রবার ভারতের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে মনিপুরের মেয়ে মুষ্টিযোদ্ধা ম্যারি কমের জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘ম্যারি কম’। একই দিনে ১০ হাজার রুপির ব্যক্তিগত জামিনে মনিপুরের বিচারিক হেফাজত থেকে মুক্তি নিতে অস্বীকৃতি জানিয়েছেন অনশনরত অধিকার কর্মী ইরোম শর্মিলা। হিন্দুস্তান টাইমস এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে মনিপুরের এই দুই ‘লৌহমানবী’র কথা।
মনিপুরের এই দুই নারীর জীবন বিপরীতধর্মী। ম্যারি কম ভারতীয় পুলিশ বাহিনীর কর্মকর্তা এবং মুষ্টিযুদ্ধে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট। ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর অলিম্পিকে স্বর্ণ জয়ের নেশায় এখনো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে ২০০০ সালে ইমফলের এক গ্রামে আসাম রাইফেলসের গুলিতে ১৪ জন নিহত হওয়ার প্রতিবাদে অনশন শুরু করেছিলেন অধিকার কর্মী ইরোম শর্মিলা। তখন তাঁর বয়স ছিল ২৭ বছর। কখনোই কোনো শর্তে মুক্তি নিতে রাজি না হওয়ায় গত ১৪ বছর ধরেই লাগাতার অনশন করছেন তিনি। কিন্তু নাকে নল ঢুকিয়ে জোর করে খাইয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাঁকে। ভারতের ‘সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বাতিলের দাবিতে এই অনশন চালিয়ে আসছেন তিনি। ওই আইনে ভারতের সংঘাতময় এলাকায় যে কাউকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।
একই দিনে ‘ম্যারি কম’ সিনেমার মুক্তি এবং বিচারিক হেফাজত থেকে জামিনের বিনিময়ে ইরোম শর্মিলার স্বেচ্ছায় মুক্তি না নেওয়া যেন ভারতের সংঘাতময় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের বাস্তবতার এক প্রতীকী চিত্র ফুটে উঠেছে।

সশস্ত্র গেরিলাদের নিষেধাজ্ঞার কারণে মনিপুর রাজ্যের দর্শকেরা দীর্ঘদিন ধরেই সিনেমা হলে গিয়ে হিন্দি সিনেমা দেখতে পারছেন না। ফলে মনিপুরের ‘লৌহমানবী’ মুষ্টিযোদ্ধাকে নিয়ে বানানো ‘ম্যারি কম’ও সিনেমা হলে দেখতে পারবেন না তাঁরা। আর শুক্রবার মণিপুর ছাড়া বাকি ভারতের দর্শকেরা যখন ‘ম্যারি কম’ দেখতে সিনেমা হলে ঢুকছিলেন ঠিক তখনই আদালত থেকে ইরোম শর্মিলাকে নিয়ে পুনরায় হাসপাতালে ফিরছিল পুলিশের একটা সশস্ত্র দল। কারণ শর্তসাপেক্ষ এই মুক্তি মেনে নেননি শর্মিলা।
৪২ বছর বয়সী শর্মিলাকে দীর্ঘদিন ধরেই বিচারিক হেফাজতে ইমফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে রাখা হয়েছে। সেখানকার ১০ ফুট বাই ১২ ফুটের একটি বিশেষ ওয়ার্ডই এখন তাঁর ‘বাড়ি’। স্থানীয় আদালত গত ২০ আগস্ট তাঁকে মুক্তি দিলেও অনশন চালিয়ে যাওয়ায় দুই দিন পরই তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
ইমফলের পরমপাত এলাকায় শর্মিলার এই হাসপাতাল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই গেমস ভিলেজে থাকেন ম্যারি কম। কিন্তু কখনোই দুজনের দেখা হয়নি। সম্ভবত পুলিশ অফিসার হওয়ার কারণে নানা বিধি নিষেধের মধ্যে থাকতে হয় তাঁকে।

হাসপাতাল কক্ষে হিন্দুস্তান টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে শর্মিলা জানিয়েছেন, মণিপুরে হিন্দি সিনেমা নিষিদ্ধ রাখার পক্ষে নন তিনি। পাশাপাশি ম্যারি কমের জীবনী নিয়ে বানানো সিনেমা সম্পর্কে তিনি বলেন, এই সিনেমা হয়তো ম্যারি কম বা অন্য অনেককে উত্সাহ জোগাবে কিন্তু নিজের জীবন কাহিনির ‘বাণিজ্যিকীকরণ’ চান না তিনি। অবশ্য বাণিজ্যিক সিনেমায় না হলেও ইতোমধ্যেই বহু দেশি-বিদেশি প্রামাণ্যচিত্রের বিষয় হয়েছেন এই মণিপুরের ‘লৌহ মানবী’ খ্যাত এই নারী।
এদিকে হিন্দুস্তান টাইমসকে ম্যারি কম জানিয়েছেন, নামভূমিকায় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এ সিনেমার মুক্তিতে ভীষণ আনন্দিত তিনি। ম্যারি কম আরও জানান, তিনি কখনোই ভাবেননি যে, তাঁর জীবনী নিয়ে সিনেমা বানানো হবে। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। তাই আমি সত্যিই চাই যে এই সিনেমা তাঁদেরকে কঠিন সময় পাড়ি দেওয়ার সাহস জোগাক।’