মনিরদের হাতেই ঢেঁকিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ জানুয়ারি সকাল ১০টা। পৌষের কনকনে শীত। কোথাও একটু রোদ আবার কোথাও ঘন কুয়াশা। সামনেও তেমন কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা ভেদ করে পৌঁছে গেলাম চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামে। সঙ্গে দরবেশকাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ। চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে দরবেশকাটার দূরত্ব ১২ কিলোমিটার। শীতে দুজনেরই জবুথবু অবস্থা। মোটর সাইকেলে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের চোঁয়ারফাঁড়ি পৌঁছতেই চোখে পড়ল কুয়াশার চাদরে ঢাকা বিস্তীর্ণ লবণমাঠ। যেতে যেতে লবণচাষিদের অবস্থা সম্পর্কে জানতে চাইলাম সাজ্জাদের কাছে। বললেন, ‘অবস্থা মোটেও ভালো নয়। চাষিরা মাঠে নামছেন না। লবণের দাম নেই।’ এর মধ্যে পৌঁছে গেলাম দরবেশকাটা গ্রামে। দরবেশকাটা দেশের সবচেয়ে বড় লবণ উত্পাদন কেন্দ্র (কক্সবাজারের বৃহত্তর লবণমাঠ)।প্রধান শিক্ষকের কক্ষেই কথা হয় কয়েকজনের সঙ্গে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছলিমুল্লাহ চৌধুরী আক্ষেপ করে বলেন, লবণচাষ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। সরকারও সুনজর দিচ্ছে না। অথচ কক্সবাজারের লবণ নিয়েই সারা দেশের চাহিদা মেটানো হয়। এ বছর লবণচাষের ভরমৌসুমেও চাষিরা মাঠে নামছে না। তাঁর কথা শেষ হতে না হতেই চাষি শফিউল আলম বলেন, ‘শুনছি লবণ আমদানির কারণে আমাদের লবণের দাম কমে গেছে।’ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে স্থানীয় মিজানুর রহমান রাশেদকে নিয়ে গেলাম লবণমাঠে।মিজানের চৌদ্দপুরুষের পেশা লবণচাষ। শুষ্ক মৌসুমে লবণচাষ করেই পুরো বছরের খরচ জোগাড় হয়। এ ছাড়া এলাকার কেউ জমি লাগিয়ত করেন, কেউ ব্যবসা করেন আর কেউ লবণমাঠে শ্রম দেন। চকরিয়া-মহেশখালী সড়কের পূর্ব দিকে ইট বিছানো সড়ক দিয়ে শ খানেক বাড়ি-ঘর ছেড়ে গেলেই দিগন্ত জোড়া লবণমাঠ। মাঠে ঢুকতেই দেখা গেল একটি শিশু ঢেঁকিকল (দোন) দিয়ে পানি তুলছে। বয়স বড়জোর আট-নয়। তার পাশে গিয়ে বললাম কী কর? ‘দ্যাখেন না মাঠে পানি দিচ্ছি?’ তোমার নাম? ‘মনির রহমান।’ বিদ্যালয়ে যাও না—জিজ্ঞেস করতেই চেহারা লজ্জায় লাল হয়ে যায়। বলে, ‘ক্লাস টু-তে পড়ি। কখনো যাই, কখনো যাই না।’ মনিরের স্কুলে যাওয়ার ইচ্ছে থাকলেও পারে না। মানে তার স্কুলে যাওয়াটা আধাআধি! বাবা জসিম উদ্দিন গরিব। আর্থিকসংকটের কারণে চাচা মোহাম্মদ শফির বাড়িতে থাকে সে। মাঠে চাচাকে সহযোগিতা করে। এ বছর লবণের দাম কম হওয়াতে চাচা অন্য কাজে বেশি সময় দিচ্ছেন। ‘গত বছর তিন-চারজন আইল্লা (শ্রমিক) ছিল। এ বছর এখনো কাউকে রাখেনি। তাই আমি কোনোমতে মাঠ তৈরি করছি। বুঝেন না লাভ না হলে মানুষ রাখবে কীভাবে?’ বলল মনির রহমান। সে কথা বলে আর রশি ধরে পা চাপে ঢেঁকিকলে। লোনা পানি আল ছাপিয়ে জমি ভরছে। পাশের জমিতে কাজ করছে দিদারুল ইসলাম ও বোরহান উদ্দিন। দিদার তৃতীয় শ্রেণীতে আর বোরহান পঞ্চম শ্রেণীতে পড়ে। তারাও বাবার মাঠে সহযোগিতা করছে। ওরা ছাড়া বিস্তীর্ণ লবণমাঠে তেমন কারও দেখা মেলেনি। সঙ্গী রাশেদকে নিয়ে একটু সামনে এগোতেই দেখা গেল চাষি আবদুল মোনাফ (৪০) পাট্টি নিয়ে মাঠ পরিষ্কার করছেন। তাঁর সঙ্গে আলাপ করতে করতে আরও চার-পাঁচজন চাষি মাঠ থেকে এসে জড়ো হলেন। সাংবাদিক পরিচয় পেয়ে তাঁরা বলেন,‘কীভাবে লবণমাঠ হবে? এক মণ লবণের দাম এখন ৬০-৭০ টাকা। উত্পাদন শুরু হলে কত টাকা হয় তা কেউ জানে না! এ বছর আমরার খাওন-দাওন কোত্থেকে হবে আল্লাই জানে! ভাই আমাদের দুঃখের কথা পত্রিকায় ছাপিয়ে দেবেন?’কামাল উদ্দিন জানালেন, ‘জমির মালিক অগ্রিম চালের বস্তা আর দেড় হাজার টাকা খানা খরচ দিয়ে মাঠে নামিয়েছেন। লাভ হলে দুজনের সমান সমান। লোকসান হলে আমার শ্রম বৃথা যাবে।’মাঠ থেকে ফিরতেই দেখা হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) লবণ চাষ প্রকল্পের চকরিয়া কার্যালয়ের সহকারী মো. আবু তাহেরের সঙ্গে। তাঁদের কার্যালয়ও দরবেশকাটায়। তিনি জানালেন, ‘গত বছর এ সময়ে লবণ উত্পাদন শুরু হয়েছিল। কিন্তু এ বছর এখনো চাষিরা পুরোপুরি মাঠে নামেনি।’এবার ফিরতে ফিরতে মনে হলো মনিরের কথা। কারণ লবণচাষও হয়েছে মনিরের মতোই আধাআধি!