পৃথিবী বিখ্যাত মনীষীরা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতেন, তাহলে কেমন হতো? বিশেষ করে তাঁদের অভিভাবকদের চাওয়াই বা হতো কেমন? চলুন, দেখা যাক। লেখা: মাসউদ ফোরকান

অ্যারিস্টটলের মায়ের বক্তব্য
ভাবি, জানেনই তো আমার ছেলেটা একটা জিনিয়াস! আপনাদের চোখের সামনেই তো বড় হলো। ছেলের জ্ঞানজগতের কোন শাখায় আগ্রহ নাই, বলেন! সব সাবজেক্টেই ও ভালো। আপনার ভাই বলেছেন বুয়েটে, মেডিকেলে, ঢাবিতে ওকে ফার্স্ট হতেই হবে। পরে অ্যারিস্টটলের যেটা পছন্দ সেখানে নাহয় পড়ল! মা-বাবা হিসেবে আমরা যদি একটু গর্বই না করতে পারি, তাহলে আর কী লেখাপড়া শেখালাম, বলেন! এক মাস আগে দেখলাম, কী এক সমাজবিজ্ঞানের তত্ত্ব নিয়ে দুই দিন ধরে পড়ে আছে। ওর বাবা দেখে দিলেন ঝাড়ি, ‘এক মাস পরে বুয়েট-ঢাবিতে পরীক্ষা আর তুমি এসব সমাজ, রাষ্ট্র নিয়ে মশকরা করো? অঙ্কগুলো ভালো করে দেখো।’ ছেলেটা আমার অবশ্য সারা দিনই পড়ে...।

আইজ্যাক নিউটনের বাবার বক্তব্য
ভাই, বলেন তো কী কাণ্ড! প্রতিভাবান সন্তান জন্ম দিলে কত যে ঝামেলা! কদিন পর ভর্তি পরীক্ষা। এখন কোথায় খাওয়াদাওয়া করবে ঠিকমতো, ফলমূল, দুধ খেয়ে ফিট থাকবে তা না! তার মাথায় আপেল পড়েছে, সাথে সাথে আবার সূত্রও বের করে ফেলেছেন! আরে বোকা, পাড়ার দুষ্টু ছেলেরা হয়তো আপেল ছুড়ে মেরেছে, আর উনি ভেবে বসে আছেন গাছ থেকে নাকি আপেলটা আপনা-আপনি পড়েছে। বলেন, এটা কোনো কথা? ছেলেকে আমার কম্পিউটার সায়েন্সে পড়ানোর শখ। বুয়েট-ঢাবিতে প্রথম দিকে না থাকলে কি আর ভালো সাবজেক্ট পাওয়া যায়! ভালো করে না পড়লে তো ওই আপেল বেচেই খেতে হবে!

ইবনে সিনার মায়ের বক্তব্য
ভাবি, এসএসসি, এইচএসসি দুটোতেই আমার ছেলের গোল্ডেন আছে। এই ছেলে ডাক্তার না হলে কে হবে! তিনটা মেডিকেল কোচিংয়ে ভর্তি করালাম। ভালোই নম্বর পাচ্ছে। ওর বাবা বলল, মেডিকেলে ফার্স্ট হলে নাকি বাইক কিনে দেবে। ছেলে আমার বায়োলজিতে এত ভালো, ওর টিচাররা প্রশ্নের উত্তর দিতে হিমশিম খায়। তিনতলায় থাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলরা। ও নাকি মেডিকেলে পরীক্ষা দেবে। আরে ওর যে ব্রেন, ও তো মেডিকেলে রোগী হিসেবেও ভর্তি হতে পারবে কি না সন্দেহ! আমার ছেলের সাথেই কোচিং করে অবশ্য...।

আলবার্ট আইনস্টাইনের বাবার বক্তব্য
বুঝলেন জামিল সাহেব, এ রকম ক্রিয়েটিভ ছেলেকে নিয়ে আর পারা গেল না! ক্লাসের দেয়ালে নাকি কি সূত্রটুত্র লিখে ভরে ফেলেছে। এখন আমাকে নাকি জরিমানা দিতে হবে। টাকা কি গাছে ধরে! এমনিতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিশ্ববিদ্যালয় তিন কোচিংয়েই ভর্তি করালাম কদিন আগে। আর কত খরচ করা যায় এই এক ছেলের পেছনে, বলেন। বাকিগুলার খরচও তো আছে! ছেলে আমার ফিজিকস পড়তে চায়। আরে ট্রিপল ই, সিএসইতে না পড়লে কোনো চাকরি আছে! তবে ছেলেটার কিন্তু ব্রেনটা খুবই শার্প। সমস্যা একটাই, ঠিকমতো পড়ে না! কোথাও না টিকলে অবশ্য প্রাইভেটেই দিতে হবে! তবু ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতেই হবে!

রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের বক্তব্য
আমার রবিটা বুয়েট, মেডিকেল আর ঢাবির ফরম তুলেছে। অথচ লেখাপড়ার কোনো নামগন্ধ নেই! কোথাও না টিকলে বিদেশে পড়াতে পাঠিয়ে দেব। এত সম্পত্তি ছেলের জন্যই তো। এই জিনিস আবার ও টের পেয়েছে, বুঝলেন! কোচিংয়ে তাই ফাঁকি দিচ্ছে। কি কবিতা-গল্প নাকি লেখে আজকাল। গত বইমেলায় ওর অবশ্য বইও বের হয়েছিল। প্রতিভা আছে, কিন্তু পড়াশোনা না করলে ওসব প্রতিভা ধুয়ে পানি খাবে নাকি! ছেলের আবার শখ ঢাবিতে বাংলায় পড়বে! এটা কোনো কথা? বই বেচে জীবনযাপন! অবশ্য ওর বাবার যা আছে, তা বসে খেলেও সারা জীবন দিব্যি চলে যাবে। কিন্তু ওর বন্ধুরা সব বুয়েট-মেডিকেলে পড়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে, আর ও বই-টই লিখে গরিবি হালে জীবন কাটাবে, এটা তো ভাবতেই পারি না! নো ওয়ে!