মনুষ্যত্বের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিনের ব্যবধানে খবরের কাগজের প্রথম পাতায় দুটি খবর দেখে শঙ্কিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্যরা বেদম পেটাচ্ছে ছাত্রদলের ছেলেদের। এরাও ছাত্র, ওরাও ছাত্র। কিন্তু সম্পর্কটা তাদের সাপে নেউলে। এই দৃশ্য কেউই দেখতে চায় না।তবে তারও কিছুদিন পর, ১৮ সেপ্টেম্বর প্রথম আলোর রাজধানী পাতায় আরেকটি সংবাদ ছাপা হলো। শিরোনাম দেখে মনে হলো, ভুল দেখছি না তো! পত্রিকার কোনো ক্লান্ত সহ-সম্পাদক সংবাদটি সম্পাদনা করতে গিয়ে ভুল করে বসেননি তো! ছাত্রদল নেতাদের ফুল দিয়ে বরণ করল ছাত্রলীগ! এ রকম ঘটনা কি সত্যিই ঘটেছে! খবরটি পড়ে স্বস্তি পাওয়া গেল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ভুল লেখেননি। সহ-সম্পাদকও দেখার সময় যত্ন নিয়েই দেখেছেন খবরটি। সত্যিই ওই বিশ্ববিদ্যালয়ে ফুলের আদান-প্রদান হয়েছে এবং মিষ্টিমুখও করেছেন প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন দুটোর নেতারা। সংবাদটির সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতাদের মিষ্টিমুখ করানোর ছবি থাকলে আরও ভালো লাগত। এটুকু লিখে একেবারে অন্য রকম একটি ভাবনা এল মনে। আরে! এটাই তো হওয়ার কথা ছিল! শিক্ষাপ্রতিষ্ঠানে তো শিক্ষার্থীরা যায় পড়াশোনা করতে। রাজনৈতিক মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু তারা তো শিক্ষার্থীই। একই পথের যাত্রী। ক্যাম্পাসে সবারই সমান অধিকার। তারা তো আন্দোলন করবে শিক্ষাসামগ্রীর দাম কমানোর জন্য, ঠিকমতো ক্লাসের নিশ্চয়তার জন্য, ঠিক সময়ে শিক্ষাবর্ষ শেষ করার তাগিদে। কিন্তু ভিন্নমতাবলম্বী হলেই অন্যের প্রতি পেশিশক্তি প্রদর্শন করতে হবে—এ কেমন কথা!আমরা তো মানুষ ও মনুষ্যত্বের জয়ই দেখতে চাই।জা. রে. নূ