মনে কী দ্বিধা রেখে গেলে চলে

প্রচণ্ড ইগো ছিল নভেরা আহমেদের। হাসপাতালে যদি যেতে হয়েছে কখনো, কাউকে দেখতে যেতে বলেননি। সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবারই প্রথম তিনি বললেন, আমি যেন তাঁকে দেখতে হাসপাতালে যাই।
দেখলাম, শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। সারা শরীরে নল। খেতে পারছেন না একদম। তরল কিছু খাওয়ানোর চেষ্টা চলছে। রেবতী—মরিশাসের মেয়ে, নভেরার দেখভাল করছেন। আমাকে দেখে নভেরা হাসলেন একটু। বললেন, ‘অনেক কথা বলার আছে।’
আমি বললাম, ‘সুস্থ হয়ে নিন। আমি আপনার বাড়িতে আসব।’
তিনি মাথা নাড়লেন। হাসলেন।
চার দিন পর। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, হাসপাতালে নয়, বাড়িতেই চালানো যাবে চিকিৎসা। এরপর নভেরার স্বামী গ্রেগোয়া আমাকে ফোন করলেন। তিনি বললেন, ‘শেষ দেখা দেখতে চাইলে আসেন।’
আমি হতভম্ব হয়ে বললাম, ‘আজ আসব?’ সেদিন সোমবার।
‘না। কাল মঙ্গলবার আসেন।’ বললেন গ্রেগোয়া।
প্রতিবারই আমাকে নিতে স্টেশনে আসেন গ্রেগোয়া। ৫ মে, সকালে তাই গ্রেগোয়াকে ফোন করে বললাম, ‘কটায় স্টেশনে আসবেন আপনি?’
মৃদু স্বরে গ্রেগোয়া বললেন, ‘ও চলে গেছে।’

দ্রুত পৌঁছালাম শঁন পামেল গ্রামে নভেরার বাড়িতে। প্যারিস থেকে তা ৬৭ কিলোমিটার দূরে। শাহাবুদ্দিন ব্যক্তিগত শোক একেবারেই সহ্য করতে পারে না। ও আসেনি। আমি এসেছি আমার মেয়ে চিত্র সিঁথিকে নিয়ে। বরাবরের মতোই স্টেশনে নিতে এসেছিলেন গ্রেগোয়া। বাড়িতে গিয়ে দেখলাম সবকিছু আগের মতোই আছে। আর ওই তো, শুয়ে আছেন নভেরা। ঘুমোচ্ছেন।
পড়শি এক নারী আমাকে দেখেই বুঝলেন, আমি নভেরার স্বদেশি। আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন তিনি। রেবতী আর আমার মেয়েও ধরে রাখতে পারল না চোখের পানি।
ভেতরের ঝড়কে বুঝতে না দিয়ে শান্ত থাকার ভান করে গ্রেগোয়া ওয়ার্ডরোব থেকে একে একে নামাচ্ছেন নভেরার জামাকাপড়। শেষযাত্রায় কোন পোশাকটা মানাবে ভালো, তা নিয়ে ভাবছেন। কালো রঙের প্রতি দারুণ আগ্রহ ছিল নভেরার। শেষযাত্রার কি সেটাই উঠবে ওর শরীরে? নভেরা তো দারুণ বর্ণিল জীবন পছন্দ করতেন, তাহলে কি শেষযাত্রার শরিক হবে রঙিন পোশাক? অনেক ভেবেচিন্তে একটা কমলা রঙের জামা বের করা হলো। দারুণ সুন্দর!
বহু আগে বাবা মারা যাওয়ার পর একবার কপালে হাত রেখেছিলাম। মৃতদেহ স্পর্শ করার ওই একটাই অনুভূতি ছিল আমার। এবার আমি স্পর্শ করলাম নভেরার কপাল। হিমশীতল একটি কপাল।
পরদিন তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হিমঘরে।
তাঁকে সমাধিস্থ করার দিন শিল্পী শাহাবুদ্দিনসহ আমরা অা
বার গেলাম নভেরার গ্রামে।

হিমঘর থেকে তাঁর মৃতদেহ আনতে গ্রেগোয়ার সঙ্গে যাই আমি আর রেবতী। কফিন ছিল প্রস্তুত। কফিনে নভেরার ডান কাঁধের পাশে গ্রেগোয়া রাখলেন তাঁর বাগানের একটি উজ্জ্বল হলুদ গোলাপ, তাঁর শেষ প্রদর্শনীর একটি ক্যাটালগ। বাঁ কাঁধের পাশে রাখলেন একটা পাখির মৃতদেহ। এটি সেই পাখি, যে পাখিকে নভেরা প্রতিদিন নিজ হাতে খাওয়াতেন। অদ্ভুত ব্যাপার হলো, এই পাখিও নভেরার সঙ্গে একই দিনে মারা গেছে।
নভেরার কফিন কবরে নামানোর আগে চিত্র সমালোচক ও কিউরেটর প্যাট্রিক আমিন, শাহাবুদ্দিন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও আমার মেয়ে চিত্র সিঁথি নভেরাকে নিয়ে আলোচনা করেন। প্যারিসপ্রবাসী অনেক বাঙালি শরিক হয়েছিলেন নভেরার শেষযাত্রায়।
২.
নভেরার কথা বলা হলে ঘুরেফিরে গ্রেগোয়া দ্য ব্রন্সের কথাও বারবার বলতে হবে। নভেরার স্বামী এই ভদ্রলোক একজন মাটির মানুষ, যেন বাঙালি মানসিকতা নিয়েই জন্মেছেন তিনি। নভেরাকে সমাহিত করার আগে তিনি শুধু বলতে পেরেছিলেন, ‘স্বর্গে আবার দেখা হবে।’ দুঃখ করে বলেছিলেন, ‘একটাই বিয়ে, একটাই জীবন।’ এ যেন এক বাঙালি স্বামী। আমার মনে পড়ে গেল, গ্রেগোয়ার মাধ্যমেই আমি নভেরার কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছিলাম।
গ্রেগোয়া দুঃখ করে বলেন, ‘খুব ইগো ছিল ওর। নিজে যা বুঝবে, তা–ই করবে, অন্যের কথা আমলেই নেবে না। চিকিৎসকেরা বলেছিলেন ফিজিওথেরাপি করাতে। করাল না। আমার কথা যদি একটু শুনত, তাহলে হয়তো আরও কয়েকটা বছর বাঁচত।’

গত শতকের নব্বই দশকের মাঝামাঝি থেকে আমি প্যারিসে নভেরাকে খুঁজতে থাকি। বাংলাদেশ দূতাবাস, মিনিটেল ঘেঁটে নভেরার সন্ধান করেছি। কিন্তু পাইনি। সে সময় প্যারিসে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেছিলেন, ‘কোথাকার কোন নভেরা, আমাদের কি ওসব মনে থাকে?’ এ কথা আমি কোনো দিন ভুলব না। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এ রকম উদাসীনতার কথা ভোলা যায় না।
নভেরার স্বামীর একটি বুটিকের দোকান ছিল প্যারিসে। তাঁকে আমি বারবার বলেছি নভেরার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। কিন্তু নভেরা তখনো ‘অবরোধবাসিনী’। কারও সঙ্গে দেখা করবেন না বলেই যেন পণ করেছেন। গ্রেগোয়ার সঙ্গে পরিচয়ের বছর দুই–আড়াই পর, ১৯৯৭ সালের অক্টোবরে একবার ওই বুটিকের দোকানে গিয়েছিলাম। গ্রেগোয়া ছিলেন না। সেখানে কালো শাড়ি পরিহিত এক নারীকে দেখলাম দেয়ালে ঝোলানো ছবিগুলো দেখছেন। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে আমি প্রাথমিক সম্ভাষণের পর জানতে চাইলাম, ‘আপনি কি নভেরা?’
আমার নাম বলতেই তিনি চিনলেন। কারণ, গ্রেগোয়া তাঁকে আমার ব্যাপারে বলেছেন। নভেরা বললেন, ‘এসো, এসো।’ নভেরা জানতেন, আমি তাঁকে খুঁজছি। এরপর একটু একটু করে আমার চোখের সামনে উদ্ভাসিত হলেন বাংলাদেশের প্রথম ভাস্কর। জানা গেল বাইজেন্টাইন শিল্পকলা সম্পর্কে তাঁর ভাবনার গভীরতা, নৃত্যশাস্ত্রের প্রতি তাঁর টান।
৩.
শহীদ মিনারের মূল নকশাকার নভেরা আহমেদ ছবিতে শহীদ মিনার দেখে আহত হয়েছিলেন। নভেরা ও হামিদুর রহমান যে নকশা জমা দিয়েছিলেন, তাতে মিনারে তিনটি স্তম্ভের নিচের দিকেই হওয়ার কথা ছিল স্টেইন গ্লাসের কাজ। সেখানেই থাকার কথা ছিল হামিদুর রহমানের ফ্রেসকো আর নভেরা আহমেদের করা ছোট ভাস্কর্য। নৈসর্গিক স্থাপত্যের ধারণা দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই আবেদন নিয়ে শহীদ মিনারের কাজটা আর হয়নি।

৪.
নভেরা পছন্দ করতেন রসমালাই, রসগোল্লা আর বিরিয়ানি। আমি এই খাবার বানিয়ে নিয়ে যেতাম। তিনি খেতেন তৃপ্তি নিয়ে। খুব পছন্দ করতেন শাড়ি। মূলত প্যারিসেও শাড়ি পরেই থাকতেন। একবার জিজ্ঞেস করেছিলাম, ঢাকা যাচ্ছি, আপনার জন্য কী আনব? বললেন, রাজশাহীর সিল্ক। সবুজ রঙের। সবুজটা ঠিক কী রকম হবে, তাও বুঝিয়ে দিলেন। সেই অনুযায়ী ব্লাউজও বানাতে দিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি এলে শাহাবুদ্দিনের জন্য দেশ থেকে আনা মুড়ি–মোয়া দিয়েছিলেন। তার কিছুটা পেলেন নভেরা। সারাটা দিন আমরা কাটিয়েছিলাম নভেরার সঙ্গে। বাংলাদেশে যাওয়ার অনুরোধ করেছিলাম। নভেরা ভেবেছিলেন, বাংলাদেশে আসবেন। শহীদ মিনারের পাশে বসে ছবি আঁকবেন। খোঁজ পড়ল নভেরার পাসপোর্টের। দেখা গেল ২০০০ সালেই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। গত বছরের একটি দিনে আমরা দ্রুত পৌঁছে গেলাম প্যারিসে বাংলাদেশের দূতাবাসে। নভেম্বর পর্যন্ত হাতে লেখা পাসপোর্ট করা যেত। আমরা এক দিনেই জরুরি ভিত্তিতে নভেরার জন্য পাসপোর্ট তৈরি করে নিয়ে আসতে পেরেছিলাম। ফ্রান্সে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা খুব সহযোগিতা করেছিলেন।
বাংলাদেশে নভেরা আর আসতে পারলেন না।
৫.
প্যারিসে নভেরা আহমেদের শিল্পকর্মের প্রদর্শনী হয়েছিল ১৯৭৩ সালে। এরপর ২০১৪ সালের ১৬ জানুয়ারি শুরু হয়েছিল তাঁর শিল্পকর্মের দুই মাসব্যাপী প্রদর্শনী। ৪১ বছর পর শিল্পীর প্রদর্শনী।
শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিলেন শিল্পী। বিশেষ করে মুখে স্বাদ ছিল না বেশ কিছুদিন ধরে। কিছু গিলতেই অসুবিধা হচ্ছিল তাঁর। তরল খাবার ছাড়া কিছুই খেতে পারতেন না।
আরেকটা কথা বলেই শেষ করি আজকের লেখা।
একবার তাঁর বাড়িতে গিয়ে গান গাইল চিত্র সিঁথি, ‘মনে কী দ্বিধা রেখে গেলে চলে’।
গানটির দুই পঙ্ক্তি শোনার পরই ঝরঝর করে কেঁদে ফেললেন নভেরা। সে দৃশ্য আজও ভুলিনি।
নভেরার সঙ্গে মিশেছি তাঁকে ভালোবাসি বলে; তাঁকে নিয়ে কিছু বলতে হবে বা লিখতে হবে বলে নয়। তিনি চলে গেছেন, কিন্তু ভাস্কর নভেরা আহমেদ আছেন, থাকবেন বহু বহুদিন। শহীদ মিনার তাঁকে বাঁচিয়ে রাখবে।


