মনে পড়ে ইয়াসমিনকে

২১ বছর আগের কথা। ১৯৯৫ সালের ২৪ আগস্ট। আগের দিন ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশে আসে ইয়াসমিন নামে ১৩ বছর বয়সী এক কিশোরী। বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুর-দশমাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন।
কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কের গোবিন্দপুর ব্র্যাক কার্যালয়ের সামনে। এ ঘটনা কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে ২৪ থেকে ২৭ আগস্ট দিনাজপুর ছিল উত্তাল। পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে।

উত্তাল আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনাজপুরের পুরো পুলিশ বাহিনীকে লাইনে ক্লোজড করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের নিয়ন্ত্রণ হারান। ১৪৪ ধারা ও কারফিউ জারি করে বিজিবি (তৎকালীন বিডিআর) নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দিনাজপুরের বিশিষ্টজনদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুরের তৎকালীন কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক মইনুল হোসেন, কনস্টেবল আবদুস সাত্তার এবং পুলিশ পিকআপচালক অমৃতলাল রায়ের ফাঁসি ২০০৪ সালের আগস্ট মাসে কার্যকর হয়েছে।
দিনাজপুরে ইয়াসমিন নামে ভাগ্যবিড়ম্বিত এক কিশোরীর মা শরীফা বেগমের জীবনেও জাতীয় শোকের মাস আগস্ট বুকফাটা বাষ্পরুদ্ধ কান্নার মাস। ইয়াসমিনের মা শরীফা বেগমের বুকটা থেকে থেকে হাহাকার করে ওঠে।
ঘটনার ২১ বছর পর ১৩ আগস্ট বেলা ১১টায় দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকায় তাঁর বাড়িতে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। ‘এই মাসটা এলে নিজেকে ঠিক রাখতে পারি না। কিছু ভালো লাগে না। বারবার মেয়ের কথা মনে হয়। মাত্র ১২ বছর বয়সে পেটের দায়ে মেয়েকে ঢাকায় পাঠাইছিলাম। মেয়েকে আমি লাশ হিসেবে পাইছিলাম।’
বিপদের সময় মেয়েটার মনের অবস্থা যে কী হয়েছিল? বারবার সেই ভাবনা আপনা থেকেই মনে আসে মা শরীফা বেগমের। তখন আর নিজেকে ধরে রাখতে পারেন না।
শরীফা বেগম বলেন, ‘আমার মেয়ের নির্যাতন ও হত্যা ঘটনায় মামলা হওয়ার পর ওই সময় দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম আব্দুর রহিমের অবদান কোনোদিন ভুলব না। তিনিই ছিলেন সবচেয়ে ভরসার মানুষ। আমার পক্ষে মামলায় লড়াই করে গেছেন। মামলার প্রতিটি তারিখে নিজ খরচে তিনি আমাকে রংপুর ও ঢাকায় আদালতে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাইতেন। তাঁর জন্যই আমি বিচার পাইছি। হত্যাকারীদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হইছে। মেয়ের আত্মা শান্তি পাইছে।’ ঘটনার প্রতিবােদ আন্দোলন করতে গিয়ে সামু, কাদের, সিরাজসহ নিহত এবং আহত সবার প্রতি কৃতজ্ঞ তিনি।’ শরীফা বেগমের বাড়িতে ইয়াসমিনের খালা নাসিমা খাতুনের (৩৬) সঙ্গে কথা হয়। বললেন, ইয়াসমিন ও তিনি একসঙ্গে বড় হয়েছেন। খেলাধুলা করেছেন। সর্বশেষ ইয়াসমিন যখন ঢাকায় যায়, তখন দেখা করে যায়।
ইয়াসমিন যখন নিহত হয়, তখন ওর বয়স ছিল ১৩ বছর। মেয়েটা বেঁচে থাকলে, হয়তো পড়ালেখা শেষ করে নিজে বিয়ে করত। ওর মৃত্যুর দিনটিতে বাড়িতে মিলাদ পড়ানো হয়। দিনাজপুরে অনেক সংগঠনও ওর মৃত্যুবার্ষিকী পালন করে। মাঝে মাঝে ইয়াসমিনের মায়ের মনে হয়, মেয়েটা কোথাও গেছে, ফিরে আসবে। কিন্তু শরীফা বেগমের প্রশ্ন, ‘বর্তমানে ইয়াসমিনকে যেভাবে স্মরণ করছেন, আমি মারা যাওয়ার পরও কি সবাই এভাবে মনে রাখবে?’
ইয়াসমিন এখন শুধু আর নিহত হতভাগ্য এক কিশোরীর নাম নয়। বরং সে এখন নারী নির্যাতনের এক প্রতীকের নাম। আর তাই প্রতিবছর ২৪ আগস্ট পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ছোট্ট মেয়েটির যে বয়সে হেসে-খেলে বেড়ানোর কথা ছিল, নিজের জীবন দিয়ে সে আমাদের মনে করিয়ে দিয়ে যায় নারীর নিরাপত্তার জন্য কাজ করতে হবে অনেক। পেরোতে হবে অনেক বাধা এখনো। এই বোধ যেন আমাদের চেতনায় নাড়া দেয়। তা নয়তো প্রতিবছর ইয়াসমিনকে হারাবার জন্য মা শরীফা বেগম একাই শুধু দীর্ঘনিশ্বাস ছাড়বেন।