মনে পড়ে ৬৮-র মে
১৯৬৮ সালের মতোই ফ্রান্সের ছাত্রবিক্ষোভ এখনো মূলত মধ্যবিত্তের আন্দোলন। ছাত্ররা যখন মনে করে, তাদের মাঠে নামার সময় হয়েছে, তখন আর নেতৃত্ব কিংবা আন্দোলন কৌশলের জন্য মাথা ঘামাতে হয় না তাদের। সেটা আসে স্বতঃস্ফূর্তভাবেই। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা বয়ে চলেছে এ আন্দোলনের ঐতিহ্য। ১৯৬৮ সালের মের সেই যাবৎকালের সবচেয়ে সাড়া জাগানো ছাত্রবিক্ষোভে পূর্বসূরিরা যা করে গেছে সময়ের অনিবার্য হাত যেন তাদের তা-ই করিয়ে নিচ্ছে। আনুষ্ঠানিকতাগুলোও হুবহু এক—সেই ‘জেনারেল অ্যাসেম্বলি’ বা জমায়েত যাতে জাতির উঠতি নেতারা বিশাল ভেঁপু বাজায়, হাতে হাত ধরে গড়ে তোলে দুর্লঙ্ঘ্য মানবপ্রাচীর, অনাগত সুদিনের স্বপ্নে বিভোর চোখের চাউনি। এমনকি স্লোগানগুলোও ৬৮-র প্রতিধ্বনি: সাকুজি, তে ফ্যুচু, লা জুনেস এ দ্যঁ লা রু’ (রাজপথে তরুণ দল, সারকোজি তুমি শেষ)। দ্য গলের নামটা শুধু বদলে সারকোজি বসিয়ে নিয়েছে তারা। বিস্ময়ের ব্যাপার হচ্ছে আন্দোলনকারীদের পোশাক-আশাকও একই রকম। আজকের ফ্রান্সেও অনেক বিপ্লবী ছাত্রই এমন সব ঢোলা জিনস, স্কার্ফ আর হ্যাট পরে, যা দেখলে মনে হতেই পারে ওয়ারড্রোব থেকে বাবার ছাত্রজীবনের স্মৃতিমাখা জিনিসগুলো বের করে আনা হয়েছে। ৬৮-র মে মাসে সরকারি নীতি আর সামাজিক সংস্কারের প্রতিবাদে ফুঁসে উঠেছিল ফ্রান্সের ছাত্ররা। ছাত্রদের শুরু করা আন্দোলনে যোগ দিয়ে টানা দুই সপ্তাহ ধর্মঘট করেন এক কোটি ১০ লাখ শ্রমিক-কর্মচারী। দেশের ইতিহাসে বৃহত্তম ওই ধর্মঘটে অর্থনীতির চাকা থেমে গিয়েছিল। প্রেসিডেন্ট শাল দ্য গলের সরকার পতনের মুখে এসে দাঁড়ায়।