
আড্ডা শুরু হয়ে গেছে, অপেক্ষা করছে বন্ধুরা। বারবার ফোন করছে, ‘আর কত দেরি!’ ঈদে বাড়ি ফেরার যত ঝঞ্ঝা, প্রতিকূলতা—বন্ধুদের দেখা পেলে ওসব মলিন হয়ে যায়। তাই আমার এই তাড়াহুড়ো। আর তাড়াহুড়োয় বিপত্তি ঘটা অস্বাভাবিক নয়।
রিকশাভাড়া মেটাতে হবে। রিকশা আড্ডাস্থলে পৌঁছানোর আগেই পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়ে ঘটনাটি ঘটে যায়। মানিব্যাগের বাইরে ছিল বাড়তি কিছু টাকা। বেখেয়ালে সেগুলো পথে পড়ে যায়। আমার টনক নড়ে রিকশার পিছু পিছু ছুটে আসা দ্বিতীয় শ্রেণির বালক রনির চিৎকারে। কাছে এসে সে বলে, ‘আপনার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছে।’ গুনে দেখলাম দুই হাজার!
পরদিনই ঈদ। এভাবে টাকা হারালে ঈদটা মাটি হয়ে না গেলেও মনটা খারাপ হয়ে যেত। ঘটনা ঘটল উল্টো। মন ভালো হয়ে গেল। ঈদের ছুটিতে অসংখ্য মৃত্যু আর মন খারাপ করা ঘটনা কিন্তু কম ছিল না। এরই মধ্যে আশা জাগাল ছোট্ট এই ঘটনা। রনি বলল, খালিশপুর বঙ্গবাসী স্কুলে পড়ে সে। রনিকে উপহার হিসেবে কিছু কিনে দিতে চাইলাম। সে নিতে রাজি হয় না। ছবি তুলে রাখি এই সৎ শিশুটির সঙ্গে। বড় হয়ে এই শিশুটি নিশ্চয়ই নিজেকে ছাড়িয়ে যাবে।
শেষে ফেসবুকে পোস্ট করি ছবি আর ঘটনাটি। বন্ধুরা অনেক আশীর্বাদ আর শুভকামনা জানিয়েছে রনিকে।