মনে রেখেছেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নতুন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নতুন ইস্যু আসছে, পুরোনো ইস্যু ভুলে যাচ্ছি আমরা। তবে কিছু বিষয় মনে না রাখলেই নয়। মনে করিয়ে দিচ্ছেন মাসউদ ফোরকান

  •  দেশের প্রধান বিরোধী দল কিন্তু বিএনপি নয়, জাতীয় পার্টি। বিএনপিকে অন্যতম প্রধান বিরোধী দলের সান্ত্বনা পুরস্কার দিলে দেওয়া যেতে পারে। তবে বিরোধী দল এখন জাতীয় পার্টিই। আবার জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছেন কিন্তু রওশন এরশাদ। অবশ্যই এইচ এম এরশাদ নন।
  •  আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতো কালেভদ্রে। চিন্তা করুন, শিক্ষাব্যবস্থায় কতটা নির্দয় ছিল! কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যেত কোনো রকম ধারণা ছাড়াই! পুরো বই পড়ে ভাজা ভাজা করে গিলে খেতে হতো! মস্তিষ্কের ওপর দিয়ে কী ধকলটাই না যেত! এখন প্রশ্নপত্র ফাঁস ছাড়া পরীক্ষার কথা চিন্তাই করা যায় না। আগে শিক্ষার্থীরা সারা রাত পরীক্ষা নিয়ে চিন্তিত থেকে থেকে অসুস্থ হয়ে পড়ত। কিন্তু এখন পরীক্ষার আগের রাতেই মুশকিল আসান হয়ে যায়।
  •  আগে শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে বিভিন্ন ইস্যুতে এক হয়ে আন্দোলন করতেন। সেসব আন্দোলনে শিক্ষকেরা দিতেন নেতৃত্ব। এখন ছাত্ররা নিজেরা মারামারি করেন (ইস্যুটা ঊহ্যই থাক)। এসব দেখে শিক্ষকেরা কি ঘরে বসে থাকতে পারেন? কখনোই না। তাই তাঁরাও মাঝেমধ্যে এই এক-আধটু আরকি... তেমন সিরিয়াস কিছু নয়।
  •  আগে শেয়ারবাজার কিছুদিন পরপর অস্থিতিশীল হয়ে উঠত। এখন শেয়ারবাজারে বড় ধরনের কোনো ধস তো দূরের কথা, অস্থিতিশীলই হয় না। স্থিতিশীল থাকে সব সময়। দুষ্টু লোকেরা অবশ্য বলে বেড়ায়, এখন তো কেউ বিনিয়োগই করে না যে পয়েন্ট ওঠানামার সুযোগ সৃষ্টি হবে। সব দুষ্টু লোকের মন্দ কথা।
  •  শেষ যেটা স্মরণ করিয়ে দেওয়া জরুরি, তা হলো—অবরোধ! ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোট দেশব্যাপী যে অবরোধের ঘোষণা দিয়েছিল, সেটি কিন্তু এখনো প্রত্যাহার করা হয়নি! ‘রোডমার্চ ফর ডেমোক্রেসি’ নিয়ে আপনারা দুষ্টুমি করতেই পারেন, কিন্তু ভুলবেন না যে অবরোধ ৩ বছর ১১ মাস ধরে এখনো চলছে। নিন্দুকেরা বলবেন, যারা দিয়েছিল তাদেরই মনে নেই। সে কথাও ফেলে দেওয়ার মতো নয়।