মনে হচ্ছিল তখনই গুলি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুন্নাহার বেগম। পেশাজীবন শুরু অধ্যাপনা দিয়ে। বর্তমানে আইনজীবী ও মানবাধিকারকর্মী। মুক্তিযুদ্ধের সময় করুণ পরিস্থিতির মুখোমুখি হন তিনি। তাঁর জবানিতে নানা ঘটনার কথা তুলে ধরেছেন মুহাম্মদ শামসুল হকএকাত্তর সালে নানা কারণে পড়ালেখা এবং সংসার—দুটোই চলছিল একসঙ্গে। কিন্তু পুরোপুরি গুছিয়ে ওঠার আগেই শুরু হয় মুক্তিযুদ্ধ। শহরের অবস্থা খুব খারাপ দেখে চলে যাই স্বামীর বাড়ি রাঙ্গুনিয়া থানার সুখবিলাস গ্রামে। সে সময় স্বামী আইনজীবী নুরুচ্ছাফা তালুকদার ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের সহসভাপতি। শহর ও দক্ষিণ চট্টগ্রাম থেকে অনেকেই রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চল দিয়ে ভারতের দিকে যাত্রা করতেন। স্বামীর বাড়ি থেকে প্রায় এক মাইল পশ্চিমে খুরুশিয়া পাহাড় ছিল মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্প। অন্যদের সঙ্গে মুক্তিযোদ্ধা ও সহযোগীদের দেখাশোনা ও খাবার জোগাড়ে ভূমিকা ছিল নুরুচ্ছাফা তালুকদারের। আর প্রতিদিন প্রায় ৬০-৭০ জন মুক্তিযোদ্ধা ও কর্মীর জন্য খাবার রান্না করে ক্যাম্পে পাঠানোর দায়িত্ব ছিল আমার ওপর। এ ছাড়া বিভিন্ন এলাকার লোকজন বিশেষ করে হিন্দু পরিবারের নারী-পুরুষ সদস্য ভারতে যাওয়ার পথে অনেক সময় অসুস্থ হয়ে পড়তেন। কেউ কেউ পড়তেন দুষ্কৃতকারীর কবলে। এঁদের অনেকে আশ্রয় নিতেন আমাদের বাড়িতে। চার-পাঁচ দিন পর এক পরিবার যেত তো আরেক পরিবার আসত। এসব অসহায় পরিবারের খাওয়া-দাওয়া ও থাকার তদারক করতাম আমি। মুক্তিযোদ্ধাদের খাওয়া-দাওয়া ও আশ্রয়দানের ব্যাপারে শিলক ইউনিয়নের চেয়ারম্যান নজির আহমদও বিশেষভাবে সাহায্য করেন। আশপাশের লোকজনও বিশেষ করে কাপড়-চোপড়, চাল ও তরিতরকারি দিয়ে সাহায্য করতেন।জুলাই মাসে আমার জীবনে আসে জীবন-মরণের সংকট। তখন আমি ছিলাম অন্তঃসত্ত্বা। ১ জুলাই পাকিস্তানিরা সুখবিলাস গ্রামে হানা দিয়ে কয়েকজন নিরীহ মানুষ খুন করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এ সময় আমার শ্বশুরবাড়িও ঘেরাও করা হয়। উদ্বেগ-উৎকণ্ঠায় সমস্ত শরীর কাঁটা দিয়ে ওঠে। ওই দিন সকাল থেকে আমার পেটের ব্যথা শুরু হয়। কোনো চিকিৎসকের কাছে যাব কিংবা কোনো প্রতিবেশীর সাহায্য নেব, এমন অবস্থা ছিল না। উপায়ান্তর না দেখে বাড়ির পেছন দিকের খাল পেরিয়ে পালানোর চেষ্টা করছিলাম। দেখি এলাকার আরও কিছু নারীও আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করছে। এমন সময় দুজন পাঞ্জাবি সৈন্য আমার দিকে ছুটে আসে। তারা স্থানীয় দুজন নারীসহ আমাকে কাছের একটি কবরস্থানে নিয়ে রাইফেল তাক করে বসিয়ে রাখে। মনে হচ্ছিল তখনই গুলি করে দেবে। ঘণ্টা দুয়েক পর অন্য এক পাঞ্জাবি অফিসার এসে রাইফেলধারী সৈন্যদের সরিয়ে আমাদের চলে যাওয়ার সুযোগ দেয়। এরপর সেখান থেকে পালিয়ে পাহাড়ের পাদদেশে ফলাহাদিয়া গ্রামের একটি খামারবাড়িতে গিয়ে এক কুঁড়েঘরে আশ্রয় নিই। এ সময় আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে। কুঁড়েঘরের মালিক মাজনির মা আশ্রয় দেওয়ার পাশাপাশি আমার প্রসবে সাহায্য করেন। ৩ জুলাই রাতে সেই ঘরেই শাসরুদ্ধকর পরিস্থিতিতে আমার মেয়ে (বর্তমানে চিকিৎসক) আইরিন সুলতানা জন্ম নেয়।ওষুধ নেই, চিকিৎসা নেই। স্বামী বনজঙ্গলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যস্ত। এ অবস্থায় আমার শারীরিক-মানসিক অবস্থা কী রকম ছিল, তা এখন মনে পড়লে বুকের ভেতর কেমন যেন করে।কিছুদিন পরে সেই খামারেও পাকিস্তানি সেনারা আসছে জেনে এক মাসের মেয়েটিকে নিয়ে নৌকায় ও বাসে করে চলে যাই পটিয়ায় বাবার বাড়িতে। কিন্তু সেখানেও পাকিস্তানিদের হানা শুরু হয়। একদিন ওরা আমাদের বাড়ির দিকে এসে বাবার ছয়টি দোকান জ্বালিয়ে দেয়। মায়ের অনুনয়-অনুরোধে বাড়িটি কোনো রকমে রক্ষা পায়। একপর্যায়ে বাবার বাড়িও নিরাপদ নয় দেখে আবার রাঙ্গুনিয়ায় ফিরে এসে আনা খাতুন নামে এক নারীর কাঁচা ঘরে আশ্রয় নিই। সেই মাজনির মা ও আনা খাতুনের ওপর আজীবন আমি কৃতজ্ঞ থাকব। যুদ্ধ শেষে আমরা শহরের জামালখান এলাকার বাসায় ফিরে এসে নতুন জীবন শুরু করি।