মনে হয় আমিও ছিলাম
৩ অক্টোবর বন্ধুসভার ফেসবুক পেজে প্রথম চোখে পড়ে ১০ অক্টোবর বন্ধু সম্মেলন। সম্মেলন হবে প্রথম আলোর প্রধান কার্যালয় সিএ ভবনের ১০ম তলায়।
সঙ্গে সঙ্গে একটা শিহরণ অনুভব করি। বন্ধুদের মিলনমেলা। সারা দেশের বন্ধুদের সঙ্গে দেখা হবে। লাগামহীন আনন্দ, আড্ডা, আর ভালো ভালো কাজ করার প্রত্যয় ঘোষণার মাধ্যমে একটা দিন স্বপ্নের মতো কাটবে। ৪ অক্টোবর সকালে প্রথম আলো হাতে নিয়ে প্রথমে চলে যাই বন্ধুসভার পাতায়। কিন্তু বিধিবাম। প্রিয় রওশন ভাই (সাইদুজ্জামান) যে লিখেছেন প্রতিটি বন্ধুসভা থেকে মাত্র দুজন বন্ধু সম্মেলনে যোগ দিতে পারবেন? শুরু হয় দুশ্চিন্তা। মাত্র দুজন। দুজন হলে আমি কি সম্মেলনে যাওয়ার জন্য বিবেচিত হব? ময়মনসিংহ বন্ধুসভায় আমার যাতায়াত তিন বছর ধরে। অনেক বড় আপু ও ভাইয়া আছেন, যাঁরা সাত থেকে আট বছর ধরে ময়মনসিংহ বন্ধুসভার হয়ে কাজ করেছেন। তাহলে দুজনের মধ্যে আমি কেন বিবেচিত হব? অথবা আমি কেনই ভাবব আপু ও ভাইয়ারা থাকতে আমাকেই যেতে হবে। ওই বিকেলে প্রথম আলোর ময়মনসিংহ অফিসের টেলিফোন থেকে ফোন আসে। জানানো হয় ৫ অক্টোবর বিকেলে বন্ধু সম্মেলনে যোগ দেওয়া নিয়ে বিশেষ সভা। ভাবি, আমাকে কি ঢাকায় যাওয়ার জন্য মনোনীত করেছে? তাহলে ফোন করবে কেন? আবার ভাবি, দূর! বড় আপু আর ভাইয়ারা থাকতে আমি কেন?
নানা প্রশ্নের দোলাচলে দুলি সারা দিন। বিকেলে ময়মনসিংহ অফিসে সভা বসে। সবাই মিলে কোনো মতবিরোধ ছাড়াই যোগ্য দুজন বন্ধুকে ঢাকায় যাওয়ার জন্য মনোনীত করে। একটুও কষ্ট পাইনি নিজে যেতে পারব না বলে। কারণ, যাঁরা যাচ্ছেন তাঁরা আমার চেয়ে অনেক বেশি যোগ্য। তাঁদের মতো হলে একদিন আমিও মনোনীত হব। নিজেকে বোঝাই সম্মেলনে না গিয়েও তো মনে মনে ভাবা যায় আমিও সম্মেলনে যাচ্ছি। সিএ ভবনের ১০ম তলায় সারা দেশের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় কেটে যাবে সারা দিন। চোখ বন্ধ করে ভাবলে ময়মনসিংহ থেকে ১২৫ কিলোমিটার দূরত্বের কারওয়ান বাজারের সিএ ভবনকে পাশের বাড়ি মনে হয়। চোখ বন্ধ করে ভাবতে একটুও কষ্ট হয়নি যে ওই দিন সারা দিন আমিও সম্মেলনে ছিলাম। সারা দিন কাটল আনন্দ-আড্ডার মিলন মেলায়।
ময়মনসিংহ