মনেপ্রাণে বাঙালি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। গ্রামেগঞ্জে শুরু হয়ে গেছে মেলা। শুধু গ্রামেই নয়, রাজধানীসহ বিভিন্ন শহরে শুরু হয়েছে বৈশাখী মেলা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে সারা দেশে।
দিনটিকে ঘিরে সারা দেশের বন্ধুরাও মেতে উঠবেন পয়লা বৈশাখে। আর মাত্র এক দিন পরে। সে জন্য তাঁদের কী উচ্ছ্বাস, আনন্দ। কত রকমের প্রস্তুতি। পুরো বাঙালিয়ানায় সেজে উঠবেন তাঁরা বাংলা নববর্ষকে বরণ করতে।
ঘুড়ি উৎসব থেকে শুরু করে কত রকম আয়োজন তাঁদের। প্রকাশনাও বের করছে কেউ কেউ। সেটা নিয়ে প্রেসে ছোটাছুটি। বৈশাখী প্রকাশনায় এগিয়ে আছে পাবনা, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও যাত্রাবাড়ী বন্ধুসভা। বৈশাখ উপলক্ষে পটুয়াখালী বন্ধুসভা আয়োজন করবে কৃষক উৎসব।
এবার আমরা মোট ১০০টি বন্ধুসভা আনুষ্ঠানিকভাবে বৈশাখ উদ্যাপন করতে যাচ্ছি। এ সংখ্যা আরও বাড়তে পারে।
ঢাকা মহানগরের সব বন্ধুসভা নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহানগরের অনেক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রায়ও অংশ নেবে। সকাল ১০টায় বন্ধুরা চারুকলার বকুলতলায় কুশল বিনিময় করবেন, নতুন বছরের শুভেচ্ছা জানাবেন।
এবার ভিন্ন বিষয়ে আসি। আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে ইন্টারনেট উৎসব। উৎসবের প্রস্তুতি নিয়ে গত বৃহস্পতিবার সারা দেশের ৩২টি বন্ধুসভার ৬৪ জন বন্ধু এক বৈঠক করেছেন। আজও বাকি ৩২টি জেলার ৬৪ জন বন্ধু প্রস্তুতি বৈঠকে অংশ নিয়েছেন। দেশব্যাপী হবে ইন্টারনেট উৎসব। প্রায় ১০ হাজার বন্ধু এই উৎসবে সরাসরি যুক্ত হয়ে কাজ করবেন।
আর মাত্র এক দিন। তার পরেই আমাদের প্রাণের পয়লা বৈশাখ। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আসুন, আমরা সবাই মনেপ্রাণে বাঙালি হয়ে উঠি।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ