মনের জানালা
মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাহিত্যিক হওয়ার। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় দারিদ্র্যের করাল গ্রাসে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আমি হয়ে যাই একজন শিশুশ্রমিক। মা-বাবার দারিদ্র্য, স্বপ্নভঙ্গের ব্যথা, লেখাপড়া না করায় স্যার-সহপাঠীদের সঙ্গে দেখা করলে লজ্জা—আমি মেনে নিতে পারছিলাম না। আত্মহত্যা করতে চেয়েছিলাম। পারিনি। মো. কবির আহমেদ, টঙ্গী, গাজীপুরপরামর্শতোমার ছোট আর সুন্দর চিঠির মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। আমি তোমার স্বপ্নগুলোকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। বুঝতে পারছি, সপ্তম শ্রেণীর পর আর লেখাপড়া করতে না পেরে কতটা কষ্ট জমেছে তোমার মনের ভেতর। তোমার বয়সের শিশুরা যে দেশে শ্রমজীবী হতে বাধ্য হয়, সেই দেশের নাগরিক হিসেবে আমরাও লজ্জিত। আশা রাখছি, তুমি তোমার স্বপ্নটি দেখা একেবারে শেষ করে দেবে না। আমরা যদি আপ্রাণ চেষ্টা করি তাহলে সাফল্য পাওয়া সম্ভব। লেখাপড়ার তো কোনো বয়স নেই, জীবনের যেকোনো পর্যায়ে এসে আমরা নতুন করে পড়ালেখা করতে পারি। তুমি তো গাজীপুরে থাক, সেখানে শিশু পল্লী প্লাস নামের একটি সংস্থা রয়েছে, ওখানে গিয়ে খোঁজ নিতে পার। তারা তোমাকে এ ব্যাপারে কোনো সহায়তা দিতে পারে কি না। কোনোভাবেই নিজের মূল্যবান জীবনটি শেষ করে দেওয়ার কথা ভাববে না। সমস্যাসপ্তম শ্রেণীতে পড়ার সময় এক চিত্রতারকার প্রেমে পড়ে যাই। জীবনের সবকিছুর বিনিময়ে তাকে সফল দেখতে চেয়েছিলাম। কিন্তু একটা সময় বুঝলাম, সেটা হওয়ার নয়। সে নিজেও অভিমানে-ক্ষোভে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে। অনেক কষ্ট পেয়েছি। সবাই তো আর জীবনে সফল হয় না। তবু শুনেছি, ব্যক্তিজীবনে সে অনেক অনেক সুখী। আর তা ছাড়া সে খুবই সৎ। তাই তাকে নিয়ে আমি গর্ব করি। তারকা হিসেবে নয়, সবার আগে একজন মানুষ হিসেবে তাকে ভালোবাসি। তবু এখনকার তারকাদের এত এত সুযোগ-সুবিধাপ্রাপ্তি দেখে মাথায় রক্ত উঠে যায়। মনে হয়, তারও এসব পাওয়ার কথা ছিল। তাই ইচ্ছা হয় নিজে মরে যাই। পৃথিবীর সবকিছুর ওপর ঘেন্না ধরে গেছে। মনে হয়, কেউ যেন ওর জীবনটা নিয়ে খুবই নোংরা একটা তামাশা করছে। আমি কি মানসিক রোগী? অনুজ, নারায়ণগঞ্জপরামর্শ মনে হচ্ছে, তুমি সপ্তম শ্রেণীর সময়টির মধ্যে এখনো আটকে রয়েছ। এই বয়সে জননন্দিত কারও প্রতি অন্ধ ভালোবাসার ব্যাপারটি অনেকের মধ্যেই দেখা যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আবার বাস্তবমুখী চিন্তাভাবনা ও আচরণ করতে শুরু করে। কিন্তু তোমার ক্ষেত্রে সেটি ঘটেনি। আমাদের সবার কর্তব্য প্রথমে নিজের শরীর আর মনের যত্ন নেওয়া। এতে করে আমরা অন্য মানুষের প্রতি অনেক বেশি সদয় হতে পারি।নিজে ভালো না থাকলে ইচ্ছে থাকলেও আমরা অন্যকে ভালো রাখার জন্য কিছুই করতে পারব না। পৃথিবীর অন্য কারও সাফল্য নিশ্চিত করা আমাদের কারও পক্ষেই সম্ভব নয়। আমরা শুধু নিজের ভেতরে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করতে পারি। তারকাদের সুযোগ-সুবিধা নিয়ে তুমি যদি মনে মনে সমালোচনামুখর থাক, তাহলে আর কারও তো কিছু অসুবিধা হবে না, তাই না? তোমারই শুধু কষ্টের পরিমাণ বাড়তে থাকবে। কাজেই আমার অনুরোধ, তুমি এই অবসেশন বা বারবার একই চিন্তা করার জায়গাটি থেকে নিজেকে বের করে আনো।