মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমার একজন ঘনিষ্ঠ বন্ধু আছে। সে একটু জেদি প্রকৃতির ছেলে। আমি যে কাজ করতে নিষেধ করি, সে ওই কাজ বেশি করে। আমি চাই সে আমার কথা শুনবে। আমাকে বোঝার চেষ্টা করবে। কিন্তু সে নিজের ইচ্ছামতো চলে। তার কাছ থেকে আমি বিভিন্নভাবে কষ্ট পাই। এ বিষয়গুলো আমি তাকে অনেকবার বুঝিয়েছি। কিন্তু লাভ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহীপরামর্শবন্ধুর প্রতি তোমার ভালোবাসা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এই বন্ধুত্বে যদি অতিরিক্ত অধিকার বোধ থাকে, তাহলে সেটিকে সত্যিকার অর্থে অন্তরঙ্গ বন্ধুত্ব বলা যায় না। বন্ধুত্বের মাঝে যথেষ্ট উদারতা ও নিঃস্বার্থ মনোভাব থাকা খুবই জরুরি। নিজের মন ও শরীরের যত্ন নেওয়ার পরই আমরা অন্যের প্রতি উদার হতে পারি। তুমি যদি সারাক্ষণ বুঝিয়ে-শুনিয়ে ওর মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করতে থাক, তাহলে তুমি একসময় ক্লান্ত বোধ করবে। হতে পারে, ওকে বেশি নিয়ন্ত্রণ করতে চাইছ বলেই সে জেদ করে তোমার সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চাইছে। ও তোমার সঙ্গে যেভাবে বন্ধুত্ব আর ভালোবাসা দিতে চায়, তুমি সেটুকুই আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করো। তোমার ভেতরের রাগ আর বিষণ্নতা তৈরির জন্য বন্ধুটি মোটেও দায়ী নয়। তুমি ওর আচরণ নিয়ে সারাক্ষণ নিজের কাছে সেটির যে ব্যাখ্যা তৈরি করছ, তার ফলেই এই নেতিবাচক আবেগগুলো তৈরি হচ্ছে। নিজেকে তুমি অনেক বেশি কষ্ট দিচ্ছ। তুমি বরং একজনের ওপর এতটা নির্ভরশীল না হয়ে আরও কিছু বন্ধু তৈরি করো। সব বন্ধুর সঙ্গেই খুব অমায়িক ও ভদ্র আচরণ করার চেষ্টা করবে। সমস্যাছোটবেলা থেকেই আমি মানুষের কথা ঠিকমতো বুঝতাম না। বুঝলেও আবার নিজের কথা বুঝিয়ে বলতে পারি না। মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না। কেমন যেন মনমরা হয়ে যাই। শরীর হালকা দুর্বল। আমার এক বোনের সঙ্গে তার স্বামী খুব বাজে ব্যবহার করে। অবশ্য ওই বোনটি দীর্ঘদিনের রোগী। চিকিৎসা করা হয়েছে, কোনো ফল হয়নি। আমাকে মাঝে মাঝে ওদের ঝগড়া সমাধানের চেষ্টা করতে হয়। সব মিলিয়ে আমার খারাপ লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকাপরামর্শ মনে হচ্ছে, তোমার সামাজিক দক্ষতার বিকাশ ঠিকমতো হয়নি। সেই কারণেই তুমি অন্যরা যা বলতে চাইছে সেটি বুঝতে না পেরে ভিন্ন কিছু বলছ। আশপাশের মানুষের কাছ থেকে যথেষ্ট গ্রহণযোগ্যতা ও প্রশংসা তুমি পাওনি। যার ফলে, তোমার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়। এর ফলে আমরা নিজেকেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করতে শুরু করি। তোমার বোনের স্বামী হয়তো শৈশবে খুব অনুকূল পরিস্থিতিতে বেড়ে ওঠেননি। তাই তাঁর মৌখিক সৌজন্যবোধের অভাব হচ্ছে। তুমি নিজেই যেহেতু মানসিকভাবে খুব ভালো নেই, তাঁদের সমস্যাগুলো নিয়ে নিজেকে আর বিপর্যস্ত কোরো না। মেয়েদের সঙ্গে কথা বলো। তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা দেখিয়ে কথা বলার চেষ্টা করো, দেখবে তোমার সংকোচ অনেকটা কমে গেছে।