মনের জানালা
মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমার সঙ্গে একটি মেয়ের সম্পর্ক চার বছরের। পাগলের মতো ভালোবাসি ওকে। ওর বাবা-মা বিষয়টি নিয়ে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন। বাবা-মায়ের মন রক্ষার্থে কিনা জানি না, ও আমার সঙ্গে বাজে আচরণ শুরু করে। আমি উচ্চশিক্ষিত কিন্তু ওর জন্য পাগলামি শুরু করি। বিষয়টি পরিবার বা বন্ধুবান্ধব কেউই ভালোভাবে নেয়নি। শেষমেশ ওর মানসিক অত্যাচার থেকে রক্ষা পেতে গত ঈদে বিয়ে করি। বিয়ের পর উপলব্ধি করি আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী নই। মন পড়ে আছে আগের মেয়েটির মধ্যে। সে আমার বিয়ের দিন থেকেই কান্নাকাটি করছে। আমি মনে হয় আমার স্ত্রীকে ঠকাচ্ছি এবং ওই মেয়ে ছাড়া আমার জীবন মূল্যহীন মনে হয়। যেকোনো মূল্যে আমি ওকে পেতে চাই।ইমরান, মোহাম্মদপুর, ঢাকা।পরামর্শআমি বুঝতে পারছি তুমি অনেকটা অসহায় বোধ করে কিছুটা নিরুপায় হয়েই বিয়েটা করেছিলে। এখন নিশ্চয়ই বুঝতে পারছ এটি বেশ বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল। তোমার মন যেহেতু অন্য একজনের সঙ্গে গভীর বন্ধনে ছিল এবং এখনো তা-ই রয়েছে, সে কারণে তোমার পক্ষে এই নতুন সম্পর্কে সময় ও প্রচেষ্টা দেওয়া সম্ভব হচ্ছে না। হঠাৎ করে অন্য একটি নির্দোষ মেয়েকে তোমার সঙ্গে জড়িয়ে ফেলাটা আসলেই ওর প্রতি অত্যন্ত অবিচার হয়েছে। এখন যেহেতু তুমি অন্য একজনকে ধর্মীয়, আইনি ও সামাজিকভাবে জীবনসাথি করেছ, তার প্রতি কীভাবে সহমর্মী হওয়া সম্ভব সেটি প্রথমে ভাবতে হবে। জানি না তোমার স্ত্রীকে এই ব্যাপার বলেছ কি না। যদি তা না হয়, তাহলে দেরি না করে তোমার ভুল সিদ্ধান্তের কথা ওকে জানাও এবং এর জন্য ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়ো। যদি তোমার স্ত্রী এই ভালোবাসাহীন সম্পর্ক ধরে রাখতে চায় তাহলে তোমাকেও চেষ্টা করতে হবে আগের প্রেমিকার সঙ্গে সম্পর্কটি সম্পূর্ণ বন্ধ করে বিয়ের সম্পর্কে সময় বেশি দেওয়ার। আর যদি তোমার স্ত্রী সবকিছু শোনার পর সম্পর্ক শেষ করতে চায় তাহলে তার ইচ্ছেটিকেও অনেক সম্মানের সঙ্গে গ্রহণ করে নেবে। সমস্যাআমার বয়স ১৭। একাদশ শ্রেণীতে পড়ি। পারিবারিকভাবে আমরা সচ্ছল এবং কিছুটা রক্ষণশীল। কলেজে ভর্তি হওয়ার পর থেকে পরিবার থেকে একটি পরোক্ষ নির্দেশ ছিল কলেজে কোনো মেয়ের সঙ্গে কথা বলা যাবে না। তা ছাড়া আমি নিজে বেশ আত্মকেন্দ্রিক বলে সে রকমভাবে কোনো মেয়ের সঙ্গে সখ্য আমার গড়ে ওঠেনি। কিন্তু কলেজে ভর্তির প্রথম দিনেই একটি মেয়েকে দেখে আমার খুব ভালো লাগে। আমি তাকে ভালোবেসে ফেলি। যদিও মেয়েটির সঙ্গে সরাসরি কথা হয়নি, তবু আকার-ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দেয় সেও আমাকে ভালোবাসে। কিন্তু আমি আগে জানতাম না যে মেয়েটি হিন্দু। পরে জানার পর আমি প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ি। এর প্রভাব আমার পড়ালেখা ও স্বাভাবিক কাজকর্মে পড়ে। কিন্তু জীবনের প্রথম অনুভূতিকে আমি বশে আনতে পারছি না। আমি তবু তাকে ভালোবাসি কিন্তু কেন যেন এগোতে পারি না। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে না তাকে ভুলে থাকতে পারছি, না পারছি তাকে ভালোবাসতে। আমি খুবই কষ্টের মধ্যে আছি।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ তোমার এখন বয়সের যে পর্যায়, তাতে কারও প্রতি এভাবে আবেগপ্রবণ হয়ে পড়া খুব স্বাভাবিক। তবে ছোটবেলা থেকে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মিশলে তাদের প্রথমে শুধু মানুষ এবং সহপাঠী হিসেবে দেখতে অনেক সুবিধা হয়। শুধু চোখের দেখায় ‘ভালোবাসা’র সম্পর্ক তৈরি হয় না, সেটিকে আমরা বড়জোর ‘ভালো লাগা’ বলতে পারি। তোমার পরিবার এই ধরনের রক্ষণশীলতা চর্চা করে তোমাকে কিন্তু সহায়তা করছে না। কারণ এতে করে মেয়েদের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে তাদের তোমার সমতুল্য অন্য আরেকটি মানুষ হিসেবে গ্রহণ করে নেওয়ার দক্ষতা তৈরি করা তোমার পক্ষে সম্ভব হয়নি। ফলে যাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে তাকে নিয়ে অনেক বেশি ফ্যান্টাসি করে ফেলেছ। আকারে-ইঙ্গিতে ভালোবাসা প্রকাশ না করে আমাদের প্রথমে মানুষটিকে জানার চেষ্টা করতে হবে এবং সেটির জন্য স্বচ্ছ এবং সৎ একটি মন নিয়ে সব সহপাঠীর সঙ্গে আগে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে হবে। তুমি তোমার এই মূল্যবান সময়গুলো ওকে নিয়ে স্বপ্ন দেখে নষ্ট না করে বরং ওর সঙ্গে শুধু একটি সহপাঠী বন্ধুর মতো আচরণ করো। এই মুহূর্তে ওর সঙ্গে কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা না ভাবতে পারলে খুব ভালো হয়। মেয়েটিকে তুমি এখনো একেবারে জানতে পারোনি বলে নিজেকে সংযত করে ওর প্রতি শ্রদ্ধার মনোভাব নিয়ে চলতে চেষ্টা করো। এইচএসসির সময়টা খুব দ্রুত পার হয়ে যায় বলে এই মুহূর্তে তোমাদের দুজনেরই লেখাপড়াকে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে।