মনের জানালা
মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমার বয়স ১৯ বছর। গত বছর এইচএসসির কোচিং করার সময় একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। এখন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু ছেলেটি বর্তমানে একটি সরকারি মেডিকেল কলেজে পড়ছে। আমার থেকে অনেক দূরে আছে। আর আমি আবারও কোচিংয়ে ভর্তি হয়েছি। ওর সঙ্গে এই দূরত্বের কারণে আমি তীব্র কষ্ট আর মানসিক যন্ত্রণা অনুভব করছি। আমার পড়ায় মন বসানো কষ্টকর হয়ে পড়েছে। এখন কী করব, বুঝতে পারছি না।নীহারিকা, চট্টগ্রামপরামর্শতোমার এখনো বয়স কম, তাই আবেগের তীব্রতা খুব বেশি হচ্ছে। তবে ছেলেটি যেহেতু সরকারি মেডিকেলে ভর্তি হতে পেরেছে, তুমি নিশ্চয়ই তার সাফল্যে খুশিও হয়েছ, তাই না? তুমি লিখেছ, ওকে অনেক ভালোবাসো। তোমাকে তো অনেক ধৈর্য রাখতে হবে এবং ছেলেটিকে উৎসাহ দিতে হবে, যাতে করে সেও মনোযোগের সঙ্গে লেখাপড়া করে একজন দক্ষ চিকিৎসক হতে পারে। কাউকে সত্যিকারভাবে ভালোবাসলে উদারতারও প্রয়োজন হয়। তুমি দূরে আছো বলে যদি সারাক্ষণ মন খারাপ করো, তাহলে ওর পক্ষেও পড়ালেখা চালিয়ে যেতে অসুবিধা হবে। প্রেম, ভালোবাসা, বিয়ে—এই বিষয়গুলো ব্যক্তিগত জীবনে অনেক গুরুত্ব বহন করে ঠিকই, তবে আমাদের শিক্ষাজীবন ও কর্মজীবনের গুরুত্বও কিন্তু অপরিসীম। কাজেই তোমাকে নিজের আবেগের সত্তাটিকে যুক্তির সত্তা দিয়ে ক্রমাগত বোঝাতে হবে যে তোমার এই মুহূর্তে সম্পূর্ণ মনঃসংযোগ করে অবশ্যই লেখাপড়া করা প্রয়োজন। নিজেকে তুমি আগামী ১০ বছর পরে একটি সফল কর্মজীবী নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে যত কষ্টই হোক না কেন, নিজের মন ও শরীরের যত্ন নিয়ে আশা করি লেখাপড়া করতে সক্ষম হবে। মন ভালো রাখার জন্য তুমি তোমার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারো, ভালো ভালো বই পড়তে পারো। শরীর সুস্থ রাখার জন্য সুষম খাবার গ্রহণ, নিয়মিত ঘুমানো ও ব্যায়াম করতে পারো। নিজেকে এভাবে যত্ন না করলে ছেলেটির সঙ্গে দূরে থেকে একটি সুস্থ সম্পর্ক তৈরি করা কঠিন হবে। দূরে থাকলে যেহেতু আমরা পরস্পরকে কথা বলার সময় দেখতে পাই না, তখন ভুল বোঝাবুঝির আশঙ্কা অনেক বেড়ে যায়। আর এই কারণেই এই সময়গুলোয় দুজনের মানসিক স্বাস্থ্য ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেক শুভকামনা রইল।সমস্যাআমি ২০১২ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিই এবং জিপিএ-৪.৮১ পাই। কিন্তু আমি বর্তমানে প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হচ্ছি। সমস্যাটি হচ্ছে, আমার পড়ালেখার প্রতি মনোযোগ অনেক কমে গেছে এবং আমি পড়ালেখা বাদ দিয়ে ঘুরে বেড়াতে, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে বেশি ভালোবাসি। যখনই আমি পড়ার টেবিলে বসি, তখনই আমার মনে বাজে চিন্তার আবির্ভাব ঘটে। এমন অবস্থায় আমি কলেজের সব পরীক্ষায় অনেক পিছিয়ে পড়েছি। কিন্তু আমি এইচএসসিতে অনেক ভালো ফল করতে চাই এবং নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। এ অবস্থায় আমার করণীয় কী, যদি একটু বলতেন, তবে খুবই খুশি হতাম। আশা করি, আমার প্রশ্নের জবাব দেবেন।মুরাদফুলবাড়ী, কুড়িগ্রামপরামর্শ আমার খুব ভালো লাগল এই ভেবে যে তুমি তোমার বর্তমান অবস্থার ব্যাপারে সচেতন হয়েই চিঠিটি লিখেছ। দীর্ঘদিন তোমাদের চিঠির উত্তর দিতে গিয়ে আমার যে উপলব্ধি হয়েছে তা হচ্ছে, উচ্চমাধ্যমিকে পড়ার সময়ই বাংলাদেশের শিক্ষার্থীরা মনোযোগের অভাব ও নানা রকম বিভ্রান্তিতে ভুগতে থাকে। স্কুলজীবনের বাঁধাধরা নিয়মের গণ্ডি থেকে বেরিয়ে কলেজজীবনের নতুনত্বের সঙ্গে খাপ খাওয়ানোর সঙ্গে সঙ্গে একটি স্বাধীন জীবনের স্বাদ গ্রহণের ইচ্ছাও তাদের পেয়ে বসে। কিন্তু এই সময় খুব সংক্ষিপ্ত এবং সে তুলনায় সিলেবাস বড় বলে অন্য কিছুর প্রতি মনোযোগ চলে গেলে এর জন্য পরবর্তী সময় অনেক বড় মূল্য দিতে হয়। উচ্চমাধ্যমিকের পর যেহেতু জীবনের লক্ষ্য অনুযায়ী আমরা পরবর্তী ধাপটি নিয়ে থাকি, সে কারণেও একটি ভালো ফল বিশ্ববিদ্যালয়জীবনেও অত্যন্ত গুরুত্ব বহন করে। অভিভাবকদেরও তাই সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন এই ক্রান্তির সময়টিতে। পড়তে বসে ঠিক কী ধরনের চিন্তা আসে, তা উল্লেখ করোনি। তবে এই বয়সে কিছুটা ফ্যান্টাসির জগতে থাকা খুব স্বাভাবিক। নিজেকে এর জন্য দোষারোপ না করে মনটিকে আবার ফিরিয়ে নিয়ে এসো পড়ার বিষয়বস্তুতে। এ ছাড়া আড্ডার সময় কমিয়ে নিয়মিত শরীরচর্চা, মেডিটেশন ও যোগব্যয়াম করলে তুমি উপকার পাবে বলে আশা করা যায়। এ ব্যাপারে সচেতন হয়ে আমাকে চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।