মনের আলোয় ক্রিকেট খেলা
কিপার—ব্যাটসম্যান রেডি? ইয়েস...। এই শব্দগুলো আওড়ানোর পর বোলার বোলিং করল। ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল চলে গেল মাঠের বাইরে। তুমুল করতালিতে ফেটে পড়লেন দর্শকেরা। ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্ধ শিশু-কিশোরদের ক্রিকেট ম্যাচের দৃশ্য এটি। সমাজসেবা অধিদপ্তর ও সাইট সেভার্স সংস্থার যৌথ উদ্যোগে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় উপজেলার নয়জন দৃষ্টিহীন শিশু-কিশোর। এরা সবাই মাটিরাঙ্গার সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম কেন্দ্রের শিক্ষার্থী। গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড এডুকেশন প্রোগ্রাম (জিআইইপি) নামের একটি প্র্রকল্পের আওতায় এই শিশু-কিশোরদের ১০ দিনব্যাপী ক্রিকেট খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আয়োজন করা হয় এই ম্যাচের। খেলায় অংশ নেওয়া শিশু-কিশোরদের কারওই ক্রিকেট সম্পর্কে ধারণা ছিল না। তবে মাত্র ১০ দিনের প্রশিক্ষণে প্রত্যেকেই কমবেশি খেলাটা আয়ত্ত করেছে। খেলার নিয়মকানুনও জানা হয়েছে সবার।খেলোয়াড়দের বয়সের দিক দিয়ে সবার বড় মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. হাফেজ মিয়া। ম্যাচ শেষে তাঁর অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ক্রিকেট খেলা বুঝতাম না। বন্ধুরা যখন টেলিভিশনে খেলা দেখত তখন আমি কেবল ধারাভাষ্য শুনতাম। প্রশিক্ষণ নিয়ে এখন আমি নিজেই ক্রিকেট খেলোয়াড়। ভাবতেই খুব ভালো লাগছে।’ দলের সবার ছোট উসাজাই মারমা মাটিরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। মুখোমুখি হতেই উসাজাই বলে, ‘ক্রিকেট খেলা খুবই মজার। ভাবিনি কখনো ক্রিকেট খেলতে পারব।’ জাতীয় অন্ধ ক্রিকেট দলের অধিনায়ক হাফিজুর রহমানও এই ক্রিকেট ম্যাচে হাজির ছিলেন। শিশু-কিশোরদের প্রশিক্ষণও দিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মাত্র ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে ছেলেরা খুবই ভালো খেলল। ভবিষ্যতে আরও ভালো করবে। সুযোগ পেলে এদের মধ্য থেকে জতীয় মানের ক্রিকেটার উঠে আসবে।’ ছেলেদের পারফরম্যানসে ভীষণ আশাবাদী হাফিজুর রহমান। খেলোয়াড় উচিনু মারমা ও উসাজাই মারমার নাম উল্লেখ করলেন আলাদাভাবে। এ দুজনের মধ্যে যথেষ্ট সম্ভাবনা দেখেছেন বলে জানালেন তিনি। জিআইইপিয়ের প্রকল্প কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘দেশের ২২টি জেলায় এ ধরনের ব্যতিক্রমী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। প্রতিবন্ধী শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।