মনের কথা জানাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা নিজেকে একা, নিঃসঙ্গ, বিপর্যস্ত কিংবা হতাশাগ্রস্ত মনে করছেন, এমনকি আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে মনে, তাঁদের পাশে আছে ‘কান পেতে রই’ নামের সংগঠন। বাংলাদেশের স্বেচ্ছাসেবী এই সংগঠন মানসিক সহায়তা দিয়ে থাকে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জরুরি মানসিক সমস্যা পেতে পারেন যে কেউ।
তৃতীয় বছরে পা দিল কান পেতে রই। ১৬ মে ঢাকার কবি সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে কান পেতে রই আয়োজন করেছিল তার দুই বছর পূর্তি উৎসব। রিন, সময় প্রকাশন, পার্ল পাবলিকেশন্স, পপকর্ন লাইভ টিভি ও রেডিও ফুর্তি সহযোগিতা করে এই অনুষ্ঠানে।
আয়োজনে সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রোজিনা খানম। প্রতিষ্ঠাতা ইয়েশিম ইকবাল বর্তমানে যুক্তরাষ্ট্রে, তাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সংগীতশিল্পী এলিটা করিমের উপস্থাপনায় চলে সরাসরি টক শো। কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে টক শোতে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার এবং কান পেতে রইয়ের স্বেচ্ছাসেবক সমন্বয়ক অরুণ দাস।
অরুণ দাস বলেন, ‘কান পেতে রইয়ের প্রথম উদ্যোক্তা ইয়েশিম ইকবাল তখন বোস্টনে। মানসিক হতাশাগ্রস্তদের নিয়ে কাজ করেছেন প্রায় তিন বছর। তিনি ভাবেন, সে রকম একটি হেল্পলাইন হয়তো বাংলাদেশেও চালু করা সম্ভব। সেই ভাবনা থেকে ২০১২ সালে তিনি দেশে এসে রুবিনা জাহানকে নিয়ে কান পেতে রইয়ের কাজ শুরু করেন। অক্টোবরে চালু হয় কান পেতে রইয়ের হেল্পলাইন। ধীরে ধীরে আরও অনেকে যুক্ত হন এতে।’
‘কান পেতে রই’-এর নামকরণ নিয়ে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘যখন সবার ভাবনা, কী নাম দেওয়া যায়; ঠিক তখনই পাশে গান বাজছিল। অর্ণবের কণ্ঠে রবীন্দ্রনাথের গান—“আমি কান পেতে রই”। চট করে মনে হলো এটাই হতে পারে উপযুক্ত নাম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে আমাদের কী যে অবস্থা হতো!’
কান পেতে রইয়ের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে রেদোয়ান রনি বলেন, ‘আমার ফেসবুক পেজে অনেক সমস্যার কথা আসতে থাকে, কিন্তু আমি তো এ বিষয়ে বিশেষজ্ঞ নই। আমিও চাইছিলাম কোনোভাবে কান পেতে রইয়ের সঙ্গে যোগাযোগ করতে, যাতে সবাইকে সহযোগিতা করা যায়।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমীন হকও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সব শেষে ছিল জলের গানের সংগীত পরিবেশনা।
মানসিক সেবা পেতে যোগাযোগ: ০১৭৭৯৫৫৪৩৯১ (রোববার থেকে বুধবার বেলা তিনটা থকে রাত নয়টা এবং বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত)। ওয়েব: www.shuni.org ফেসবুক: facebook.com/kann.pete.roi

মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’