মনের খাতা
মিজান আজই জয়েন করেছেন ফুলটাইম টিচার হিসেবে। সকালে স্কুলে ঢুকতেই ভীষণ আনন্দ হলো। যে স্কুলে তিনি পড়েছেন ছোটবেলায়, সারা দিন কেটেছে যে স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে, এখন শৈশবের সেই স্মৃতিমাখা স্কুলটির একজন গর্বিত শিক্ষক তিনি। স্কুলের হেডমাস্টার আরেফিন স্যারও যেন মিজানকে পেয়ে বেশ উৎফুল্ল, ‘বুঝেছ মিজান, সবাই তো শুধু বইয়ের পড়া পড়ায়। বাচ্চাদের মুখস্থ বিদ্যা শেখায়। তুমি কিন্তু ক্রিয়েটিভ কিছু কোরো। তোমার ক্লাসে ৫০টা ছেলে আছে। ভাবো তো এরা সবাই ক্রিয়েটিভ হয়ে উঠলে কী দারুণ ঘটনা ঘটবে!’
সত্যি তো! মিজান কী রকম চিন্তিত মুখে ক্লাসে আসেন। তাঁকে নতুন দেখে সবাই কী রকম অবাক হয়ে তাকায়। বিষয়টা বুঝতে পেরে মিজান হাসেন। নিজের পরিচয় দেন। তারপর বলেন, ‘আজ বইয়ের পাতা নয়, চলো আজ আমরা সবাই মনের খাতা খুলব!’
সবাই ভীষণ অবাক।
মিজান বলতে থাকেন, ‘আগামী সপ্তাহে তো বাংলা বছর শুরু। আমি চাই পয়লা বৈশাখের দিন তোমরা অন্তত একটা ভালো কাজ দিয়ে বছরটা শুরু করো।’
সবাই অবাক। ভীষণ উত্সাহী হয়ে বলে, ‘কী রকম, স্যার?’
‘এই যেমন ধরো, বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করা, ডাস্টবিনটা পরিষ্কার করে দেওয়া, কাউকে কোনো ব্যক্তিগত উপকার করা। আমি চাই তোমাদের ৫০ জনের কাছ থেকে অন্তত ৫০টা ভালো কাজ। আর এটাই হবে আমার জন্য এবারের বৈশাখী উপহার।’
ক্লাসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তে। বই না পড়িয়েও আজ ভীষণ আনন্দ পেলেন মিজান তাঁর জীবনের প্রথম ক্লাসে।