মনের খোরাক জোগাবে যে পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মাঝে যেমন কতশত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মন হূদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছি।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো খাটে তাঁদের ক্ষেত্রে, যাঁরা গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান হিসেবে পেশাজীবন গড়তে চান। মনের খোরাকের দিকে যাঁদের খেয়ালটা বেশি, তাঁরা এ পেশায় আসতে পারেন। মনের এই খোরাক পাওয়া যায় ভালো ভালো বই পড়ার মাধ্যমে। অনেকের মনেই প্রশ্ন জাগে, লাইব্রেরিয়ানের কাজটা আবার কেমন। নিশ্চয়ই সারা দিন একগাদা বইয়ের মাঝে বসে থেকে একঘেয়ে হওয়া। তবে এই মতের বিপরীতে উত্তরটা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক, সঙ্গে সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি নাসির উদ্দিন মুন্সি। তিনি বলেন, এককথায় লাইব্রেরিয়ান একটা চমৎকার পেশা। সাহিত্যের রস নেওয়ার এবং গবেষণাধর্মী কাজের সুযোগ রয়েছে এখানে। ইচ্ছা আর আগ্রহ থাকলে নিজেকে তৈরি করতে পারেন লাইব্রেরিয়ান হিসেবে।লাইব্রেরি ব্যবস্থাপনায় পড়াশোনা: লাইব্রেরিয়ান হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে এ বিষয়ে পুঁথিগত জ্ঞান দরকার। তথ্যবিজ্ঞান ও লাইব্রেরি ব্যবস্থাপনা নামে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা বিভাগ রয়েছে। এখানে চার বছরের স্নাতক ও এক বছরের মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় দুই বছরের সান্ধ্যকালীন মাস্টার্সও করিয়ে থাকে। আর কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই বা তিন মাসের শর্ট কোর্স করানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথের প্রধান লাইব্রেরিয়ান মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তিন মাসের একটা প্রফেশনাল কোর্স করিয়ে থাকি, যার পুরোটাই ডিজিটাল ও অনলাইননির্ভর।’ নাসির উদ্দিন মুন্সি বলেন, ‘প্রযুক্তি এত এগিয়েছে যে আমরা তথ্যপ্রযুক্তিকে বাদ দিয়ে চলতে পারছি না। লাইব্রেরি ব্যবস্থাপনা আর তথ্য আলাদা কোনো বিষয় নয়। আর তাই বিষয়ের নামকরণ করা হয়েছে লাইব্রেরি ব্যবস্থাপনা এবং তথ্যবিজ্ঞান। চার বছরের অনার্সের সব কোর্সকে কম্পিউটার-সংশ্লিষ্ট করা হয়েছে। ডেটাবেইস ডিজাইন, সফটওয়্যার ডেভেলপ করা, ওয়েবপেজ ডিজাইন, ইন্টারনেট সার্চ করে নতুন তথ্য বের করা, লেখা, বই, পাণ্ডুলিপির তথ্য সংগ্রহ এবং সম্পাদনা সঙ্গে সঙ্গে ক্যাটালগিং ও আর্কাইভিং ইত্যাদি বিষয়ে পড়ানো হয়।’যোগ্যতা: ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স করতে হলে এইচএসসি পাস করে একটা নির্দিষ্ট নম্বর নিয়ে আবেদন করতে হয়। এরপর ভর্তিপরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছরের সান্ধ্যকালীন মাস্টার্স করতে হলে তিন বা চার বছরের স্নাতক শেষ করা ডিগ্রি এবং ভর্তিপরীক্ষা দিয়ে মনোনীত হতে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এইচএসসি বা সমমানের সার্টিফিকেট, আবার কোথাও স্নাতক শেষ করা সার্টিফিকেট দরকার হয়।অন্যান্য গুণ: পেশাটা যদি লাইব্রেরিয়ান হয়, তবে তাঁকে হতে হবে অনেক বেশি বিনয়ী, হতে হবে সেবাপরায়ণ। বই পড়ার প্রতি থাকতে হবে আগ্রহ। এমনটা বললেন জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক নূর হোসেন তালুকদার। একই অধিদপ্তরের সহযোগী লাইব্রেরিয়ান আসিফ মাহতাব বলেন, বই পড়াকে আসলে উপভোগ করতে হবে। আর নতুন বই সম্পর্কে পাঠককে ধারণা দিতে হবে।দেশের বাইরের সুযোগ: ‘তথ্যবিজ্ঞান ও লাইব্রেরি ব্যবস্থাপনায় চার বছরের স্নাতক শেষে করেছি। এখন দেশের বাইরে মাস্টার্স করব।’ এমনটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা শাম্মী আহম্মেদ। নাসির উদ্দিন মুন্সি বলেন, দেশের ভেতরে তো বটেই, দেশের বাইরে এ ক্ষেত্রে পড়াশোনার রয়েছে বিশাল সুযোগ।কাজের সুযোগ: তথ্যবিজ্ঞান ও লাইব্রেরি ব্যবস্থাপনার শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের চেয়ে কর্মক্ষেত্রে সুযোগটা একটু বেশিই পায়। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অন্যান্য প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি নিজের ক্ষেত্রে কাজ করার সুযোগ তো থাকেই—এমনটা বলেন নূর হোসেন তালুকদার। তবে কোনো কিছুর জন্য লক্ষ্যটা আগে স্থির করতে হবে। আর ভালোবেসে এই পেশাকে যদি নেওয়া যায়, তবেই উন্নতি সম্ভব। জানালেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরিয়ান মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান। তথ্য সংগ্রহ করে রাখা বা আর্কাইভিংয়ের কাজটা একজন তথ্যবিজ্ঞান এবং লাইব্রেরি ব্যবস্থাপনার শিক্ষার্থী দক্ষভাবে করতে পারে। বর্তমানে বেশির ভাগ তথ্যই ডিজিটাল পদ্ধতিতে রাখা হয়। অর্থাৎ ইলেকট্রনিক বা প্রিন্ট মাধ্যমের যেকোনো তথ্য সঠিক উপায়ে সুবিন্যস্তকরণ করেন একজন লাইব্রেরিয়ান। এমনটা বলেন রাইয়ানস আর্কাইভের প্রধান ব্যবস্থাপক আহম্মদ হাসান। দেশের ৬৪ জেলার সরকারি লাইব্রেরিসহ সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। এ ছাড়া বর্তমানে সারা দেশের হাইস্কুলগুলোতে লাইব্রেরিয়ানদের জন্য নতুন পদ সৃষ্টি করা হয়েছে—এমনটা বলেন নূর হোসেন তালুকদার।