মনের চোখে দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের খাবারটা বাটিতে নিয়ে আবাসিক হলের নিজ কক্ষের দিকে যাচ্ছেন শারমীন সুলতানা। ধীরে ধীরে ধাপে ধাপে টপকাচ্ছেন সিঁড়ি। আচমকা বাটিসহ হোঁচট। পড়ে যায় তাঁর দুপুরের খাবার। পাশ দিয়ে যাতায়াত করা দু-একজন দৌড়ে এসে তাঁকে টেনে তোলেন। শারমীনকে সিঁড়ির এক পাশে দাঁড় করিয়ে তাঁর দুপুরের খাবারটা আবার আনতে যান তাঁরা। তখনই কথা হয় শারমীনের সঙ্গে।‘আর বলবেন না আপু, রুম পরিবর্তন করে নতুন রুমে আসার পর থেকে প্রায়ই এ রকম হচ্ছে। অবশ্য কয়েক দিন গেলে সব ঠিক হয়ে যাবে।’—বলছিলেন শারমীন। শারমীন দৃষ্টিপ্রতিবন্ধী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী।আমরা এসেছি এই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন সম্পর্কে জানতে। চোখের আলো না থাকায় প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় তাঁকে। কিন্তু পড়াশোনার অসীম আগ্রহের কারণে এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন তিনি। সহপাঠী কিংবা হলের আবাসিক ছাত্রীরা বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দেন। এ রকম টুকরো টুকরো সহায়তায় পড়াশোনার পথ পাড়ি দিচ্ছেন শারমীন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই আছেন একজন-দুজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। গুটিকয়েক ছাড়া তাঁদের বেশির ভাগ শিক্ষার্থীই দৃষ্টিপ্রতিবন্ধী। মানসিক শক্তির জোরে আজ তাঁরা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী। কথা হয় তাঁদের বেশ কয়েকজনের সঙ্গে। শোনা হয় তাঁদের শিক্ষাজীবন, ক্যাম্পাস-জীবনের কথা। জানা যায় তাঁদের জীবনসংগ্রামের অনেক কিছু।মাহবুবুর রহমান পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে। তিন বোনের এক ভাই রনিকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। ছেলের মেধায় আস্থাশীল মায়ের আগ্রহেই রনির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা। বিশ্ববিদ্যালয়ের জীবন কি উপভোগ করছেন তিনি? ‘ক্যাম্পাস-জীবন তো আমাদের জন্য আর সুস্থ-সবল মানুষের মতো এত মধুর হবে না। তাই পড়াশোনাটাই আমাদের মুখ্য বিষয়। ক্লাস করাসহ সবকিছু আমাদের জন্য কষ্টসাধ্য। মনোযোগ দিয়ে পড়ে একটা ভালো ফলাফল করে বের হওয়াই এখন লক্ষ্য’—বললেন তিনি।সমাজবিজ্ঞান বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী জরিনা আক্তার। তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁর রুমমেট হেসে বলেন, ‘আমি জরিনা আপুকে সব সময় হাসিখুশি দেখি। নিজের মতো করে একাই তিনি চলতে-ফিরতে গুনগুনিয়ে গান গাচ্ছেন। আমাদের সঙ্গে নানা রসিকতা, গল্পগুজব করেন। নিজের মতো করে উত্ফুল্লভাবে সময় কাটান তিনি। দেখে আমরা অনেক প্রাণশক্তি পাই। নিয়মিত ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করছেন জরিনা। স্বপ্ন দেখেন পড়াশোনা শেষ করে ভবিষ্যতে তাঁর উপযোগী ভালো একটি কর্মক্ষেত্রের।পারভীন সুলতানা ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর করছেন। বাড়ি মুন্সিগঞ্জে। দুই ভাই দুই বোনের সংসারে মা গৃহিণী। পাঁচ বছর বয়সে ভিটামিন ‘এ’র অভাবে তাঁর দৃষ্টিশক্তি ধীরে ধীরে হারিয়ে যায়। সামসুন্নাহার হলের আবাসিক এই ছাত্রীও স্বপ্ন দেখেন উপযুক্ত চাকরি করে স্বাবলম্বী হওয়ার। তিনি কারও বোঝা হয়ে থাকতে চান না।ইসলামি স্টাডিজ বিভাগের ছাত্রী জাহানারা দেওয়ান স্বপ্ন দেখেন শিক্ষক হওয়ার। সাড়ে তিন বছর বয়সে গ্লুকোমার কারণে তিনি আজ দৃষ্টিশক্তিহীন। পরিবারের আপ্রাণ চেষ্টা ছিল তাঁকে সুস্থ করার; কিন্তু কিছুতেই কিছু হলো না। থেমে থাকেননি তিনি। এই শীতের সকালে তাঁকে প্রায়ই দেখা যায় হলের বারান্দায় রোদে বসে ব্রেইল পদ্ধতিতে পড়তে। নিয়মিত পড়াশোনায় ব্যস্ত তিনি। স্বপ্নপূরণে দৃঢ়প্রতিজ্ঞ। জাহানারা পড়াশোনার ব্যাপারে কিছু সমস্যার কথা জানালেন। ‘হলে যেহেতু আমাদের ক্যাসেট শুনে শুনে পড়তে হয়, তাই অনেক দিন একটা দাবি ছিল আলাদা পাঠকক্ষের। অনেক আন্দোলনের পর হল কর্তৃপক্ষ সেটা দিলেও এমন স্থানে দিয়েছে যে আমাদের জিনিসপত্র নিয়ে যাতায়াত অনেক দুরূহ। আর আমাদের যেহেতু ক্যাসেট ও আনুষঙ্গিক কিছু জিনিস লাগে, তাই আমি চাইব বিশ্ববিদ্যালয় যেন এ ব্যাপারে আমাদের একটু সাহায্য করে।’‘ক্যাম্পাসের রঙিন জীবনের রং আমাদের ছুঁয়ে যায় না। তবু ভেঙে পড়লে তো চলবে না, আমি চাই, যে পথে পড়তে এসেছি তার সর্বোচ্চ শিখরে উঠতে।’—বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র শরীফ আহমেদ। যেহেতু আইন বিষয়ে পড়াশোনা করছেন, ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আইনের নানা বিষয়ে কাজ করার। মুচকি হেসে শরীফ জানান তাঁর আরেকটি স্বপ্নের কথা, গুণের কথা—তিনি ভালো গান গাইতে পারেন। অনুষদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করেন। ইচ্ছে আছে ভবিষ্যতে সুর নিয়ে কাজ করার। আধুনিক ও ব্যান্ডের গান তাঁর খুব পছন্দ। প্রিয় শিল্পী পার্থ বড়ুয়া। অনুষ্ঠানগুলোতে পার্থের গানই গাওয়া হয় বেশি। প্রায়ই গলায় সুর তোলেন ‘তবুও জীবন যাচ্ছে কেটে’ কিংবা ‘সারা দিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ’। অনুষ্ঠান ছাড়াও বন্ধু-আড্ডায় তাঁর গান সবার বিনোদনের উত্স।শরীফ স্বপ্ন দেখেন একজন সংগীতশিল্পী কিংবা আইনজীবী হওয়ার। স্বপ্ন দেখেন শারমীন, জরিনা, পারভীন, রনিসহ সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। পূরণ হোক তাঁদের স্বপ্ন। সফলভাবে ছাত্রজীবন শেষ হোক, উজ্জ্বল নক্ষত্র থাকুন তাঁরা কর্মক্ষেত্রেও—এই শুভকামনা।