ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.
মনের জানালা
সমস্যা: সম্মান প্রথম বর্ষে পড়ছি। আমার খুব ইচ্ছা লেখাপড়া শেষে সুন্দর একটা ক্যারিয়ার গড়ে তোলা। দুই বছর ধরে আমি একজনকে খুব ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে। আমার সব স্বপ্ন, ইচ্ছা, অনিচ্ছাকে সে অনেক প্রাধান্য দেয়। সেও চায়, আমি লেখাপড়া শেষ করি, একজন বড় মাপের মানুষ হই। সে একজন উচ্চপদের সরকারি কর্মকর্তা। সে চায় খুব শিগগিরই আমাকে বিয়ে করে ফেলতে এবং বিয়ের পরপরই সন্তান নিতে। এ ব্যাপারে আমার খুব একটা ইচ্ছা না থাকলেও আমি চাই, ভালোবেসে তাকে তার এই ইচ্ছা পূরণে সাহায্য করি। তবে আবার ভাবতে থাকি, এত তাড়াতাড়ি বিয়ে করা এবং সন্তান নেওয়া কি আমার লেখাপড়া বা ক্যারিয়ারের কোনো ক্ষতি করবে? আসলে বুঝে উঠতে পারছি না আমার এখন কী করা উচিত। আর স্বামী-স্ত্রীর মধ্যে ১২-১৩ বছরের তফাতটা চলার পথে কী ধরনের প্রভাব ফেলতে পারে?ইসাবেলা নোয়াখালীপরামর্শ: তুমি যে ভবিষ্যতে সুন্দর ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখো, সেটি অত্যন্ত প্রশংসনীয়। তুমি মাত্র সম্মান প্রথম বর্ষে পড়ছো। তোমাকে কিন্তু আরও অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। শিক্ষাজীবনে বিয়ের মতো একটি বড় পদক্ষেপের ভেতর দিয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সন্তানের জন্ম দিয়ে তার লালনপালনের দায়িত্ব কাঁধে নেওয়াটা বিশাল দায়িত্ব। এ কারণে অনেক মেয়েই তাদের ক্যারিয়ার গড়তে পারে না। আমার অভিজ্ঞতায় দেখেছি, যেহেতু এ দুটো ঘটনাই মেয়েদের জীবনে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তারা বাধ্য হয়ে লেখাপড়া বন্ধ করে শুধু সংসারের কাজকর্মে মনোযোগী হয়। কিন্তু জীবনের একটি পর্যায়ে এসে তারা রাগ, হতাশা ও বিষণ্নতায় ভুগতে থাকে। অনেক সময় স্বামীর সমর্থন পেলেও, স্বামীর পরিবারের সদস্যদের সহযোগিতার অভাব হয় বলে তারা নিরুপায় হয়ে নিজের একটি সুন্দর ভবিষ্যৎকে পুরোপুরি বিসর্জন দেয়। আমার অন্য একটি আশঙ্কা হচ্ছে, তুমি যাকে ভালোবাসো, সে তোমার চেয়ে বয়সে অনেক বড়ই শুধু নয়, একটি উচ্চপদে আসীনও। তাঁর সম্পর্কে তুমি খুব ভালোভাবে খবর নিয়েছো কি না, তোমার পরিবার ব্যাপারটি জানে কি না, তা চিঠিতে উল্লেখ করোনি। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে, এই ভদ্রলোকের অতীত ও তাঁর পরিবার সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করে তারপর সিদ্ধান্ত নেওয়া। তোমার ভালোবাসার মানুষটি একদিকে তোমাকে লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন এবং একই সঙ্গে তাড়াতাড়ি সন্তানের মা হতে বলছেন—ব্যাপারটি সামঞ্জস্যপূর্ণ নয়। তুমি ছোট হলেও তাঁর তো এই পরিপক্ব বয়সে বুঝতে পারার কথা ছিল শুধু তাঁর বাবা হওয়ার ইচ্ছের জন্য তোমাকে কতটা ঝামেলায় পড়তে হবে। তিনি তোমার সুন্দর মনের সুযোগ নিয়ে তাঁর সন্তানের মায়ের দায়িত্বের ভেতরে বেঁধে ফেলতে চাইছেন কি না, সে প্রশ্নটিও আমার মনে এসেছে। সব নতুন দম্পতির জন্য আমার একটি সুপারিশ হচ্ছে, বিয়ের অন্তত দুই বছরের মধ্যে সন্তানকে পৃথিবীতে না আনা। দুজন মানুষ একই ছাদের নিচে বসবাস শুরু না করার আগে বোঝা যায় না দাম্পত্য জীবনের চ্যালেঞ্জগুলো কত বড় হতে পারে। একটি সুখী দাম্পত্য জীবনই কিন্তু একটি সর্বাঙ্গীণ সুস্থ সন্তানের নিশ্চয়তা দিতে পারে। আর এই লক্ষ্যে স্বামী-স্ত্রী ছাড়াও পরিবারের সবার সহায়তা প্রয়োজন। কাজেই আমার সর্বশেষ কথা হচ্ছে, খুব ভালো করে ভেবে এবং সবকিছু জেনে তুমি তাঁকে বিয়ে করলেও এখনই মা হওয়ার প্রয়োজন নেই। তুমি অবশ্যই এ মুহূর্তে লেখাপড়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, কেমন?সমস্যা: আমি ২০১০ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। পরীক্ষার আগে আমি বগুড়া শহরের একটি স্বনামধন্য কোচিং সেন্টারে প্রস্তুতি কোচিং করি। সেখানকার সব ভাই/স্যারেরা আমাকে অনেক অনুপ্রেরণা দিত। এতে করে আমি অনুপ্রাণিত হয়ে কোচিংয়ে নিয়মিত ভালো রেজাল্ট করতে থাকি। এমনকি এইচএসসি চূড়ান্ত পরীক্ষায়ও জিপিএ-৫ পাই। আবার স্নাতক ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য এবং ভাইয়াদের আমার ভালো পরীক্ষা দেওয়ার পেছনে অবদানের কথা মনে করে আমি আবার যোগ দিই সেই কোচিং সেন্টারে। কিন্তু এবার সেখানে গিয়ে দেখি, আমাদের মানবিক বিভাগের জন্য অন্য ভবন এবং পরীক্ষা বা ক্লাসের তত্ত্বাবধানে অন্য ভাইয়াদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে তারা আমাকে জানার চেষ্টা করে না, তা ছাড়া পরীক্ষায় খারাপ করলে বা কোচিংয়ে অনুপস্থিত থাকলেও কেউ কোনো কিছু বলে না। আর এভাবে আমার মন-মানসিকতা নষ্ট হতে থাকে। আমি কোচিংয়ে যাওয়া প্রায় ছেড়েই দিই। তা ছাড়া মাঝেমধ্যে গেলেও ক্লাসে কিছু বুঝি না। আস্তে আস্তে আমি হাল ছেড়ে দিই। যেহেতু আমি মেসে থাকি, সেহেতু বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার কথা বললে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। এতে করে এবার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার সুযোগ হয় না। এখন আমি মনস্থির করেছি, সামনের বছর আমি ভালো কোথাও সুযোগ করে নেব। কিন্তু এবার বাবা-মা আমাকে উৎসাহ দেওয়া বাদ দিয়ে আমার ওপর মন খারাপ করে আছে। এখন আমি ভাবছি, বাবা-মায়ের এবং কোচিংয়ের ভাইয়াদের অনুপ্রেরণা ছাড়া আমার পক্ষে সামনের বার ভালো কোথাও ভর্তি বা মনোযোগ দিয়ে পড়ালেখা করা সম্ভব নয়। নাছরীন বগুড়া।পরামর্শ: তুমি বাইরে থেকে যথেষ্ট উৎসাহ পাচ্ছ না বলে লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলেছ। কিছু করার পেছনে আমাদের মোটিভেশন দুভাবে আসতে পারে। একটি আমাদের মনের ভেতরের অনুপ্রেরণা, অন্যটি বাইরে থেকে আসা উৎসাহ। বাইরে থেকে যদি প্রতিনিয়ত উৎসাহ আর প্রশংসা পাওয়া যায়, সেটি একসময় আমাদের ভেতরের ইচ্ছায় রূপান্তরিত হয়। তখন বাইরের উৎসাহ প্রদানের প্রক্রিয়াটি সব সময় অব্যাহত না থাকলেও আমরা ভেতরের আগ্রহেই নিজের উন্নতির চেষ্টা করতে থাকি। তোমার ক্ষেত্রে মনে হচ্ছে, তুমি তোমার অতীতের অর্জনগুলোর জন্য পরিবার থেকে প্রশংসা বা স্বীকৃতি কম পেয়েছ। যার ফলে বাইরে থেকে অর্থাৎ কোচিংয়ের শিক্ষকদের অনুপ্রেরণার ওপর এ ধরনের নির্ভরশীলতা তৈরি হয়েছে। এ ছাড়া তোমার বাবা-মায়ের হতাশার বহিঃপ্রকাশও তোমাকে নতুন করে স্বপ্ন দেখার পথে বাধা সৃষ্টি করছে। তোমাকে এখন অনেক বেশি নিজের অনুপ্রেরণা দিতে হবে। তুমি যে এইচএসসিতে এত ভালো ফল করেছ, সেটির জন্য শুধু বাইরের অনুপ্রেরণা সহায়তা করেছে—এ ভাবনাটি মাথা থেকে দূরে সরিয়ে দিতে হবে। তোমার নিজের অধ্যবসায় এবং মেধার জন্যই মূলত এটি সম্ভব হয়েছে—এ বিশ্বাস মাথায় স্থান দিতে হবে। তোমার হাতের লেখা খুব সুন্দর। তুমি অবশ্যই তোমার স্বপ্ন বাস্তবায়ন করবে, এ কথাটি সব সময় নিজেকে মনে করিয়ে দিতে ভুলো না।